ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যায় ৩ জনের যাবজ্জীবন দণ্ড


কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যায় ৩ জনের যাবজ্জীবন দণ্ড

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় আদালত তিন আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডে পরিণত হবে। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের। তারা কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার বাসিন্দা। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার অধিবাসী ছিলেন। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহের হোটেলে আসেন। জয়নালের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে তাকে হোটেল থেকে বাইরে নিয়ে যান তারা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

এই ঘটনায় প্রথমে নিহত জয়নালের স্ত্রী টাকা-পয়সার বিরোধের কারণে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে। কিন্তু মামলাটির তদন্ত অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) হাতে যাওয়ার পর হত্যাকাণ্ডের তদন্তে নতুন তথ্য বেরিয়ে আসে।

তদন্তে পূর্বে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন এবং আবু তাহেরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর আজ আসামিদের উপস্থিতিতে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অপহরণ এবং ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আসাদুল ইসলাম (২১) কে গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন লায়ন সিনেমা হল এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১০-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া আসাদুল ইসলাম পটুয়াখালী সদর থানার ভায়লা এলাকার বাসিন্দা। তার পিতার নাম আশরাফ হাওলাদার এবং মাতার নাম তানিয়া বেগম।

এসআরবি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার একটি মামলায় আসাদুল ইসলাম যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। মামলার পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১ এবং এসআরবি-১০ যৌথ অভিযান চালিয়ে সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের লায়ন সিনেমা হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর এসআরবি জানিয়েছে, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের আদালতে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইউনিভার্স ৭৫তম আসরে দুটি প্রশ্নের উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


মিস ইউনিভার্স ৭৫তম আসরে দুটি প্রশ্নের উত্তর দিয়ে মুকুট জিতলেন জেনিফার বারেত্তো

মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসরের মুকুট অর্জন করেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাকে দুটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। প্রথম প্রশ্নটি ছিল তার নির্বাচিত এক বিচারকের পক্ষ থেকে এবং দ্বিতীয়টি ছিল সেরা ৫ প্রতিযোগীর জন্য অভিন্ন প্রশ্ন। জেনিফার কীভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন তা নিচে উল্লেখ করা হলো।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন

প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে মানুষের কোন মূল্যবোধগুলো আমাদের কখনো হারানো উচিত নয়?

জেনিফারের উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে একটি স্থায়ী ভূমিকা নিয়ে এসেছে। তাই এর ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন থাকা প্রয়োজন। যদি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের মূল্যবোধকে বিপন্ন করে, তবে সেই মূল্যবোধগুলো আর অক্ষুণ্ন থাকবে না। মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে এবং শেখায় কিভাবে নিজেদের প্রকৃত সত্তার প্রতি বিশ্বস্ত থাকতে হবে।

নেতৃত্ব নিয়ে প্রশ্ন

প্রশ্ন: বর্তমানে বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবী সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে?

জেনিফারের উত্তর: আমি মনে করি, আমাদের এখন এমন নেতা প্রয়োজন, যারা দক্ষতার পাশাপাশি সহমর্মীও। আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি, যেখানে প্রায়ই অন্যদের বিচার করা হয় এবং প্রশ্নের সম্মুখীন করা হয়। তবে নিজেদের অবস্থানে দৃঢ় থাকা, দৃষ্টান্ত স্থাপন করা এবং নেতৃত্বের মানদণ্ডকে আরও উন্নত করার দায়িত্ব আমাদের নেতাদের।

একজন ভবিষ্যৎ নেতা হিসেবে আমি চাই, আমি প্রজন্ম থেকে প্রজন্মে প্রভাব বিস্তার করতে পারি—এমন দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে। আর মানুষের প্রয়োজনগুলো মন দিয়ে শোনার মাধ্যমেই সেটি সম্ভব। মানুষের প্রয়োজন বুঝে সেই অনুযায়ী ক্ষতিকর আচরণ প্রতিরোধের কৌশল তৈরি করতে পারলে প্রকৃত পরিবর্তন আসবে।

সূত্র: মিস ইউনিভার্স লাইভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির অভিযোগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


দুর্নীতির অভিযোগে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রক আহমেদ রাসেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে ওএসডি করা হয়েছে। এছাড়াও, ওই কর্মকর্তা আগামী ২৫ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায়, ২৬ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) মর্মে গণ্য হবেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে স্বাস্থ্য বিভাগের টনক নড়ে ওঠে। ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ডা. আমানুল্লাহ আল মামুন। ওই চিকিৎসকের বিরুদ্ধে অন্যের স্বাক্ষর জাল করে সেপটিক ট্যাংক পরিষ্কার করার নামে ৩০ হাজার টাকা আত্মসাৎ, ঘুসের মাধ্যমে সিলগালা করা ক্লিনিক খুলে দেওয়া সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব প্রতিবেদন ও স্থানীয়দের অভিযোগ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের নজরে আসে।

রাশেদ খান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করলে ডা. আমানুল্লাহ আল মামুনকে ওএসডি করা হয়। এদিকে, এই দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তার বদলির খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ, স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা স্বস্তি ফিরে পেয়েছে।

এ ব্যাপারে জানতে ডা. আমানুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের খবরের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান করি। এর পর স্বাস্থ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাকে সরিয়ে দেওয়ায় কালীগঞ্জের মানুষ স্বস্তি পাচ্ছে। কালীগঞ্জে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফোন দিয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে।’

এর আগে ২০২২ সালে বিভিন্ন অনিয়মের কারণে বরিশালের বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আমানুল্লাহ আল মামুনকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এর পর ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুরে দায়িত্ব পালন করেন। বিভিন্ন অনিয়মের কারণে তাকে আবার পিরোজপুরের মঠবাড়িয়া বদলি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ পি.এম


১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকলের প্রবেশ নিষিদ্ধ থাকবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ না করার জন্য অনুরোধ করেছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তায় মঙ্গলবার (২৪ নভেম্বর) এই নির্দেশনাটি জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৬ উদ্‌যাপন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার লক্ষ্যে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত (সকাল সাড়ে ৮টা পর্যন্ত) জাতীয় স্মৃতিসৌধে সকলের প্রবেশ না করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় অনুরোধ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%