০২:০৩ পি.এম
লক্ষ্মীপুরে যাত্রীদের নিষেধ অমান্য করে চালানো একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। এই মারাত্মক দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে বাবুল (৬৫) এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ছিদ্দিকুর রহমানের স্ত্রী মানছুরা বেগম। নিহত অপর একজন পুরুষের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই বাসের নিচে চাপা পড়ে তিনজন মারা যান এবং অন্তত ১৫ জন আহত হন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে সড়ক চলাচল স্বাভাবিক করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী বৃদ্ধ আব্দুর রহমান জানান, তারা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। চালক শুরু থেকেই অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার গতি কমানোর জন্য অনুরোধ করলেও চালক তা আমলে নেননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নাফিস এন্টারপ্রাইজের ‘আনন্দ পরিবহন’-এর বাসটি সড়কের ওপর উল্টে পড়ে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, সড়ক দুর্ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: গান বন্ধ মন্তব্যে বিতর্ক, অবস্থান পরিষ্কার করলেন হুইপ জি কে গউছ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন