০২:৩৬ পি.এম
শীতের মৌসুমে সাধারণ সর্দি-কাশি এবং শ্বাসতন্ত্রের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। এই সময় শিশু ও বয়স্কদের জন্য ঝুঁকি বাড়ে। শরীরের বাড়তি যত্ন না নিলে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আজ হ্যালো ডাক্তার বিভাগে ডা. মো. মনির হোসেনের সঙ্গে আলোচনা করা হবে।
প্রশ্ন : শীতকালে বক্ষব্যাধি বা শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ কেন বেড়ে যায়?
উত্তর : ঠান্ডা ও শুষ্ক বাতাসে ভাইরাস দীর্ঘ সময় বেঁচে থাকে এবং দ্রুত ছড়ায়। এর ফলে শীতে শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ বাড়ে। ঠান্ডা বাতাসের কারণে নাক ও শ্বাসনালির রক্ত চলাচল কমে যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। শীতকালে মানুষ ঘরের ভেতরে কাছাকাছি থাকে, ফলে একজন থেকে অন্যজনের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা বাড়ে। সাধারণ সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সিওপিডি, সাইনোসাইটিস, টনসিলাইটিস ইত্যাদি রোগের তীব্রতা বৃদ্ধি পায়।
আরও পড়ুন: ফুসফুস ক্যানসারের কারণ ও প্রতিকার: নভেম্বর মাসে সচেতনতা বৃদ্ধি
প্রশ্ন : হাঁপানি বা অ্যাজমা রোগীরা কীভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন?
উত্তর : ঠান্ডা বাতাসে বাইরে গেলে মুখে মাস্ক বা মাফলার ব্যবহার করা উচিত। ইনহেলার সবসময় সঙ্গে রাখতে হবে। প্রিভেন্টার ইনহেলার নিয়মিত গ্রহণ করতে হবে। ধুলাবালি, ধোঁয়া ও সুগন্ধি থেকে দূরে থাকতে হবে। ঘর পরিষ্কার রাখতে হবে এবং কম্বল ও বালিশ রোদে দিতে হবে। ঠান্ডা পানি ও আইসক্রিম এড়িয়ে চলা উচিত। ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রশ্ন : শিশু ও বয়স্কদের ক্ষেত্রে নিউমোনিয়া ও ব্রঙ্কাইটিস কতটা ঝুঁকিপূর্ণ?
উত্তর : সাধারণত সর্দি-কাশি থেকে সংক্রমণ নিচে নেমে ফুসফুসে চলে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শিশুদের শ্বাসনালি সরু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় দ্রুত শ্বাসকষ্ট, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ও খিঁচুনি হতে পারে। বয়স্কদের ডায়াবেটিস, হৃদ্রোগ বা সিওপিডি থাকলে নিউমোনিয়া মারাত্মক হতে পারে। উভয় ক্ষেত্রেই চিকিৎসা নিতে দেরি করলে হাসপাতালে ভর্তি হতে হতে পারে, এমনকি আইসিইউরও প্রয়োজন হতে পারে। তাই জ্বর, কাশি বা দ্রুত শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।
আরও পড়ুন: হার্ট ও প্যানিক অ্যাটাকের মধ্যে পার্থক্য জানানো হলো
প্রশ্ন : সাধারণ সর্দি-কাশি, ফ্লু ও নিউমোনিয়ার লক্ষণের মধ্যে পার্থক্য কীভাবে বোঝা যাবে?
উত্তর : সর্দি-কাশি, হালকা জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা ও হালকা কাশি—এগুলো তিন-পাঁচ দিনের মধ্যে কমে যায়। হঠাৎ উচ্চ জ্বর (১০১-১০৩ ডিগ্রি), প্রচণ্ড শরীর ও মাথাব্যথা, দুর্বলতা ও শুকনো কাশি—এগুলো ফ্লুর লক্ষণ। জ্বর, কফসহ কাশি, বুকে ব্যথা, দ্রুত শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট ও ঠোঁট নীল হয়ে যাওয়া—এগুলো নিউমোনিয়ার লক্ষণ। শ্বাসকষ্ট হলে, বুক ধড়ফড় করলে, জ্বর তিন দিনের বেশি থাকলে, কফের সঙ্গে রক্ত এলে, ঠোঁট বা মুখ নীল হয়ে গেলে, শিশুর বুক দেবে গেলে বা দ্রুত শ্বাস নিলে কিংবা বয়স্ক রোগী ঝিমিয়ে পড়লে বা খেতে না পারলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
প্রশ্ন : দীর্ঘদিন কাশি, বুকে কফ জমা বা শ্বাসকষ্টের সমস্যায় কখন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়?
উত্তর : দুই সপ্তাহের বেশি কাশি কখনোই সাধারণ কাশি নয়। এটিকে গুরুত্ব দিতে হবে। এর পেছনে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, যক্ষ্মা, এমনকি ফুসফুসের ক্যানসারও থাকতে পারে। কাশি দুই সপ্তাহের বেশি থাকলে, কফের সঙ্গে রক্ত এলে, ওজন কমে গেলে, রাতে ঘাম হলে, শ্বাসকষ্ট বাড়তে থাকলে এবং বারবার জ্বর এলে পরীক্ষার প্রয়োজন হয়। বুকের এক্স-রে, কফ পরীক্ষা, স্পাইরোমেট্রি (ফুসফুসের কার্যক্ষমতা পরীক্ষা), রক্ত পরীক্ষা এবং প্রয়োজনে সিটি স্ক্যান করাতে হতে পারে।
আরও পড়ুন: মস্তিষ্কের টিউমার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির অগ্রগতি: বাংলাদেশে কতটা এগিয়েছে?
প্রশ্ন : ধূমপায়ী এবং সিওপিডি রোগীদের জন্য শীতকাল কতটা ঝুঁকিপূর্ণ?
উত্তর : শীতকালে সিওপিডি রোগীদের রোগের তীব্রতা (Acute Exacerbation) সবচেয়ে বেশি বেড়ে যায়। ঠান্ডা বাতাসে শ্বাসনালি সংকুচিত হয়, কফ বেড়ে যায়। ধূমপায়ীদের ফুসফুস আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকে, তাই সামান্য সংক্রমণেও অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। ধূমপান সম্পূর্ণ বন্ধ করতে হবে—এটাই সবচেয়ে বড় চিকিৎসা। ঠান্ডায় বাইরে বের হওয়া কমাতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং ইনহেলার ও অক্সিজেন (যদি দেওয়া থাকে) নিয়মিত ব্যবহার করতে হবে। ফ্লু ও নিউমোকক্কাল ভ্যাকসিন নেওয়া যেতে পারে। কফের রঙ পরিবর্তন হলে বা শ্বাসকষ্ট বাড়লে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
প্রশ্ন : শীতে কুয়াশা, ধুলাবালি ও বায়ুদূষণ ফুসফুসের ওপর কী ধরনের প্রভাব ফেলে?
উত্তর : কুয়াশার সঙ্গে ধুলা ও ধোঁয়া মিশে স্মগ তৈরি হয়, যা ফুসফুসে ঢুকে প্রদাহ সৃষ্টি করে। শ্বাসনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হয়। অ্যাজমা ও সিওপিডি রোগীদের শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যেতে পারে। সুস্থ মানুষেরও দীর্ঘদিন কাশি ও গলায় খুসখুসে ভাব হতে পারে। দীর্ঘদিন দূষিত বাতাসে থাকলে সিওপিডি, ফুসফুসের ক্যানসার ও হৃদ্রোগের ঝুঁকি বাড়ে। শিশুদের ফুসফুসের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভোরের ঘন কুয়াশায় হাঁটতে বের না হওয়া, বাইরে গেলে N95 বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার এবং ভোরে ঘরের দরজা-জানালা বন্ধ রাখার মতো নিয়মগুলো মেনে চলা উচিত।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায়: কে, কেন ও কীভাবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন