০৩:৪২ পি.এম
জুন মাসে দেশের ওপর দিয়ে একাধিক মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এই মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকেও বেশি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। সাধারণভাবে জুনের মাঝামাঝি সময়ে বর্ষা ঋতুর সূচনা ঘটে এবং আষাঢ় মাসে বছরের দ্বিতীয় সর্বোচ্চ (৪৫৯ মিলিমিটার) বৃষ্টিপাত হয়। কিন্তু এবারে সেই স্বাভাবিক ধারার ব্যত্যয় ঘটার ইঙ্গিত প্রদান করছে আবহাওয়া অফিস। বৃষ্টির প্রবণতা কম থাকায় মাসের অনেকটা সময় জুড়ে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, জুন মাসে বঙ্গোপসাগরে এক বা একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই একটি লঘুচাপ মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। সব মিলিয়ে মাস জুড়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: পতেঙ্গায় শিশু সোহাগ হত্যা: ইমাম হোসেনের মৃত্যুদণ্ড
এদিকে মঙ্গলবার (২ জুন) বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, চলতি মাস থেকে আগস্ট মাসের মধ্যে বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী জলবায়ু পরিস্থিতি ‘এল নিনো’ সক্রিয় হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের এই সংস্থাটির মতে, উষ্ণমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এল নিনো পরিস্থিতি তৈরি হচ্ছে।
এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক নিয়মে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। এর ফলে দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তৈরি হতে পারে। আঞ্চলিক জলবায়ু কেন্দ্রগুলোর পূর্বাভাস বিশ্লেষণ করে ডব্লিউএমও উল্লেখ করেছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ায় এবারের মৌসুমে গড় বৃষ্টিপাতের তুলনায় কম বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
