০৪:৩৬ এম
রাজউক উত্তরা মডেল কলেজে ‘রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের’ উদ্যোগে ১২ ও ১৩ নভেম্বর দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’। এই বর্ণাঢ্য আয়োজনে কলেজের অসংখ্য শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা ১৭টি ভিন্নধর্মী ইভেন্টে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল আটটায় কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের ভাইস চেয়ারপার্সন সুদীপা বড়ুয়া, ক্লাবের ওআইসি শাহ আলম এবং প্রেসিডেন্ট রাহুল কামাল অরণ্য।
উৎসবের উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে শর্ট ফিল্ম, প্রোডাক্ট ফটোগ্রাফি, বুক কাভার ইলাস্ট্রেশন, ট্রেজার হান্ট, ওয়াল ম্যাগাজিন, বাংলা-ইংলিশ অলিম্পিয়াড, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ওয়ার্ড এনাটমি, কসপ্লে, ক্রসওয়ার্ড, স্পেলিং বি এবং প্রিয়জনকে চিঠি লেখা অন্তর্ভুক্ত ছিল। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এবং দর্শনার্থীরাও এই ব্যতিক্রমী ইভেন্টগুলো বেশ উপভোগ করেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে বিজ্ঞানী খোঁজার প্রতিযোগিতা, জাতীয় পর্বে ১১ প্রকল্প
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল আটটায় বাকি ইভেন্টগুলোর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সকাল সাড়ে দশটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে প্রতিযোগিতার পাশাপাশি মানবিকতার এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে রাজউক কলেজ ভাষা ও আবৃত্তি ক্লাবের সদস্যরা। ক্লাবের পক্ষ থেকে একজন গরিব রিকশাচালককে একটি রিকশা এবং একজন সহায়-সম্বলহীন নারীকে সেলাই মেশিন উপহার দেওয়া হয়। দ্বিতীয় দিন দুপুরের পর একটি আকর্ষণীয় কনসার্ট আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর এই ‘রাজউক ইনট্রা ল্যাঙ্গুয়েজ ফিয়েস্তা-২০২৬’-এর সফল সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন