শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৪ এম
কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রতি বছরের মতো, এবারও নেত্রকোনার নিজ জেলা হিমু পাঠক আড্ডা হিমু উৎসবের আয়োজন করেছে। ছেলেরা হলুদ পাঞ্জাবি এবং মেয়েরা নীল শাড়িতে সজ্জিত হবে। লেখকের পরিচালিত সিনেমা ও নাটকের ব্যবহৃত গানের সঙ্গে মিলিয়ে নেচে গেয়ে সকালে কেক কাটবে হিমু রূপারা। এরপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে ও আড্ডায় লেখক, সাংবাদিক, সাহিত্যিক এবং হুমায়ূন ভক্তরা লেখকের জীবনের কর্ম তুলে ধরবেন।
এই বিশেষ দিনটিকে ঘিরে প্রতিবছর নেত্রকোনা শহর লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়। তারুণ্য নির্ভর সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা আয়োজনে আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় লেখকের শিক্ষামূলক উক্তি লেখা টি শার্ট বিতরণ করা হবে।
সকাল ১১ টায়, বিভিন্ন বয়সের হিমু-রূপা সেজে লেখকের কালজয়ী সিনেমা ও নাটকের গানের সঙ্গে নেচে গেয়ে শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের হবে। এই শোভাযাত্রায় লেখক, সাংস্কৃতিক, সামাজিক, প্রশাসনিক, রাজনৈতিক, শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং শিক্ষার্থীসহ সকল শ্রেণির মানুষ অংশগ্রহণ করবে। শহরের সাতপাই নদীর পাড় (চক্ষু হাসপাতাল) থেকে শুরু করে দুই কিলোমিটার পদব্রজে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত যাবে আনন্দ শোভাযাত্রা। সেখানে কেক কাটা হবে।
পরবর্তীতে সন্ধ্যা ছয়টায় মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে “গানে ও আড্ডায়” সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মায়ের প্রথম সন্তান হওয়ায় মামার বাড়িতে জন্মের পরই এক মন মিষ্টি বিতরণ করেন নানা। এরপর তিনি জন্মঘরে নিজের নামফলকও সাঁটিয়ে রাখেন। পৈত্রিক ভিটা জেলার কেন্দুয়া উপজেলার কতুবপুর গ্রামে নিজের অস্তিত্ব জানান দিতে প্রতিষ্ঠা করে গেছেন পিতার নামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।
২০১২ সালের ১৯ জুলাই ক্যানসার আক্রান্ত হয়ে আমেরিকায় মৃত্যুবরণ করেন তিনি। এরপর থেকে প্রায় এক যুগ ধরে নেত্রকোনা জেলা শহরে হিমু পাঠক আড্ডা প্রিয় লেখকের জন্মদিনে হিমু উৎসব এবং মৃত্যুদিনে স্মরণ কথন আয়োজন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার বাসিন্দাদের বিভিন্ন দোকানপাট ও মার্কেটে নিয়মিত যাওয়া প্রয়োজন হয় নানা কারণে। তবে যদি তীব্র যানজট পেরিয়ে মার্কেটে গিয়ে দেখা যায় সব দোকানপাট বন্ধ, তাহলে মূল্যবান সময় নষ্ট হবে।
তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে জেনে নেওয়া উচিত, আজ শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ
যেসব এলাকায় দোকানপাট বন্ধ থাকবে সেগুলি হল: বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণ অংশ।
যেসব মার্কেট বন্ধ
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট ও সান্দ্রা সুপার মার্কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাস সাক্ষী হয় ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানব সভ্যতার অভিশাপ ও আশীর্বাদের। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে পথ দেখায়।
আজ শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসের এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।
ঘটনাবলী
১৬৪২ সালে লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক শুরু হয়।
১৭৭৫ সালে আমেরিকান বিদ্রোহীরা কানাডার মন্ট্রিল দখল করে।
১৮০৫ সালে ফরাসি বাহিনী ভিয়েনা দখল করে।
১৮৩৫ সালে টেক্সাস মেক্সিকোর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা দেয়।
১৮৪৯ সালে পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
১৮৬৪ সালে গ্রিসে নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৭২ সালে সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৫ সালে সার্বিয়ার রাজকীয় সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
১৯০৭ সালে পল কমুর উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে উড়ে।
১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।
১৯১৫ সালে ইরানের তৃতীয় জাতীয় সংসদ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙে দেওয়া হয়।
১৯১৮ সালে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
১৯২১ সালে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪৫ সালে সুকর্ণ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৪৭ সালে রাশিয়া একে-৪৭ অ্যাসল্ট রাইফেল তৈরির কাজ সম্পন্ন করে।
১৯৭০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে পূর্ব বাংলায় প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
১৯৭৪ সালে পিএলও নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ সালে ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ সালে কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।
১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লাখনি ধসে ৭১ শ্রমিক আটকা পড়েন; ক্যাপসুল উদ্ধার পদ্ধতিতে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়, যা বিশ্বে বিস্ময় সৃষ্টি করে।
১৯৯৪ সালে গণভোটের মাধ্যমে সুইডেন ইউরোপীয় জোটে যোগ দেয়।
২০০২ সালে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের ইরাকে ফিরে আসার অনুমতি দেয় সাদ্দাম হোসেন সরকার।
জন্ম
১৩১২ সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এলওয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৩৯৭ সালে পোপ নিকোলাস পঞ্চমের জন্ম হয়।
১৮৪৭ সালে মীর মশাররফ হোসেন, প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক ও নাট্যকার জন্মগ্রহণ করেন।
১৮৫০ সালে রবার্ট লুইস স্টিভেন্সন, স্কটিশ সাহিত্যিক জন্মগ্রহণ করেন।
১৮৭৩ সালে আয়াতুল্লাহ জুন্নুরী, ইরানের বিখ্যাত আলেম ও শিক্ষক জন্মগ্রহণ করেন।
১৮৯৯ সালে ইস্কান্দার মির্জা, পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি জন্মগ্রহণ করেন।
১৯২১ সালে অশোক বড়ুয়া, বাঙালি লেখক জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালে হুমায়ূন আহমেদ, প্রখ্যাত বাংলাদেশি ঔপন্যাসিক ও চলচ্চিত্র নির্মাতা জন্মগ্রহণ করেন।
১৯৬৩ সালে মো. আতাবুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জন্মগ্রহণ করেন।
১৯৬৭ সালে জুহি চাওলা, ভারতীয় অভিনেত্রী জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১২৩১ সালে স্কটল্যান্ডের রাজা তৃতীয় ম্যালকমের মৃত্যু হয়।
১৯০৭ সালে ইংরেজ কবি ফ্রান্সিস থমসনের মৃত্যু হয়।
১৯৫০ সালে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দের মৃত্যু হয়।
১৯৭৮ সালে চিত্তপ্রসাদ ভট্টাচার্য, ভারতীয় রাজনৈতিক শিল্পীর মৃত্যু হয়।
১৯৮০ সালে রত্নেশ্বর মুখোপাধ্যায়, বাঙালি সুরকারের মৃত্যু হয়।
২০০১ সালে করুণা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী (‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ খ্যাত সর্বজয়া চরিত্রে) মৃত্যুবরণ করেন।
২০২১ সালে উইলবার স্মিথ, আফ্রিকান ঔপন্যাসিকের মৃত্যু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের অধিকার হলো নিরাপত্তা ও মানসিক স্বস্তি। ইসলামের দৃষ্টিতে, একজন মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার মানসিক স্বস্তি ও প্রশান্তিও অপরিহার্য। সমাজে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। বিশেষ করে, এমন কাজ করা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমানের জন্য অন্য মুসলমানকে ভীতসন্ত্রস্ত করা বৈধ নয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০০৪)
বিপর্যয়-বিশৃঙ্খলা অগ্রহণযোগ্য
আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৬)
অন্য আয়াতে আল্লাহ সেসব মানুষের নিন্দা করেছেন, যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করে এবং সম্পদ ও জনজীবন ধ্বংসের চেষ্টা করে। ইরশাদ হয়েছে, ‘যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণিকুল ধ্বংস করার চেষ্টা করে। আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২০৫)
মানুষের জীবনযাত্রা, জীবিকা ও সম্পদ ধ্বংস এবং সমাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে এমন সব কাজই বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত।
মানুষের জীবন বিপন্ন করা মহাপাপ
ইসলামে মানুষের জীবন অমূল্য। এজন্য ইসলামী আইনে মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা কোরো না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৩)
এ নির্দেশনা শুধু সরাসরি হত্যাকাণ্ড থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকা জরুরি, যার ফলে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হতে পারে।
জননিরাপত্তা বিঘ্নিত করা সন্ত্রাস
জনপথে মানুষের নিরাপত্তা নষ্ট করা, ভয়ভীতি ছড়িয়ে দেওয়া এবং শক্তি প্রয়োগ করে জনজীবন বিপর্যস্ত করা সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এ বিষয়ে কোরআনে কঠোর সতর্কবাণী এসেছে। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে, অথবা শূলে চরানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে মহাশাস্তি।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩৩)
এ আয়াতে জননিরাপত্তা বিনষ্ট করাকে গুরুতর অপরাধ ও হিরাবাহ (সন্ত্রাস) হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভয়ভীতি ছড়ানো ইসলামের পরিপন্থী
জনমনে আতঙ্ক ছড়ানোর আরেকটি দিক হলো এমন সংবাদ প্রচার করা, যা মানুষের মধ্যে অযথা ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। তাই ইসলাম নিরাপত্তা ও বিপর্যয়সংক্রান্ত স্পর্শকাতর খবর প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, ‘যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভীতিসংক্রান্ত কোনো সংবাদ আসে, তখন তারা তা প্রচার করে দেয়। অথচ তারা যদি তা রাসুল ও তাদের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পেশ করত, তবে তাদের মধ্যে যারা বিষয়টি অনুসন্ধান করে বুঝতে সক্ষম, তারা এর প্রকৃত তাৎপর্য জানতে পারত।’ (সুরা : নিসা, আয়াত : ৮৩)
এ আয়াত থেকে বোঝা যায়, নিরাপত্তা ও আতঙ্কসংশ্লিষ্ট সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রচার করা উচিত নয়। আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জনসাধারণেরও দায়িত্বশীল হওয়া আবশ্যক। বিশেষত সামাজিক গণমাধ্যমে কোনো কিছু প্রচারের আগে তা যাচাই করা আবশ্যক। চাই তা সংবাদ হোক, ছবি হোক বা ভিডিও হোক। এ বিষয়ে মহানবী (সা.) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে, তা-ই প্রচার করে।’ (মুসলিম, হাদিস : ৫)
আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ