১০:১৪ পি.এম
দেশের বেসরকারি বিমান সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করা গেলে জাতীয় অর্থনীতি, পর্যটন শিল্প এবং আন্তর্জাতিক বাণিজ্য আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি এ বিষয়ে উল্লেখ করেন, বর্তমানে আন্তর্জাতিক রুটের বাজারের প্রায় ৭৫ শতাংশ বিদেশি এয়ারলাইন্সের নিয়ন্ত্রণে থাকায় দেশের বৈদেশিক মুদ্রার একটি বড় অংশ বিদেশে চলে যাচ্ছে।
রোববার (১৯ জুলাই) রাজধানীতে ইউএস–বাংলা এয়ারলাইন্সের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল মামুন জানালেন, ইউএস-বাংলা ও রাষ্ট্রীয় বিমান সংস্থা মিলে আন্তর্জাতিক রুটের মার্কেট শেয়ারের প্রায় ২৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাকি ৭৫ শতাংশ বিদেশি এয়ারলাইন্সের হাতে রয়েছে। দেশীয় বিমান সংস্থাগুলোর সক্ষমতা বাড়লে দেশের অর্থনীতি আরও স্বাবলম্বী হবে এবং পর্যটন ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটবে।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
তিনি উল্লেখ করেন, ২০১৪ সালে যশোর রুটে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স ১২ বছর পূর্ণ করে ১৩তম বছরে পদার্পণ করেছে। বর্তমানে সংস্থাটির বহরে ২৫টি উড়োজাহাজ রয়েছে। এসব উড়োজাহাজ ব্যবহার করে দেশের ৬টি অভ্যন্তরীণ এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে প্রতিদিন প্রায় ১০০টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
ইউএস-বাংলার এমডি আরও বলেন, একটি এয়ারলাইন্সের প্রকৃত শক্তি শুধুমাত্র বহরের আকারের ওপর নির্ভর করে না; বরং নিরাপত্তা, সেবার মান, পরিচালন দক্ষতা এবং যাত্রী সন্তুষ্টির ওপরও নির্ভর করে। এ কারণে ইউএস-বাংলা বাংলাদেশে প্রথম বেসরকারি এয়ারলাইন্স হিসেবে আইএটিএ ও আইওএসএ-এর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
তিনি যোগ করেছেন, ২০২৭ সালের মধ্যে সংস্থাটির বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০এনজি অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি কুয়েত, বাহরাইন, মদিনা, দাম্মাম, কাঠমান্ডু, কলম্বো, হংকং, জোহর বাহরে এবং পেনাংয়ে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নিরাপত্তায় আপসহীন থেকে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলাকে বৈশ্বিক আকাশপথে বাংলাদেশের অন্যতম শক্তিশালী ব্র্যান্ডে পরিণত করার অঙ্গীকারও জানান।
আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন