০৪:৩৪ এম
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য পাওনা ও সরকার ঘোষিত সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। বিশেষভাবে অর্থ মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণকারীদের জন্য পুনঃপেনশন নির্ধারণ এবং স্বেচ্ছা অবসর (ভিআরএস) নেওয়া এক হাজার ৮০০ কর্মকর্তা-কর্মচারীকে শতভাগ পেনশন গ্রহণকারীদের মতো সুযোগ-সুবিধা দেওয়ার দাবি উত্থাপন করা হয়েছে।
বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বিমান রিয়াটার্ড অফিসারের (এবিআরও) বার্ষিক সাধারণ সভায় এই দাবিগুলো জানানো হয়। শনিবার রাজধানীর উত্তরায় একটি ক্লাবে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, বিমানে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রাখেন। চাকরিজীবনের দীর্ঘ সময় রাষ্ট্রীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অথচ অবসরে যাওয়ার পর সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেককে অনিশ্চয়তা ও ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
আরও পড়ুন: নতুন থানা ও পৌরসভা গঠনসহ ৪ প্রস্তাবে সুপারিশ
তারা আরও বলেন, অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সরকার ঘোষিত অবসর ভাতা যথাযথভাবে প্রদান এবং অবসরকালীন অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত সমস্যার সমাধান করা উচিত। বিভিন্ন সময় সরকার ঘোষিত পেনশনারদের জন্য বর্ধিত সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় বক্তারা উল্লেখ করেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা জীবনের গুরুত্বপূর্ণ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবায় ব্যয় করেছেন। তাদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা এবং অবসরে সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছে অবসরপ্রাপ্তদের সব পাওনা ও সরকার ঘোষিত অবসর ভাতা দ্রুত পরিশোধের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি রুহুল আমিন তরফদার বলেন, ‘এবিআরও একটি সেবামূলক সংগঠন, লক্ষ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও কল্যাণমূলক কার্যক্রম। আমরা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক বিষয়ে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। আমি বিশ্বাস করি, এ সংগঠন আমাদের সব অবসরপ্রাপ্ত কর্মকর্তার ন্যায্য অধিকার (দাবি) আদায় ও তা বাস্তবায়নে সঠিক ভূমিকা রাখবে। কারণ, আমরা ঐক্যবদ্ধ ও সংগঠিত। ১৯৯৯ সালের ৪ অক্টোবর এ সংগঠন যারা প্রতিষ্ঠিত করেছিলেন এবং ২০২৫ সালের নির্বাচন পর্যন্ত যারা ধরে রেখেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’
আরও পড়ুন: বৃদ্ধ হত্যার ঘটনায় মামলা তুলে নিতে স্বজনদের ওপর চাপ, দাফনে বাধা
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি গোলাম জিলানী খান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবুল কাশেম, সিনিয়র সহসম্পাদক ডা. মইন উদ্দিন আহমেদ, সহসভাপতি ফরমুজুল হক প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে ডিএমডি ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদের উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন