মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১১ এম
মেয়াদ শেষ হওয়ার প্রান্তে ভারতের সঙ্গে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে জাতীয় সংসদে আলোচনা করার জন্য বিরোধী দল আগ্রহ প্রকাশ করেছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম সংসদে সাধারণ আলোচনার জন্য কার্যপ্রণালির ১৪৭ বিধিতে নোটিস প্রদান করেছেন। আলোচনায় বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা এবং স্বার্থ সুরক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান গণমাধ্যমকে প্রস্তাব দেওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে নোটিসের বিষয়ে সংসদের প্রথম অধিবেশনের দিনে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানা গেছে, দু-এক দিনের মধ্যে নোটিসের বিষয়ে সংসদকে অবহিত করে স্পিকার সিদ্ধান্ত দেবেন।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে মীর আহমাদ বলেন, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। এই চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সময়মতো ন্যায্য ও টেকসই পানিবণ্টন ব্যবস্থা নিশ্চিত করা না হলে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে পানির তীব্র সংকট দেখা দিতে পারে। কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সংকটাপন্ন হয়ে পড়বে, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখা নদীগুলোর নাব্যতা হ্রাস পাবে, সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হবে এবং লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন এবং অববাহিকাভিত্তিক সুষম ব্যবহারের নীতির আলোকে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করা এবং দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত করার বিষয়টি বর্তমান সময়ে অন্যতম প্রধান দাবি হিসেবে নোটিসে উল্লেখ করেছেন মীর আহমাদ। তিনি বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন বা নতুন ন্যায্য পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য।
একই বিধিতে তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট এবং অন্যান্য কাঠামোগত সমস্যা সমাধানের লক্ষ্যে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান।
এদিকে ৬৮ বিধিতে আলোচনা করার জন্য আরও দুটি প্রস্তাব দিয়েছেন দলের দুই এমপি। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষিতে অবিলম্বে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন শফিকুল ইসলাম মাসুদ।
এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষিতে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম।
৬৮ বিধিতে আলোচনা করার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাজিবুর রহমান। সেগুলো হলো—প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের কামাল হোসাইন এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমাদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন মোঃ আনিছুর রহমান সরদার। সোমবার (৯ নভেম্বর) রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর কাঁধে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ।
এ সময় পুলিশ সুপার রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত আনিছুর রহমানকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ