ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সারজিস আলম: ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা


সারজিস আলম: ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য বোঝা হয়ে উঠেছেন এবং ভারতও তাকে আর রাখতে চাচ্ছে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন, যা বাংলাদেশে ফেরার জন্য নয়, বরং ভারত থেকে অন্য দেশে চলে যাওয়ার উদ্দেশ্যে।

শনিবার অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে সারজিস আলম এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার পাসপোর্টের আবেদন প্রসঙ্গে, "তিনি বলছেন এখন ডিসেম্বরে দেশে ঢুকবেন। কিন্তু তিনি জানেন যে ডিসেম্বরে ঢুকতে পারবেন না। এজন্য তিনি এখন পাসপোর্টের জন্য আইনজীবী দিয়ে আবেদন করিয়েছেন। যেন ডিসেম্বর পার হয়ে গেলে নেতাকর্মীদের বলতে পারেন যে, আবেদনটা তো করিয়েছিলেন, দেশে ফেরার চেষ্টা করেছিলেন।"

এনসিপির এই নেতা দাবি করেন, পাসপোর্টের আবেদনের প্রকৃত উদ্দেশ্য ভিন্ন। তিনি বলেন, "আমরা যেটা শুনতে পেলাম, পাসপোর্টের আবেদনটা বাংলাদেশে ঢোকার জন্য নয়; বরং পাসপোর্ট ছাড়া যেহেতু অন্য দেশে যাওয়া যায় না, তাই অন্য দেশে যাওয়ার জন্যই তার পাসপোর্টটি প্রয়োজন।"

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ

ভারত ও অন্যান্য দেশের অবস্থান তুলে ধরে সারজিস আলম বলেন, "শেখ হাসিনা ভারত থেকে অন্য দেশে চলে যেতে চাইছেন, কারণ ভারতও তাকে আর রাখতে চাইছে না; তিনি ভারতের বোঝা হয়ে গেছেন।" তিনি উল্লেখ করেন, শেখ হাসিনা একটি গণহত্যা ঘটিয়েছেন এবং বিএনপি, জামায়াতসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলের ওপর নির্যাতন চালিয়েছেন।

তিনি আরো বলেন, "ভারত তাকে ইউরোপ বা মধ্যপ্রাচ্যে পাঠানোর চেষ্টা করলেও কোনো দেশই তাকে নিতে চাইছে না; কারণ যিনিই তাকে নেবেন, তার জন্যই তিনি বোঝা হয়ে দাঁড়াবেন।"

বিচার ও ফাঁসির রায়ের প্রসঙ্গ টেনে সারজিস আলম দাবি করেন, "ভারত পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে এবং আপিল করার নির্ধারিত সময়ও পার হয়ে গেছে। ফলে এখন আর কোনো আপিলের সুযোগ নেই এবং তিনি দেশে ফিরলেই সরাসরি ফাঁসির মুখোমুখি হবেন।" এজন্য তিনি মন্তব্য করেন, "শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবেন না।"

এর আগে বক্তব্যের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে সারজিস আলম বলেন, "৫৬ শতাংশ কোটার বিরুদ্ধে যৌক্তিক আন্দোলনে বাধা দিতে গিয়ে গুলি চালানো হয়েছিল।" জাতিসংঘের হিসাব অনুযায়ী, শেখ হাসিনা দেশ ছাড়ার আগে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং ১০ হাজার মানুষ অঙ্গহানির শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাকশিল্পে সহিংসতার ঘটনায় ৫ শ্রমিক নেতা গ্রেফতার

এ ছাড়া, ক্ষমতায় টিকে থাকার জন্য ঢাকায় লম্বা খন্দক খুঁড়ে ১২৫টি লাশ মাটি চাপা দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। ৫ আগস্টের স্মৃতিচারণ করে এনসিপির এই নেতা বলেন, "ওই দিন অন্তত এক কোটি মানুষ ঢাকার রাস্তায় নেমে এসেছিল। সেদিন শেখ হাসিনা গণভবনে থাকলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

সিলেটের পারিবারিক বাসার প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাতে এই আটক অভিযান পরিচালিত হয়। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ চলছে।

শনিবার (২১ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি অগ্নিসংযোগের ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পারিবারিক বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই বাড়িতে প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করেন। প্রতিমন্ত্রী সিলেটে গেলে সেখানেই অবস্থান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেথেলের চোটে ইংল্যান্ড দলে ডাক পেলেন ম্যাককিনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


বেথেলের চোটে ইংল্যান্ড দলে ডাক পেলেন ম্যাককিনি

জ্যাকব বেথেলের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে তার স্থান অধিকার করতে পারেননি। তার পরিবর্তে ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডারহামের ওপেনার বেন ম্যাককিনি। ২২ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন, দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ভবিষ্যৎ সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচিত হয়ে আসছেন।

ম্যাককিনির দলে অন্তর্ভুক্তির ফলে তার ডারহাম সতীর্থ এমিলিও গে, বেন ডাকেট ও জর্ডান কক্সের ইংল্যান্ডের টপ অর্ডারে খেলার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বেথেলকে মূলত গে বা কক্সের সঙ্গে ওপেনিং বা টপ অর্ডারের জন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবা হচ্ছিল। তবে জানা গেছে, হাঁটুর সমস্যার কারণে তাকে আবারও অস্ত্রোপচার করাতে হবে।

কে এই বেন ম্যাককিনি?

২০২৪ সালে মাত্র ১৯ বছর বয়সে ডারহামের হয়ে নিজের প্রথম শতক হাঁকিয়ে আলোচনায় আসেন ম্যাককিনি। একই বছর অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ১১০ বলে ১১০ রান করে নিজের প্রতিভার আরও বড় প্রমাণ দেন।

এরপর থেকেই ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট বিভাগের পরিচালক রব কি তার প্রশংসা করে আসছেন। নিয়মিতভাবে ইংল্যান্ড লায়ন্সের দলে জায়গা পেয়েছেন তিনি। গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টুতে ৫২.২০ গড় নিয়ে ১,০৪৪ রান করেন ম্যাককিনি। ইংল্যান্ডের নির্বাচক মার্কাস নর্থ, যিনি আগে ডারহামের ক্রিকেট পরিচালক ছিলেন, সেখান থেকেই তার পারফরম্যান্স খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

এই মাসের শুরুতে সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৫০ ওভারের ম্যাচে মাত্র ৬৫ বলে ১৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। মূলত লায়ন্স দলের সদস্য হিসেবেই তার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল।

অফ স্টাম্পের বাইরের বলে মাঝে মাঝে দুর্বলতা দেখা গেলেও চলতি মৌসুমে তার উল্লেখযোগ্য ইনিংসগুলোর মধ্যে রয়েছে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ২৪৪, ডার্বিশায়ারের বিপক্ষে ১৪০ এবং মিডলসেক্সের বিপক্ষে ১৮৪ রান।

ডারহামের হয়ে ম্যাককিনি ওপেনিং করেন, আর তিন নম্বরে ব্যাট করেন এমিলিও গে। ইংল্যান্ড দলেরও প্রয়োজন হলে এই জুটিকে একই ভূমিকায় দেখা যেতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর, জোহানেসবার্গে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ প্রথমবার দিল্লি যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ প্রথমবার দিল্লি যাচ্ছেন

নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা করার জন্য প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছেন। আগামী রোববার তিনি নয়াদিল্লিতে পৌঁছাবেন বলে জানা গেছে। গত বছরের শেষের দিকে নেপালে গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম বিদেশ সফর।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বলেন্দ্র শাহের প্রথম বিদেশ সফর নিজেদের দেশে করাতে বেইজিং জোর চেষ্টা চালালেও তিনি দিল্লিকে বেছে নিয়েছেন। বিশ্লেষকদের একাংশের ধারণা, নয়াদিল্লিকে সন্তুষ্ট রেখে দুই প্রতিবেশী শক্তির মধ্যে ভারসাম্যের কূটনীতি বজায় রাখতেই তাঁর এই পদক্ষেপ।

সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলেন্দ্র শাহ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকের শেষে ভারত-নেপাল সম্পর্কের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি যৌথ বিবৃতি আসতে পারে, যেখানে ১০ দফা রূপরেখার বিষয়টি অন্তর্ভুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া জলবায়ু সংকট, 'অগ্নিবীর' প্রকল্পের আওতায় গোর্খা সেনা নিয়োগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, জ্বালানি, জলসম্পদ এবং ডিজিটাল সংযোগের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পেতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সফরকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা এগিয়ে নেওয়ার সুযোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে এই সফরের সবচেয়ে স্পর্শকাতর অধ্যায় হয়ে উঠেছে ভারত-নেপাল সীমান্ত বিরোধ। লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি অঞ্চল নিয়ে দুই দেশের টানাপোড়েন বহু পুরনো। ২০২০ সালের জুনে নেপাল নতুন মানচিত্র প্রকাশ করে এসব এলাকা নিজেদের ভূখণ্ড হিসেবে দেখালে নয়াদিল্লি তার বিরোধিতা করে। সম্প্রতি লিপুলেখ গিরিপথ ইস্যুতে চিন ও ব্রিটেনের সঙ্গে আলোচনার দাবি তুলে বলেন্দ্র শাহ বিতর্ক আরও বাড়িয়েছেন বলে মনে করা হচ্ছে।

ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায়, দুই বছরের অ্যাংলো-নেপাল যুদ্ধ শেষে ১৮১৬ সালে স্বাক্ষরিত 'সগৌলির চুক্তি' অনুযায়ী কালী নদীকে সীমান্ত হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতার সময়ও বলবৎ ছিল। পরবর্তী সময়ে ১৯৫০ সালে দুই দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু কালী নদীর উৎপত্তিস্থল নিয়ে বিতর্ক থেকেই মূল বিরোধের সূত্রপাত। কাঠমান্ডুর দাবি অনুযায়ী, কালী নদীর উৎস লিম্পিয়াধুরা হওয়ায় লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ নেপালের অংশ; বিপরীতে নয়াদিল্লির অবস্থান হলো, লিপুলেখের নিচের অংশ থেকে নদীটি শুরু হওয়ায় কালাপানিসহ বিস্তীর্ণ এলাকা ভারতের অন্তর্ভুক্ত।

সব মিলিয়ে সীমান্তের এই সংবেদনশীল টানাপোড়েনের মধ্যেই বলেন্দ্র শাহের আসন্ন দিল্লি সফর দুই দেশের সম্পর্কে কোনো নতুন সমঝোতার পথ খোলে কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একজন পেসার কম খেলানোয় হতবাক ডোনাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫১ পি.এম


একজন পেসার কম খেলানোয় হতবাক ডোনাল্ড

জোহানেসবার্গে বাংলাদেশের হারের ঘটনা ইতোমধ্যে অতীতের খাতায় নাম লিখিয়েছে। তবে কিছুটা আঁচ রয়ে গেছে। বিশেষ করে প্রথম ইনিংসে পার্টটাইমার মুমিনুল হকের ১৬ ওভার হাত ঘোরানোর বিষয়টি সামনে আসছে। দক্ষিণ আফ্রিকার ৫৫৭ রানের ইনিংসে বাংলাদেশের বোলারদের ক্লান্তি এবং বিকল্পের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল। একজন বাড়তি পেসার থাকলে ম্যাচের চিত্র বদলাতেও পারত। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চোখেও বড় হয়ে ধরা দিয়েছে তিন পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ খেলিয়েছিল তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনকে। সঙ্গে ছিলেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ। কিন্তু স্বাগতিকদের ব্যাটিংয়ের সামনে এই আক্রমণ যথেষ্ট হয়নি। বিশেষ করে মিরাজকে আক্রমণে পেয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা রান তুলেছেন দ্রুত। এতে বিশ্রামের সুযোগ কমেছে পেসারদের, বেড়েছে তাদের ওপর চাপ। শেষ পর্যন্ত চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন হাসান।

অ্যালান ডোনাল্ডের মতে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন পেসার নিয়ে খেলা যায় না। এটি ছিল রক্ষণাত্মক সিদ্ধান্ত, যা মূল বোলারদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। তার ভাষায়, “দক্ষিণ আফ্রিকায় তিন পেসার নিয়ে খেলা যায় না। আমি দুঃখিত, এটা রক্ষণাত্মক সিদ্ধান্ত। ওই তিনজনের ওপর অনেক বেশি চাপ পড়ে।”

ডোনাল্ডের পছন্দের আক্রমণে ছিলেন চার পেসার—হাসান, শরীফুল, তাসকিন ও এবাদত। বিশেষ করে ওয়ান্ডারার্সের মতো মাঠে শরীফুলের উচ্চতা এবং তুলনামূলক ফুলার লেংথ কার্যকর হতে পারত বলে মনে করেন তিনি। তার ভাষায়, “মাত্র তিন পেসার নিয়ে বাংলাদেশকে খেলতে দেখে আমি হতবাক।”

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ইনিংসে কাইল ভেরেইনা, টনি ডি জর্জি ও অন্য ব্যাটারদের পাশাপাশি শেষদিকে কাগিসো রাবাদা এবং রায়ান রিকেলটনের ১১৭ রানের জুটি বাংলাদেশের বোলিং আক্রমণকে আরো চাপে ফেলে। সেই ইনিংসে মুমিনুলের ১৬ ওভার করাটাও দেখিয়েছে মূল বোলারদের বিকল্প কতটা সীমিত ছিল।

ডোনাল্ডের মতে, ব্যাট হাতে বাংলাদেশ উন্নতি দেখিয়েছে; বিশেষ করে তাওহিদ হৃদয় ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিং ছিল ইতিবাচক। কিন্তু সেঞ্চুরিয়নে একই ভুলের পুনরাবৃত্তি হলে বিপদ বাড়বে। সেখানে চার পেসার নিয়ে আক্রমণ সাজানোই হতে পারে বাংলাদেশের জন্য বড় শিক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%