বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৬:৫৩ পি.এম
কানাডার বিপক্ষে গোল করে বিশ্বকাপে একটি অনন্য তালিকায় তাঁর স্থান করে নিয়েছেন সুইজারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড ইয়োহান মানজাবি। বয়স মাত্র ২১ বছরের নিচে থাকার কারণে, তিনি এখন কিলিয়ান এমবাপ্পে এবং টমাস মুলারের মতো বিশ্বকাপের তারকাদের সঙ্গে রয়েছেন।
কানাডার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভের ক্ষেত্রে রুবেন ভার্গাস এবং মানজাবির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ম্যাচে তাদের পারফরম্যান্সের মাধ্যমে, এই তরুণ ফরোয়ার্ড ইতোমধ্যে টুর্নামেন্টে চারটি গোলের অবদান রেখেছেন।
এমন একটি কীর্তির মাধ্যমে মানজাবি বিশ্বকাপ ইতিহাসের মাত্র তৃতীয় অনূর্ধ্ব-২১ ফুটবলার হয়ে উঠেছেন, যিনি একটি আসরে চার বা তার বেশি গোল অবদান রাখতে সক্ষম হয়েছেন। এর আগে ২০১৮ বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে এবং ২০১০ বিশ্বকাপে টমাস মুলারও এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
একই ম্যাচে, সুইজারল্যান্ডের আরেক খেলোয়াড় রুবেন ভার্গাসও গোল করে আলোচনায় আসেন। তাঁর গোলের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রভাব আরও সুস্পষ্ট হয়।
অন্যদিকে কানাডার বিপক্ষে জয়লাভের মাধ্যমে সুইজারল্যান্ড গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে। একই গ্রুপে তারা টানা চারটি বিশ্বকাপে (২০১৪, ২০১৮, ২০২২ ও ২০২৬) নকআউট পর্বে জায়গা করে নেওয়ার নজির স্থাপন করেছে।
এই ধারাবাহিকতায়, সুইজারল্যান্ড এখন দ্বিতীয় ইউরোপিয়ান দল হিসেবে ফ্রান্সের সঙ্গে যুক্ত হয়ে টানা চার আসরে শেষ ষোলোতে জায়গা করার কৃতিত্ব অর্জন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় আঘাত হানা শতাব্দীর অন্যতম শক্তিশালী ভূমিকম্পের পেছনে রয়েছে পৃথিবীর অভ্যন্তরে দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল চাপ। ভূতত্ত্ববিদরা বলছেন, দেশটির ভৌগোলিক অবস্থানই এমন শক্তিশালী ভূমিকম্পের অন্যতম কারণ।
বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বাইরের স্তর বা ভূত্বক কয়েকটি বিশাল টেকটোনিক প্লেটে বিভক্ত। এগুলো অনেকটা জিগস পাজলের খণ্ডের মতো একে অপরের সঙ্গে যুক্ত থাকলেও ক্রমাগত ধীর গতিতে সরে যাচ্ছে। বছরে মাত্র কয়েক সেন্টিমিটার করে এই সঞ্চালন ঘটে, যা মানুষের নখ বৃদ্ধির গতির কাছাকাছি।
উত্তর ভেনেজুয়েলা ক্যারিবীয় প্লেট এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেট একে অপরের তুলনায় ধীরে ধীরে সরে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে তাদের কিছু অংশ আটকে যায়।
এর ফলে বছরের পর বছর ধরে ওই এলাকায় চাপ জমতে থাকে। একসময় সেই চাপ সহ্যের সীমা অতিক্রম করলে প্লেটগুলো হঠাৎ সরে যায় বা নিজেদের অবস্থানে ফিরে আসে।
এই আকস্মিক নড়াচড়ার ফলে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়, যা ভূমিকম্প হিসেবে অনুভূত হয়। বিজ্ঞানীরা বলছেন, ভেনেজুয়েলায় সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পেছনেও একই প্রক্রিয়া কাজ করেছে।
উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ দেশের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৯৭১ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোর্স: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের বেইজিংয়ে ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘লাল গালিচা’ সংবর্ধনা এবং ‘গার্ড অব অনার’ প্রদর্শন করা হয়েছে।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টায় এই সম্মান প্রধানমন্ত্রীর জন্য প্রদত্ত হয়।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রীর জন্য লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান। এ সময় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল সশস্ত্র সালাম দেয়।
দু’দেশের জাতীয় সংগীত বাজানোর সময়, তোপধ্বনি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানানো হয়। পরে উভয় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
এদিন বাংলাদেশ এবং চীনের মধ্যে মোট ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা বিশ্লেষকদের মতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এর আগে, চীনের দালিয়ান প্রদেশে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের সম্মেলন শেষে গত বুধবার (২৪ জুন) বিকেলে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্টেশনের প্ল্যাটফর্মে তার অভ্যর্থনা জানানো হয়।
বুধবার দিনভর দালিয়ানে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সম্মেলন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম নেতৃবৃন্দসহ মোট ১ হাজার ৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া সাইডলাইন বৈঠকে কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৈঠকে আলোচনা হয় দুই দেশের মধ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে।
মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান গভীর সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশরের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দুই দেশের মধ্যে বিদ্যমান এই দ্বিপক্ষীয় সম্পর্ক অদূর ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
হাইকমিশনার জানান, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে দুটি চুক্তি স্বাক্ষরিত হবে।
তিনি বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।
মন্ত্রী ২০২৪ সালে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর আওতায় যুক্তরাজ্য থেকে বাংলাদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক প্রত্যাবাসনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং যুক্তরাজ্য প্রেরিত ‘ইউকে লেটার’ এর প্রস্তাবটি ইতিবাচকভাবে পরীক্ষা করা হচ্ছে বলে জানান।
বৈঠকে অভিবাসন অপরাধ প্রতিরোধ, ‘পুলিশ রেফারেল প্রোগ্রাম’, অবৈধভাবে পাচারকৃত অর্থ ও সম্পদ চিহ্নিতকরণ এবং তা পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রী রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-২ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের, রাজনৈতিক-১ শাখার উপসচিব মিনারা নাজমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শক্তিশালী আঘাত হানা দুইটি বড় ভূমিকম্পের পর আরও দু’টি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তথ্য জানিয়েছে।
সংস্থার তথ্যানুযায়ী, বড় দুইটি কম্পনের পরে উত্তরাঞ্চলীয় উপকূল এলাকায় একাধিক পরাঘাত (আফটারশক) অব্যাহত রয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শক্তিশালী ভূমিকম্পের মাত্র ১৯ মিনিট পরে রাজধানী কারাকাসের নিকটবর্তী অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর পর প্রায় সাত ঘণ্টা পরে একই এলাকা কাছাকাছি আবারও একটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভেনেজুয়েলার সিসমোলজিক্যাল সংস্থাও জানিয়েছে যে, এর পর থেকে দেশটিতে এক ডজনের অধিক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের পর এ ধরনের ছোট ছোট কম্পন ঘটানো স্বাভাবিক ঘটনা। কিন্তু এসব পরাঘাত কতদিন চলবে তা ভূ-চ্যুতি অঞ্চলের পরিস্থিতির ওপর নির্ভরশীল।
ইউএসজিএস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি ৫ মাত্রার আফটারশক হওয়ার ৯৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। এর ফলে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং আশপাশের অঞ্চলগুলোতে নতুন করে কম্পনের ঝুঁকি থাকার কারণে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ