০২:০৪ পি.এম
ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দুবৃর্ত্তরা এই আগুন লাগায়। প্রতিবাদ হিসেবে সোমবার (৯ নভেম্বর) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কিছু সমন্বয়ক ও কর্মী অনশন শুরু করেন, যারা দ্রুত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, রবিবার মধ্যরাতে শহীদ সাগর চত্বরে সাগরের প্রতিকৃতিসহ নির্মিত ভাষ্কর্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ দলের অন্যান্য নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও ঘটনাস্থলে আসেন।
আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনশনে বসেন জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না’। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি ফুলবাড়িয়া কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই ময়মনসিংহ নগরের সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ গুলি ছোড়ে, যার ফলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।’
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন