০৬:৩৪ পি.এম
রাঙ্গামাটি, ১০ আগস্ট, ২০২৬ : রাঙ্গামাটি জেলা প্রশাসন সূত্রে জানা গেছে যে, জেলায় কাপ্তাই হ্রদে আগামিকাল মঙ্গলবার থেকে আবারও মৎস্য আহরণ শুরু হবে।
আজ সোমবার রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক নির্দেশনায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্দেশনায় জানানো হয়েছে, কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কমিটির গত ২৭ জুলাইয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী কাপ্তাই হ্রদে আজ সোমবার মধ্যরাত থেকে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জনস্বার্থে আগামীকাল ১১ আগস্ট মঙ্গলবার ভোর থেকে জেলা প্রশাসন কর্তৃক ৭টি শর্ত সাপেক্ষে মৎস্য শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের জন্য উন্মুক্ত করা হলো। তবে যে কোন রাষ্ট্রীয় বা সরকারি প্রয়োজনে এ মৎস্য শিকার উন্মুক্তকরণ আদেশ রদ বা প্রত্যাহার করার ক্ষমতা সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন: গাজীপুরের পোশাক কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও পোনা মাছের সুষম বৃদ্ধির লক্ষ্যে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সবধরনের মৎস্য আহরণ, বাজারজাতকরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আগামিকাল মঙ্গলবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবরে জেলার বিভিন্ন ঘাট ও বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রে কর্মচাঞ্চল্য বেড়েছে।
রাঙ্গামাটি মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর শুক্কুর জানান, কাপ্তাই হ্রদে আবারও মৎস্য আহরণ শুরু হওয়ার খবরে মৎস্য ব্যবসায়ী ও জেলেরা অত্যন্ত আনন্দিত। এ বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণকে কেন্দ্র করে শেষ মুহূর্তে জাল মেরামত, নৌকা প্রস্তুত, জ্বালানি সংগ্রহ ও বরফ মজুতসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। দীর্ঘ সাড়ে তিন মাস পর এবার তারা কাক্সিক্ষত মাছ পাওয়ার পাশাপাশি ঋণ ও আর্থিক সংকট কাটিয়ে ওঠার আশা করছেন।
আরও পড়ুন: নেছারাবাদে বিএনপি নেতা মিঠুর গণসংযোগ, ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা
বিএফডিসি কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, গত বছরের চেয়েও বেশি মাছ অবতরণ হবে এবং সরকারী রাজস্বও বাড়বে।’
তিনি জানান, প্রথম পর্যায়ে হ্রদে অতিরিক্ত মাছ আহরণ ও মাছের অপচয় রোধে অবতরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন