ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা


ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কিছু দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানানো হয়েছে যে, ইরানে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে। এই অনুরোধের প্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি আপাতত ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করতে সক্ষম।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেছেন যে, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তিনি ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’ তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

আরও পড়ুন: এনভিডিয়ার সাবেক সিইওর পরকীয়ার তালিকায় নতুন এক কর্মী : রয়টার্স

তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত।’ সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে, উপসাগরীয় দেশগুলো যদি অনুরোধ না জানাতো, তাহলে কি তিনি ইরানে হামলা চালাতেন, ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, চাইলে এসব স্থাপনা ধ্বংস করতে তার বেশি সময় লাগবে না।

তিনি বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: আবদুল আল-সাইয়েদ: আমেরিকার জন্য অপরিহার্য একটি নাম

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? বিশেষজ্ঞদের মতামত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? বিশেষজ্ঞদের মতামত

বেশি প্রোটিন খেলে পেশির দ্রুত বৃদ্ধি বা শক্তিশালী হওয়া—এমন একটি ধারণা শরীরচর্চা করা অনেকের মধ্যে প্রচলিত। পেশি গঠনের লক্ষ্যে অনেকে প্রতিদিনের খাদ্যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করেন, আবার কেউ কেউ নিয়মিত প্রোটিন শেক ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং, শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হওয়া পেশি গঠনের জন্য যথেষ্ট।

পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে ‘মাসল হাইপারট্রফি’ বলা হয়। এই প্রক্রিয়ার জন্য যথেষ্ট প্রোটিন প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন গ্রহণে কোন বাড়তি উপকার পাওয়া যায় না। যখন শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়, তখন অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহার হতে পারে অথবা শরীর সেগুলো প্রক্রিয়াজাত করে বের করে দেয়।

প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের অধিকাংশ প্রোটিন একবারে না খেয়ে বিভিন্ন খাবারের সঙ্গে ভাগ করে গ্রহণ করা উচিত। বিশেষ করে ব্যায়ামের পর পেশির ক্ষয়পূরণ ও পুনরুদ্ধারের জন্য ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন কার্যকর বলে মনে করা হয়। তবে, ব্যক্তির ওজন, ব্যায়ামের ধরন ও তীব্রতা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর প্রোটিনের চাহিদা নির্ভর করে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, শুধুমাত্র প্রোটিন সাপ্লিমেন্ট বা শেক পান করে পেশি তৈরি করা সম্ভব নয়। পেশির বৃদ্ধি ত্বরান্বিত করতে নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা প্রতিরোধমূলক ব্যায়াম অপরিহার্য। বিশেষ করে ভারোত্তোলনের মতো ব্যায়াম, যেখানে ধীরে ধীরে পেশির ওপর চাপ বাড়ানো হয়, তা পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পেশি গঠনে সুষম খাবারের গুরুত্ব

পেশি গঠনের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটিনের দিকে মনোযোগ না দিয়ে অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করা প্রয়োজন। এ জন্য খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান রাখা অত্যাবশ্যক।

কার্বোহাইড্রেট শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। অন্যদিকে, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে শরীরের সুস্থতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। দীর্ঘদিন ধরে শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সাপ্লিমেন্টের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন গ্রহণে হজমের অস্বস্তি হতে পারে। এ ছাড়া, আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন গ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।

তাহলে, সবার জন্য একই পরিমাণ প্রোটিন গ্রহণের নিয়ম অনুসরণ না করে, নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে, পেশি বড় ও শক্তিশালী করতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার চেয়ে প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ, নিয়মিত ভারোত্তোলন বা প্রতিরোধমূলক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ, পেশি গঠনের জন্য শুধু প্রোটিনের পরিমাণ নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস ও ধারাবাহিক শরীরচর্চার সমন্বয়ই মূল বিষয়।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফায় কমেছে। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। ফলে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা ক্রেতাদের জন্য ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় কিনতে হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল বাজুসের পক্ষ থেকে। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে।

এই তিন দফায় সোনার দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। রুপা আগের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

সোনার বাজারে ধারাবাহিক দরপতন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি করেছে, তবে রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ ১৩ নভেম্বর। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জে তাঁর জন্ম হয়। জীবদ্দশায় অসংখ্য উপন্যাস, গল্প, নাটক এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বাংলা সংস্কৃতিতে তিনি একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।

হুমায়ূন আহমেদের সহজ ভাষায় মানুষের জীবনের জটিল অনুভূতি, মধ্যবিত্তের সুখ-দুঃখ, প্রেম, বিরহ এবং মনস্তত্ত্ব তুলে ধরার অসাধারণ ক্ষমতা ছিল। তাঁর লেখায় সাধারণ মানুষের চেনা জীবন উঠে এসেছে, আবার সেই পরিচিত জীবনের মধ্যেই তৈরি হয়েছে এক অন্য রকম জগৎ। এ কারণেই তিনি কয়েক প্রজন্মের পাঠকের কাছে সমান জনপ্রিয়।

‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে সাহিত্যজগতে তাঁর যাত্রা শুরু হয়। এরপর ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেবী’সহ অসংখ্য কালজয়ী বই পাঠকদের উপহার দিয়েছেন। তাঁর সৃষ্ট মিসির আলী ও হিমু চরিত্র দুটি বাংলা সাহিত্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। আজও নতুন প্রজন্মের পাঠকেরা এসব চরিত্রের প্রতি আকৃষ্ট হন।

সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি ছিলেন সমান দাপটের অধিকারী। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’ এবং ‘কোথাও কেউ নেই’ নাটকের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন। বিশেষ করে ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রটি আজও দর্শকের আবেগ ও স্মৃতিতে অমলিন হয়ে আছে।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মারা যান। তবে মৃত্যুর এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর সাহিত্যকর্মের আবেদন কমেনি। জন্মদিনে নতুন করে তাঁকে স্মরণ করছেন পাঠক, দর্শক এবং ভক্তরা। তাঁর সৃষ্টি ও গল্পের মধ্য দিয়েই বাংলা সংস্কৃতিতে বেঁচে থাকবেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ এম


ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেইসাথে, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একইসাথে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%