প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট নগরীর রায়নগরের আলোচিত তিন খুনের ঘটনায় নিহত এমএ সাত্তারের প্রবাসী সন্তান বিভিন্ন অসংগতি তুলে ধরেছেন। তিনি প্রশ্ন করেছেন, "একজন ব্যক্তি ২৩ মিনিটে তিনজন মানুষকে হত্যা করা, রক্ত পরিষ্কার, নিজের আঘাতপ্রাপ্ত হাত ব্যান্ডেজ করা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং সেগুলো নিয়ে পালিয়ে যাওয়া–কতটা বাস্তবসম্মত?"।
শনিবার নগরীর মিরাবাজারের একটি হোটেলে নিহত এমএ সাত্তারের পরিবারবর্গ ও ন্যায়বিচারপ্রার্থী শোকাহতদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অসংগতি তুলে ধরা হয়। নিহত এমএ সাত্তারের প্রবাসী ছেলে আরিফ ইফতেখার লিখিত বক্তব্য পাঠ করেন। পরিবারের সহযোগী মুহাম্মদ তৌহিদুল ইসলাম ভূমিবিরোধ ও সংশ্লিষ্ট মামলার বিবরণ তুলে ধরেন। তিনি দুদকের চার্জশিট আটকে রাখার বিষয়েও তথ্য তুলে ধরেন।
নিহতের ছেলে জানান, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি, সিসিটিভি ফুটেজ, আলামত উদ্ধার ও তদন্তে বিভিন্ন অসংগতি রয়েছে; যা ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়। তিনি উল্লেখ করেন, গত ১২ আগস্ট তাদের ১১১ নম্বর মিতালী এলাকার বাসায় তাঁর বাবা এমএ সাত্তার, মা সুরাইয়া বেগম ও গৃহকর্মী তাহমিনা বেগম হত্যাকাণ্ডের শিকার হন। ওই দিনই রং মিস্ত্রি বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে বাবুল জবানবন্দি দেন, যেখানে তিনি দাবি করেন যে তিনি একাই তিনজনকে হত্যা করে রক্ত পরিষ্কার, নিজের হাত বাঁধা, আলমারির তালা ভেঙে কাগজপত্র খোঁজা এবং সেগুলো নিয়ে পালিয়ে যান। এখানে প্রশ্ন হলো, এতগুলো কাজ ২৩ মিনিটে কীভাবে সম্ভব? সিসিটিভি ফুটেজে সকাল ৯টা ২৭ মিনিটে বাবুলকে দেখা যায়; কিছুক্ষণ পর চিৎকার শোনা যায় এবং জবানবন্দি অনুযায়ী ৯টা ৫০ মিনিটে পালিয়ে যান বাবুল। ওই সময় বাসায় কয়েকজন শ্রমিক ও কর্মী উপস্থিত ছিলেন বলেও দাবি করেন আরিফ ইফতেখার।
বক্তব্যে তিনি জানান, গ্রেপ্তারের দিন অনেক মানুষের উপস্থিতিতে তল্লাশি চালিয়েও ছুরি পাওয়া যায়নি; পরদিন স্থানীয়দের অনুপস্থিতিতে একই স্থান থেকে ছুরি উদ্ধারের কথা জানায় পুলিশ। সিসিটিভিতে প্রবেশের সময় বাবুলের হাতে ছুরি বা ব্যাগ দেখা যায়নি। বাবুলের জবানবন্দির বিশ্বাসযোগ্যতা, আঘাতের ধরন এবং প্রথম তদন্ত কর্মকর্তার ভূমিকা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভূমি ও ইম্পালস টাওয়ারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলমান। এমএ সাত্তার ও তাঁর মেয়ে সেলিনা সুলতানা সমিতির কাছ থেকে ১২ শতক ভূমি লিজ নিয়ে বাড়ি নির্মাণ করে ভোগদখলে ছিলেন। জাল আমমোক্তারনামা ব্যবহার করে ২০০৬ সালে সিরাজুল ইসলাম ১৮৫২২ নম্বর দলিলের মাধ্যমে তাদের লিজকৃত ভূমিসহ সমিতির ৮০ শতক জমি ইম্পালস বিল্ডার্সের নামে হস্তান্তর দেখান। এ নিয়ে এমএ সাত্তার আদালতে স্বত্ব মামলা করেন, যা বিচারাধীন।
তৌহিদুল ইসলাম দাবি করেন, ইম্পালস বিল্ডার্সের সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি হলেও পরে তিনি জানতে পারেন, এর আগেই সম্পত্তিটি অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছিল। প্রবাসীদের কাছে ইম্পালস টাওয়ারের দোকান ও ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা করা হয়। ভূমির দলিল জালিয়াতি, অবৈধ নামজারি ও দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সিরাজুল ইসলামসহ কয়েকজন আসামি হন। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে দায়ের করা আরও দুটি মামলাও পুনঃতদন্তাধীন। দুদকের মামলার চার্জশিটভুক্ত আসামি সিরাজুল ইসলাম সেই চার্জশিট একজন সরকারি কর্মকর্তার সহায়তায় আটকে রাখেন।
বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে উল্লেখ করে নিহত দম্পতির পরিবার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন