ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ফরিদপুরে অগ্রণী ব্যাংকের টাউন হল সভায় ১৩ কোটি টাকা বিতরণ


ফরিদপুরে অগ্রণী ব্যাংকের টাউন হল সভায় ১৩ কোটি টাকা বিতরণ

অগ্রণী ব্যাংক পিএলসির ফরিদপুর সার্কেলের বিশেষ টাউন হল সভায় ১৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে ৩৫৪টি স্পট ঋণের আওতায়, এবং ৮ কোটি ১৭ লাখ টাকার খেলাপি ঋণ নগদ আদায় করা হয়েছে। এই সভাটি শুক্রবার ফরিদপুরের ডোমরাকান্দির ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ ফজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক সুপ্রভা সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্কেলের উপমহাব্যবস্থাপক সাবিনা সুলতানা। বিশেষ আমন্ত্রণে ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেড, গোয়ালন্দ টেক্সটাইল ও চিরন্তন ট্রেডিং কোংয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন শাখার গ্রাহকেরা অংশগ্রহণ করেন। এছাড়া, সার্কেলাধীন অঞ্চলপ্রধান, শাখাপ্রধান এবং ইসলামিক উইন্ডোর ব্যবস্থাপকসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কৃষি খাতে ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমসহ বিভিন্ন প্রাক্-অর্থায়ন ও পুনঃঅর্থায়ন স্কিম এবং ব্যাংকের ‘৭৫ দিনের বিশেষ কর্মপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের কাছে ঋণসুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও সুশাসন নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন: নতুন প্রযুক্তির সাথে বাড়ছে ব্যাংকিং খাতে নিরাপত্তার চ্যালেঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান লেকপার্কে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ অনুষ্ঠানে সুরের মেলবন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


গুলশান লেকপার্কে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ অনুষ্ঠানে সুরের মেলবন্ধন

নগরজীবনের ব্যস্ততার মাঝে হেমন্তের আবহে কিছুটা সময় গান উপভোগ করলেন গুলশানের বাসিন্দারা। রবীন্দ্রনাথের স্নিগ্ধ গানের পাশাপাশি আধুনিক গানের পরিচিত সুর- দুই ধারার সংগীত মিলিয়ে সন্ধ্যার আয়োজনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত। গানের সুরে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় খোলা আকাশের নিচে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

আজ শনিবার সন্ধ্যায় গুলশান লেকপার্কে গুলশান সোসাইটির উদ্যোগে ‘গানে গানে হেমন্ত সন্ধ্যা’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অদিতি মহসীন এবং বাপ্পা মজুমদার।

সন্ধ্যার প্রথম পর্বটি রবীন্দ্রসংগীত দিয়ে সাজানো হয়। মঞ্চে অদিতি মহসীনের কণ্ঠে একে একে শোনা যায় ‘আনন্দধারা বহিছে ভুবনে’, ‘একটু কেবল বসতে দিও’, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে’, ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘ও যে মানে না মানা’ এবং ‘আমার এই পথ চলাতেই আনন্দ’সহ বেশ কিছু গান। রবীন্দ্রসংগীতের পরিচিত সুরে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে থাকেন।

প্রথম পর্বের পর, মঞ্চে আসেন বাপ্পা মজুমদার। তিনি ‘বৃষ্টি পড়ে অঝোর ধারায়’ দিয়ে শুরু করে পরিবেশন করেন ‘পরী’, ‘আগে যদি জানতাম’, ‘দিন বাড়ি যায়’, ‘বায়োস্কোপ’ এবং ‘গাড়ি চলে না’সহ আটটি গান। তার জনপ্রিয় গানের সঙ্গে শ্রোতাদের কণ্ঠ মেলানোয় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

সংগীত পরিবেশনার পাশাপাশি আয়োজনের উদ্দেশ্য ও ভাবনা তুলে ধরা হয়। গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, হেমন্ত বাংলার আনন্দ-উচ্ছ্বাসের ঋতু। মাঠের সোনালি ধান, কৃষকের মুখের হাসি এবং ফসল ঘরে তোলার আনন্দকে ঘিরে এই ঋতুতে নানা উৎসবের প্রচলন রয়েছে। তবে নাগরিক জীবনে এসব ঋতুভিত্তিক উদযাপনের চর্চা অনেকটাই কমে গেছে। হেমন্তকে ভুলে না গিয়ে এর ঐতিহ্য ও আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন।

বাঙালির সাংস্কৃতিক পরিচয় ও সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয় আলাদা হলেও বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সবাইকে অভিন্ন বন্ধনে যুক্ত করে। এ পরিচয়গুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই।

ওমর সাদাত আরও বলেন, নগরজীবনে প্রতিবেশীদের মধ্যে পরিচয় ও পারস্পরিক সৌহার্দ্য তৈরিতে সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ঋতুভিত্তিক উৎসব নতুন প্রজন্মকে শেকড় ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ এম


কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা

কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, শাখাভিত্তিক বিপণি বিতান স্বপ্ন’কে ৩ লাখ টাকা এবং জামান রেস্টুরেন্ট (জামান হোটেল) কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারী’র বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তরকে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য নিশ্চিত করতে আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের মাধ্যমে কক্সবাজার শহরে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন খাদ্য পরিবেশনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। কিছু প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, অভিযানে আইন লঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগের কারণে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় জরিমানার পরিবর্তে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা প্রদানে পর্যবেক্ষণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান সুব্রত ভট্টাচার্য্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান অবস্থানে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ এম


ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান অবস্থানে ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের গত সপ্তাহের বড় পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক বক্তব্য প্রদান করছেন। তবে তাঁর বক্তব্যে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না। কখনও তিনি ইরানে নতুন করে হামলার আশঙ্কা নাকচ করছেন, আবার কখনও ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে যুদ্ধ বন্ধে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলছেন।

নির্বাচনের পর থেকে সাংবাদিকদের সঙ্গে কথোপকথন, টেলিভিশন সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্পের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। মধ্যবর্তী নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরান যুদ্ধ এবং এর ফলে বিশ্ব অর্থনীতিতে সৃষ্ট অস্থিরতা নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ ছিল। তবে তিনি একই সঙ্গে দাবি করেন যে, যুদ্ধ শুরুর সিদ্ধান্ত ছিল সঠিক।

চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।

তবে গত বৃহস্পতিবার তিনি আবারও যুদ্ধের সমাপ্তি টানার বিষয়ে তাড়াহুড়ো করার প্রয়োজন আছে কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন। ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে আলোচনার পরিবর্তে প্রশাসনের অভ্যন্তরীণ জালিয়াতিবিরোধী অভিযানে পুরো মনোযোগ দিতে নির্দেশ দেন। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্পের প্রধান আলোচকের দায়িত্ব পালন করেছিলেন ভ্যান্স।

মার্কিন সংবাদমাধ্যম এপির বিশ্লেষণ বলছে, ট্রাম্পের অবস্থানের এই পরিবর্তন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি। অথচ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে সেই মিত্রদেরও।

গত শুক্রবার ডেনভারে ডেমোক্র্যাটদের নির্বাচন-পরবর্তী এক সমাবেশের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন তিনি সেখান থেকে সরে যেতে চাইছেন।’

ইরান নিয়ে নির্বাচনের পর ট্রাম্পের বক্তব্য সম্পর্কে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার পথে।

মধ্যপ্রাচ্যের কূটনীতিকরা ট্রাম্পের অবস্থান বুঝতে হিমশিম খাচ্ছেন। যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাতার এখনও একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চুক্তির মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনার পথও খোলা রাখতে চায় দোহা। তবে মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিকের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে কাতারের মধ্যস্থতার উদ্যোগ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

এক কূটনীতিকের মতে, ট্রাম্পের এই বক্তব্যে প্রশ্ন উঠেছে, যুদ্ধ শুরুর বিষয়ে প্রথম দিকে সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত ভ্যান্সকে কেন আলোচনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে জানা গেছে, ট্রাম্প ওই পোস্ট দেওয়ার আগে ভ্যান্স ইরানের জ্যেষ্ঠ আলোচকদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার সম্ভাবনা বিবেচনা করছিলেন। ওই ব্যক্তির ভাষ্য, ট্রাম্প আগে থেকেই ভ্যান্সের পরিকল্পনার বিষয়ে জানতেন। তবে তাঁর বিশ্বাস, ইরানিরা আন্তরিকভাবে আলোচনায় অংশ নিচ্ছেন না।

এদিকে যুদ্ধের সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে বলে ঘোষণা দেওয়ার ব্যাপারে ক্রমেই আত্মবিশ্বাসী হয়ে উঠছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিতর্কিত এই জলপথে বাণিজ্যিক জাহাজের ওপর অক্টোবরে হামলা ও হামলার ঘটনার সংখ্যা ছিল গত ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এক আঞ্চলিক কূটনীতিকের ভাষায়, শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এখন কার্যত স্থবির হয়ে আছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

এদিকে তেহরানের বক্তব্যেও নমনীয়তার আভাস নেই। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি বলেন, ‘ইরান কখনও কূটনীতির দরজা বন্ধ করেনি।’ তবে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবার বোমা হামলা শুরু করলে ইরান ‘তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব’ দেবে বলেও সতর্ক করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে রুবিও জোর দিয়ে বলেন, মধ্যস্থতাকারীরা আলোচনা চালিয়ে গেলে যুক্তরাষ্ট্রের তাতে আপত্তি নেই।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল সিং মনে করেন, বর্তমান অচলাবস্থা আরও কিছুদিন চলতে পারে। তাঁর মতে, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা বজায় থাকবে।

হরমুজ প্রণালিতে চারটি তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় গত কয়েক ঘণ্টায় অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে আগুন লাগা জাহাজগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইরানের সামরিক বাহিনী। আইআরজিসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি দক্ষিণ হরমুজ এলাকায় চলাচলকারী সুপারট্যাঙ্কার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকা জমাতে পারছেন না? জেনে নিন ৫ সঞ্চয় কৌশল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ এম


টাকা জমাতে পারছেন না? জেনে নিন ৫ সঞ্চয় কৌশল

মাসের শেষে হাতে টাকা থাকে না এবং সঞ্চয়ও সম্ভব হয় না; অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আয় বৃদ্ধি পেলেও খরচও বৃদ্ধি পায়। আবার অনেকের আয়ের পরিমাণ কম হওয়ায় সঞ্চয় করা সম্ভব হয় না। ফলে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। তবে সঞ্চয়ের জন্য বড় অঙ্কের আয়ের প্রয়োজন নেই। সঞ্চয়ের জন্য প্রয়োজন সঠিক মানসিকতা, পরিকল্পনা এবং খরচের ওপর নিয়ন্ত্রণ। বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় কিছু সঞ্চয় কৌশল অনুসরণ করে যে কেউ আর্থিক নিরাপত্তা গড়ে তুলতে পারেন।

কাকেবো: জাপানের শত বছরের পুরোনো সঞ্চয় কৌশল

টাকা কোথায় খরচ হচ্ছে, তার হিসাব রাখার জন্য জাপানি পদ্ধতি হলো কাকেবো। জাপানি সাংবাদিক হানি মোতোকে ১৯০৪ সালে এই পদ্ধতিকে জনপ্রিয় করে তোলেন। জাপানি ভাষায় কাকেবো অর্থ গৃহস্থালির হিসাবের খাতা। এই পদ্ধতির মূল কথা হলো, প্রতিটি খরচ লিখে রাখা এবং সচেতনভাবে অর্থ ব্যয় করা। মাসের শুরুতে মোট আয় ও প্রয়োজনীয় খরচের হিসাব করতে হবে। এরপর ঠিক করতে হবে, মাস শেষে কত টাকা সঞ্চয় করবেন।

কাকেবো পদ্ধতিতে খরচকে সাধারণত চারটি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় খরচ, ঐচ্ছিক খরচ, সংস্কৃতি ও বিনোদন এবং অপ্রত্যাশিত খরচ। প্রতিদিন কোথায় কত টাকা খরচ হলো, তা খাতায় লিখে রাখতে হবে। মাস শেষে হিসাব মিলিয়ে দেখতে হবে, কোন খাতে বেশি খরচ হয়েছে এবং কোথায় ব্যয় কমানো সম্ভব।

জাপানিরা যেভাবে অপচয় কমিয়ে সঞ্চয় করে

এই পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো কিছু কেনার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করা—এটা কি সত্যিই প্রয়োজন? এখনই কিনতে হবে কিংবা কেনার পর আর্থিক অবস্থায় কোনো চাপ তৈরি হবে কি?

এভাবে নিয়মিত হিসাব রাখলে অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সহজ হয়।

৫০-৩০-২০ বাজেটিং নিয়ম

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার আরেকটি কার্যকরি পদ্ধতি ৫০-৩০-২০ নিয়ম। মার্কিন রাজনীতিবিদ ও আইন অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন এবং তার মেয়ে অ্যামেলিয়া ওয়ারেন টায়াগি ২০০৫ সালে প্রকাশিত ‘অল ইওর ওয়ার্থ: দ্য আল্টিমেট লাইফটাইম মানি প্ল্যান’ বইয়ে ধারণাটি তুলে ধরেন।

এই নিয়মে মাসিক আয়কে তিন ভাগে ভাগ করা হয়। আয়ের ৫০ শতাংশ প্রয়োজনীয় খরচের জন্য, ৩০ শতাংশ ব্যক্তিগত ইচ্ছা বা শখ পূরণের জন্য এবং বাকি ২০ শতাংশ সঞ্চয় ও ভবিষ্যতের আর্থিক লক্ষ্য পূরণের জন্য রাখা হয়।

ধরুন, আপনার মাসিক আয় ৫০ হাজার টাকা। তাহলে ২৫ হাজার টাকা প্রয়োজনীয় খরচে, ১৫ হাজার টাকা ব্যক্তিগত চাহিদা পূরণে এবং ১০ হাজার টাকা সঞ্চয়ের জন্য রাখতে পারেন। এই পদ্ধতিতে আয় ও খরচের মধ্যে ভারসাম্য রাখা সহজ হয়। তবে আয় কম হলে নিজের সামর্থ্য অনুযায়ী অনুপাত পরিবর্তন করেও এই নিয়ম অনুসরণ করা যায়।

পে ইউরসেলফ ফার্স্ট: আগে নিজেকে টাকা দিন

বেতন হাতে পাওয়ার পর মনে হয়, এবার কিছু টাকা জমাবেন। কিন্তু বাসাভাড়া, বাজার, বিলসহ নানা খরচ মেটাতে গিয়ে মাস শেষে আর টাকা অবশিষ্ট থাকে না। এই সমস্যা এড়ানোর কার্যকর উপায় হতে পারে, ‘পে ইউরসেলফ ফার্স্ট’ বা আগে নিজেকে টাকা দেওয়া।

সঞ্চয়পত্র ও এফডিআর: কোনটিতে লাভ কেমন, ঝুঁকি কতটা

এই পদ্ধতির নিয়ম খুব সহজ। বেতন বা আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট একটি অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে রাখতে হবে। এরপর বাকি টাকা দিয়ে মাসের খরচ চালাতে হবে। অর্থাৎ এতদিনের নিয়ম ‘আয় করলাম, খরচ করলাম, শেষে যা থাকল জমালাম’ বদলে করতে হবে ঠিক উল্টোটা ‘আয় করলাম, আগে জমালাম, তারপর খরচ করলাম’।

ধরুন মাসে আপনার আয় ৩০ হাজার টাকা। আপনি যদি ১০ শতাংশ সঞ্চয়ের সিদ্ধান্ত নেন, তাহলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই ৩ হাজার টাকা আলাদা করে রাখবেন। বাকি ২৭ হাজার টাকা দিয়ে পুরো মাসের খরচের পরিকল্পনা সাজাতে হবে। চাইলে টাকাগুলো ডিপিএস বা এফডিআর-এর মতো স্বয়ংক্রিয়া সঞ্চয় পদ্ধতির মধ্যে নিয়ে যেতে পারেন। এতে করে নিয়মিত টাকা জমা দেওয়ার প্রবণতা নষ্ট হবে না।

৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ

সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মজার উপায় হলো ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ। নিয়ম খুবই সহজ। প্রথম দিন জমাতে হবে ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৩ টাকা। এভাবে প্রতিদিন আগের দিনের চেয়ে ১ টাকা বেশি জমাতে হবে। অর্থাৎ ৩০তম দিনে জমবে ৩০ টাকা, ১০০তম দিনে ১০০ টাকা এবং বছর শেষে অর্থাৎ ৩৬৫তম দিনে রাখতে হবে ৩৬৫ টাকা।

প্রথম দিকে টাকার পরিমাণ কম থাকলেও দিন যত বাড়বে, সঞ্চয়ের পরিমাণও বাড়তে থাকবে। এভাবে ৩৬৫ দিন শেষে মোট জমবে ৬৬ হাজার ৭৯৫ টাকা।

অপচয় কমিয়ে সঞ্চয় করার প্রাচীন শিক্ষা

এই চ্যালেঞ্জের সুবিধা হলো, খুব অল্প টাকা দিয়ে সঞ্চয় শুরু করা যায়। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী—যে কেউ সামর্থ্য অনুযায়ী এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। তবে শেষের দিকে প্রতিদিনের জমার পরিমাণ বেশি হয়ে যায়। তাই প্রয়োজন হলে দিন অনুযায়ী টাকা জমিয়ে রাখার পরিবর্তে সাপ্তাহিকভাবেও হিসাব মেলানো যেতে পারে।

সিংকিং ফান্ড: আগাম খরচের জন্য প্রস্তুতি

ভবিষ্যতে যেসব বড় খরচ আসবে, সেগুলোর জন্য আগে থেকে আলাদা করে টাকা জমিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় সিংকিং ফান্ড। একসঙ্গে বড় অঙ্কের টাকা জোগাড় না করে কয়েক মাস ধরে অল্প অল্প করে জমালে আর্থিক চাপ কমে।

ধরুন, ঈদের কেনাকাটায় আপনার ২৪ হাজার টাকা প্রয়োজন। ঈদের ছয় মাস আগে থেকে সঞ্চয় শুরু করলে প্রতি মাসে ৪ হাজার টাকা করে জমালেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। একইভাবে সন্তানের স্কুলের ভর্তি ফি, বাড়ি মেরামত, শীতের পোশাক কেনা কিংবা পারিবারিক ভ্রমণের জন্য আলাদা তহবিল তৈরি করতে পারেন।

তবে মনে রাখবেন, সিংকিং ফান্ড ও জরুরি তহবিল এক নয়। জরুরি তহবিল রাখা হয় হঠাৎ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য। আর সিংকিং ফান্ড রাখা হয় আগে থেকেই জানা বা অনুমান করা যায় এমন ভবিষ্যৎ খরচের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%