১২:১৬ পি.এম
২৮ বছর পর ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে এসেছে নরওয়ে। নকআউট পর্বের প্রথম বাধা পেরিয়ে এবার তাদের সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন পরাশক্তি–ব্রাজিল। আজ রাতে শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে নরওয়েজিয়ানরা। কাগজ-কলমে ব্রাজিল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হলেও, প্রতিপক্ষ নিয়ে মোটেও ভীত নন নরওয়ে কোচ স্টেল সোলবাকেন। উল্টো, নেইমার-ভিনিসিউসদের দলটিকে তিনি ‘খুব বড় মাপের’ কিছু ভাবতেই নারাজ।
ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে সোলবাকেন আত্মবিশ্বাসী শোনালেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় না ব্রাজিল খুব বড় মাপের দল কিংবা বিশাল ফেভারিট; যেমনটা তারা কয়েক বছর আগেও ছিল। আমরা লম্বা সময় ধরে বেশ ভালো ছন্দে আছি। দলের সবার আত্মবিশ্বাস এখন তুঙ্গে, খেলার নিজস্ব একটা ধরন দাঁড়িয়ে গেছে। এই ইতিবাচক দিকগুলো আমাদের ম্যাচে দারুণ সাহায্য করবে।’
নরওয়ে কোচের বাড়তি আত্মবিশ্বাসের পেছনে এক অদ্ভূত মনস্তাত্ত্বিক স্বস্তি কাজ করছে। ফুটবল ইতিহাসের পরিসংখ্যানে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। এখন পর্যন্ত দুই দলের দেখায় দুবারই জিতেছে ইউরোপের দলটি। বিশেষত ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়ে। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে এসে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চান সোলবাকেন।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
দলীয় শক্তির জায়গা নিয়ে সোলবাকেন বলেন, ‘আমরা আর্লিং হল্যান্ডকে কার্যকরভাবে ব্যবহার করার এবং তাকে বল জোগান দেয়ার সঠিক পথ খুঁজে পেয়েছি। আমরা এমন এক দল, যারা কেবল রক্ষণ আগলে ব্রাজিলের জন্য অপেক্ষা করব না; আমরা আক্রমণাত্মক ফুটবল খেলব।’
তবে ব্রাজিলের আক্রমণভাগের গভীরতা মাথায় রেখে রক্ষণ নিয়েও সতর্ক ছিলেন নরওয়ে কোচ। তিনি বললেন, ‘ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ৯০ বা ১২০ মিনিট–যে কোনো সময় আমাদের হয়তো রক্ষণ সামলাতে হতে পারে। সেই সময়টাতেও আমাদের সেরা মনোযোগ ধরে রাখতে হবে। আমরা যেন পরিস্থিতির চাপে পড়ে না গিয়ে নিজেদের স্বাভাবিক সহজাত ফুটবলটাই খেলতে পারি, সেটাই মূল লক্ষ্য।’
ম্যাচের কৌশলগত দিক নিয়ে সোলবাকেন আরও বলেন, ‘আমাদের লেফট ও রাইট ব্যাকদের ভূমিকা আজ খুব গুরুত্বপূর্ণ হবে। উইং ব্যাকদেরও সাহায্য করতে হবে, যাতে রক্ষণভাগে কাউকে একা একা ওয়ান-অন-ওয়ান চ্যালেঞ্জের মুখে পড়তে না হয়। আশা করি আমরা জোন ধরে খেলার কৌশলে সফল হব। তাহলে রক্ষণে যে-ই থাকুক-না কেন, পাশে সতীর্থের সাহায্য পাবে।’
পরিসংখ্যান এবং আত্মবিশ্বাসের ভিত্তিতে ব্রাজিলকে স্তব্ধ করে নরওয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখতে পারে কি না, সেই উত্তর আজ রাতেই মিলবে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন