ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড


মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজিটির সাবেক প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। আইপিএলের অন্যতম সফল দলটি এক বিবৃতিতে পোলার্ডের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানেন। এর এক সপ্তাহের মধ্যেই নতুন প্রধান কোচ হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করল ফ্র্যাঞ্চাইজিটি।

দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নিতে পেরে আমি সম্মানিত। এমআই আমার জীবন ও ক্যারিয়ারের একটি বড় অংশ। এই দল, খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার যে সম্পর্ক, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান।’

আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে

২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন পোলার্ড। এই সময়ে ১৮৯ ম্যাচে ৩ হাজার ৪১২ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৬৯ উইকেট। তার সময়ে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে ২০২২ মৌসুমের পর মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব নেন পোলার্ড। এবার প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পোলার্ড বলেন, ‘একজন খেলোয়াড় এবং পরে কোচ হিসেবে এই যাত্রার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পেরেছি, মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে এবং নীল-সোনালি জার্সি পরে খেলার দায়িত্ব কতটা গুরুত্বপূর্ণ। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে, দলের ঐতিহ্যকে এগিয়ে নিতে, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতে এবং সমর্থকদের উদ্‌যাপনের আরও অনেক উপলক্ষ এনে দিতে আমি মুখিয়ে আছি।’

সাম্প্রতিক বছরগুলোতে আইপিএলে ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৩ ও ২০২৫ সালে প্লে-অফে উঠলেও ২০২৪ সালে দশম এবং ২০২৬ সালে নবম স্থানে থেকে আসর শেষ করেছে দলটি। নতুন প্রধান কোচের অধীনে আবারও শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান ফিরিয়ে আনতে চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

পোলার্ডের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি। তিনি বলেন, ‘মাত্র ২২ বছর বয়সে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল পোলার্ড। গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আর কোচ হিসেবে সে নিজের অভিজ্ঞতা, আবেগ এবং ক্রিকেট সম্পর্কে গভীর জ্ঞান দলের সঙ্গে ভাগ করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাকে প্রধান কোচের নতুন দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। পলি জানে, এমআইয়ের জার্সি পরার অর্থ কী এবং দলের হয়ে খেলতে কী প্রয়োজন। আমি আত্মবিশ্বাসী, এই দায়িত্বেও সে একই রকম নিষ্ঠা, বিশ্বাস ও দৃঢ়তা নিয়ে কাজ করবে। দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে জানাই শুভকামনা।’

খেলোয়াড় হিসেবে মুম্বাইয়ের সাফল্যে বড় অবদান রাখার পর এবার কোচ হিসেবে দলকে সাফল্যের পথে ফেরানোর চ্যালেঞ্জ পোলার্ডের সামনে। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স কতটা ঘুরে দাঁড়াতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

আরও পড়ুন: স্টার্কের ছয়ে দক্ষিণ আফ্রিকা চাপে, দিনের শেষে অলআউট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


ইসরাইলে নতুন সরকার এলে ফিলিস্তিনিদের ভাগ্য কতটা পাল্টাবে?

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের মধ্যে লড়াইটি বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

নতুন সরকার গঠিত হলে পশ্চিম তীরে কোনো ‘নাটকীয় পরিবর্তন’ আসবে না বলে মনে করেন সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়তো এরই মধ্যে কঠিন হয়ে পড়েছে। আলজাজিরাকে পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর সরকার ‘তারা কতটা কঠোর, তা প্রমাণের চেষ্টা করছে’ বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের এসব ব্যক্তি আগামী সরকারে থাকবেন না এমন সম্ভাবনাই বেশি। ফলে এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে বর্তমান সরকারের নীতির আলোচনা প্রায় গুরুত্বহীন হয়ে পড়েছে।

নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলের নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আসবে বলে মনে করেন না পিঙ্কাস। তার মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশের মাধ্যমে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও দেখা যেতে পারে।

তবে ফিলিস্তিনিদের বিষয়ে নতুন সরকার বড় ধরনের নীতিগত পরিবর্তন আনবে এমনটি ভাবা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ জন

রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮, লালবাগ বিভাগ থেকে ৪৭, ওয়ারী বিভাগ থেকে ৮৭, মতিঝিল বিভাগ থেকে ৭৮, তেজগাঁও বিভাগ থেকে ১১০, মিরপুর বিভাগ থেকে ২০৬, গুলশান বিভাগ থেকে ৭৮, উত্তরা বিভাগ থেকে ৩২, এসআরইউ বিভাগ থেকে ৪ এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জন রয়েছেন।

অভিযানের সময় ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, ৮টি খাতা ও গাঁজাভর্তি কলকিসহ কাটার জব্দ করা হয়েছে।

আকতার হোসেন জানান, গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ বিরতির পর ‘প্রতাপ’ সিনেমায় ফিরছেন এশা দেওল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


দীর্ঘ বিরতির পর ‘প্রতাপ’ সিনেমায় ফিরছেন এশা দেওল

দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ পুনমের চরিত্রে তাকে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। এ চরিত্রের মাধ্যমে অভিনেত্রী বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তি আবিষ্কারের একটি নতুন যাত্রা তুলে ধরতে চলেছেন।

প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় পুনমের কাছে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। তার জীবন revolves around এমন একজন মানুষকে ঘিরে, যার ওপর তিনি সবচেয়ে বেশি আস্থা রাখেন। কিন্তু যখন সেই বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয়ে যায়, তখনই তার জীবনের কঠিন অধ্যায় শুরু হয়।

প্রিয় মানুষের প্রতি দীর্ঘদিনের বিশ্বাস নিয়ে পুনমকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। পরিস্থিতির সঙ্গে লড়াই করতে গিয়ে নিজের পথ খুঁজে নিতে হয় তাকে। একই সঙ্গে আবিষ্কার করতে হয় নিজের ভেতরে লুকিয়ে থাকা শক্তি, যার অস্তিত্ব সম্পর্কে আগে তার কোনো ধারণা ছিল না। নির্মাতারা চরিত্রটির গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করেননি, তবে প্রাথমিক ঝলক থেকেই বোঝা যাচ্ছে, পুনমের এই যাত্রা আবেগ ও আত্ম-উপলব্ধির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

এর আগে নির্মাতারা ‘প্রতাপ’-এর মোশন পোস্টার প্রকাশ করেছিলেন, যেখানে অমিত সাধকে একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে দেখা গেছে। সিনেমার গল্প ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতি নিয়ে এগোবে। এতে ব্যক্তিগত সংঘাতের পাশাপাশি টানটান নাটকীয়তা থাকবে। সেই প্রেক্ষাপটে এশার পুনম চরিত্রটি গল্পে আবেগের ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

সচিন সরাফের লেখা ও পরিচালনায় ‘প্রতাপ’-এ এশা দেওল ও অমিত সাধ ছাড়াও অভিনয় করছেন তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। বড় পর্দায় ‘প্রতাপ’ মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে আগের তুলনায়। শনিবার (২৪ অক্টোবর) ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে রক্তশূন্যতা দেখা দিয়েছিল, তবে সেটি এখন কেটে গেছে। ভূমিমন্ত্রী কিছুটা সুস্থতা অনুভব করছেন। রক্তশূন্যতার সমস্যা সমাধান হয়েছে। আজ আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা প্রকাশ করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং কথা বলছেন।

অন্যদিকে, অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা ভূমিমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করেন। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরাও তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%