০৫:২১ পি.এম
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণার কাজে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি বা নাশকতা করার অভিযোগ অস্বীকার করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি জানায়, তাদের তৈরি চ্যাটবট ক্লড (Claude) গবেষণার কাজে ইচ্ছাকৃতভাবে বিঘ্ন ঘটায় না। তবে, চ্যাটবটটি কখনো কখনো নিজস্ব নিয়মকানুন অনুসরণে অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ে, যার ফলে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত আচরণ দেখা দিতে পারে। এ তথ্যটি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যানথ্রপিকের প্রোডাক্ট ও কমিউনিটি কমিউনিকেশন বিভাগের প্রধান এডউইন আরবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ক্লডকে ব্যবহারকারীদের কাজে নাশকতা করার প্রশিক্ষণ দেওয়া হয়নি। তিনি বলেন, চ্যাটবটটি কখনো ভুল করতে পারে এবং অন্য এআই এজেন্ট সেই ভুল শনাক্তও করতে পারে। তবে, এটিকে ইচ্ছাকৃত নাশকতা বলা সঠিক নয়।
সম্প্রতি কিছু ডেভেলপার ও প্রযুক্তি উদ্যোক্তা অভিযোগ করেছেন, দীর্ঘমেয়াদি গবেষণা ও কোডিংয়ের কাজে ক্লড অপ্রত্যাশিতভাবে বাধা সৃষ্টি করছে। বিশেষ করে, মেশিন লার্নিং ও এআই গবেষণার বিভিন্ন পর্যায়ে চ্যাটবটটি কাজ সম্পন্ন করতে অনীহা দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সংস্কৃতির চর্চা পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করে: সংস্কৃতিমন্ত্রী
স্টার্টআপ উদ্যোক্তা পিয়েত্রো শিরানো দাবি করেন, এআই গবেষণায় ক্লড ব্যবহার করলে কাজের বিভিন্ন পর্যায়ে সমস্যা তৈরি হয়। এমনকি, এ ধরনের সমস্যা এড়াতে তিনি ‘ডু নট স্যাবোটাজ’ (DoNotSabotage) নামে একটি স্কিল তৈরি করেছেন, যা গবেষণার কাজে ক্লডের পরিবর্তে অন্য এআই মডেল ব্যবহারে সহায়তা করে।
অ্যানথ্রপিকের ব্যাখ্যা অনুযায়ী, দীর্ঘ সময় ধরে কোনো জটিল কাজ করার সময় ক্লড কখনো নিজের তৈরি করা নিয়মের প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ে। প্রতিষ্ঠানটি এ আচরণকে ‘ওভারকশন’ (Overcaution) বা অতিরিক্ত সতর্কতা হিসেবে ব্যাখ্যা করেছে। এর ফলে, চ্যাটবটটি অপ্রয়োজনীয় বিধিনিষেধ তৈরি করে মূল কাজ শেষ করতে ব্যর্থ হতে পারে।
এডউইন আরবাস আরও জানান, ক্লডের আগের একটি সংস্করণ ফেবল ৫ (Fable 5) চালুর প্রথম দুই দিন কিছু এআই গবেষণার কাজে ব্যবহারকারীদের অজান্তে বিশেষ নিরাপত্তাব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল। প্রতিষ্ঠানটি পরে এটিকে ভুল বলে স্বীকার করে এবং ১০ জুন সেই পরিবর্তন প্রত্যাহার করে নেয়।
অ্যানথ্রপিক জানিয়েছে, ভবিষ্যতের মডেলগুলোতে অতিরিক্ত সতর্কতার এ ধরনের আচরণ কমানোর জন্য কাজ চলছে। পাশাপাশি, ব্যবহারকারীদের ক্লডকে দিয়ে তার তৈরি করা অপ্রয়োজনীয় নিয়মগুলো পর্যালোচনা ও বাদ দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ট্রান্সকম ডিজিটাল উন্মোচন করলো হিটাচির নতুন রেফ্রিজারেটর সিরিজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন