১০:১২ পি.এম
নেটপ্রভাবী শমিতা যাদবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন শিল্পা শেট্টী ও রাজ কুন্দ্রা। কী অভিযোগ ছিল তাঁরকা দম্পতির?
অভিনেত্রী শিল্পা শেট্টী ও তাঁর স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মানহানিকর কোনও পোস্ট বা মন্তব্য প্রকাশ বা প্রচার না করার নির্দেশ দিয়েছে দিন্ডোশী আদালত। আদালত একই সঙ্গে নির্দেশ দিয়েছে যে, ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রকাশিত এ ধরনের সমস্ত পোস্ট পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলতে হবে।
নেটপ্রভাবী শমিতা যাদবের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন শিল্পা ও রাজ। অভিযোগ হচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তিনি তাঁর বিভিন্ন সামাজিক মাধ্যমের পাতায় দম্পতিকে নিয়ে একাধিক আপত্তিকর ও মানহানিকর মন্তব্য এবং পোস্ট করেছেন। পরবর্তীতে, মামলার বিচারাধীন থাকা অবস্থায় অন্তর্বর্তিকালীন নিষেধাজ্ঞার আবেদনও জানান এই তারকা দম্পতি।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
দম্পতির আইনজীবী প্রদীপ গাঁধীর দাবি অনুযায়ী, শমিতা যাদব তাঁর একাধিক পোস্টে শিল্পা ও রাজকে অপরাধী হিসেবে তুলে ধরেছেন। অভিযোগ উঠেছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলক উদ্দেশ্যে এমন পোস্ট ছড়িয়েছেন। এর ফলে, দম্পতির সম্মানহানি হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তাঁদের সুনামের অপূরণীয় ক্ষতির কথাও জানান দম্পতির আইনজীবী।
দম্পতির আবেদন মঞ্জুর করে দিন্ডোশী আদালতের অতিরিক্ত বিচারক এসএম বুক্কে নির্দেশ দেন, শমিতা এবং তাঁর প্রতিনিধি বা সহযোগীরা শিল্পা ও রাজের বিরুদ্ধে কোনোরূপ মানহানিকর বিষয়বস্তু প্রকাশ বা প্রচার করতে পারবেন না। আদালত উল্লেখ করেছে যে, তাঁর সামাজিক মাধ্যমের পাতায় ইতিমধ্যেই প্রকাশিত এ ধরনের সমস্ত ভিডিয়ো বা পোস্ট পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত সরিয়ে ফেলতে হবে।
প্রায় পাঁচ বছর আগে পর্নোগ্রাফি মামলায় নাম জড়ায় শিল্পা-পতি রাজের। হাজতবাসও করতে হয়েছে তাঁকে। পরবর্তীতে জামিন পান রাজ; তবে জীবনের সেই অধ্যায় তিনি ভোলেননি। জেল থেকে ছাড়া পাওয়ার পরে বাইরে বেরোতেও তিনি আতঙ্কিত বোধ করতেন। জামিন পেলেও আদালত পুরোপুরি স্বস্তি দেয়নি। রাজের মামলাটি এখনও নিম্ন আদালতের বিচারাধীন রয়ে গেছে। প্রায় সাড়ে চার বছর ধরে মামলার সে ভাবে শুনানি না হওয়ায়, চলতি বছরের এপ্রিল নাগাদ প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেছিলেন রাজ।
আরও পড়ুন: নির্বাচনে হারের মুখে আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ লিকুদ পার্টির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন