বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৬:৫৭ পি.এম
ভেনেজুয়েলায় স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় শক্তিশালী আঘাত হানা দুইটি বড় ভূমিকম্পের পর আরও দু’টি ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) তথ্য জানিয়েছে।
সংস্থার তথ্যানুযায়ী, বড় দুইটি কম্পনের পরে উত্তরাঞ্চলীয় উপকূল এলাকায় একাধিক পরাঘাত (আফটারশক) অব্যাহত রয়েছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, শক্তিশালী ভূমিকম্পের মাত্র ১৯ মিনিট পরে রাজধানী কারাকাসের নিকটবর্তী অঞ্চলে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর পর প্রায় সাত ঘণ্টা পরে একই এলাকা কাছাকাছি আবারও একটি ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভেনেজুয়েলার সিসমোলজিক্যাল সংস্থাও জানিয়েছে যে, এর পর থেকে দেশটিতে এক ডজনের অধিক ছোট মাত্রার ভূমিকম্প অনুভূত হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, বড় ধরনের ভূমিকম্পের পর এ ধরনের ছোট ছোট কম্পন ঘটানো স্বাভাবিক ঘটনা। কিন্তু এসব পরাঘাত কতদিন চলবে তা ভূ-চ্যুতি অঞ্চলের পরিস্থিতির ওপর নির্ভরশীল।
ইউএসজিএস জানিয়েছে, তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত একটি ৫ মাত্রার আফটারশক হওয়ার ৯৪ শতাংশ সম্ভাবনা রয়েছে। এর ফলে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং আশপাশের অঞ্চলগুলোতে নতুন করে কম্পনের ঝুঁকি থাকার কারণে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালীকরণ, বাণিজ্য সম্প্রসারণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে ভিসা ব্যবস্থায় নতুন পদক্ষেপ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এর অংশ হিসাবে, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপিন্স, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার বৈধ ভিসাধারীদের জন্য পুনরায় ভিসা অন-অ্যারাইভাল সুবিধা চালু করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব দেশের নাগরিক এবং তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা ১৪ দিন বা ৬০ দিনের ভিসা-অন-অ্যারাইভাল পাওয়ার জন্য যোগ্য হবেন।
তবে এ সুবিধার জন্য আবেদনকারীদের কাছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য দেশ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক ইস্যুকৃত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনসম্পর্কগুলো আরও গভীর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের নাগরিকরা আমিরাতের পর্যটন সুবিধা, ব্যবসাবান্ধব পরিবেশ, গতিশীল অর্থনীতি এবং উন্নত অবকাঠামোর সুযোগসমূহ আরও সহজে উপভোগ করতে সক্ষম হবেন।
এছাড়া ভ্রমণ প্রক্রিয়া সহজ করা, কনস্যুলার সেবা আরও কার্যকর করা এবং ব্যবসা, বিনিয়োগ ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক কেন্দ্র হিসেবে আমিরাতের অবস্থান আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৪ দিনের ভিসাকে একবার নবায়ন বা মেয়াদ বৃদ্ধি করা যাবে। তবে ৬০ দিনের ভিসা শুধুমাত্র একবার প্রবেশ ও অবস্থানের জন্য ইস্যু করা হবে এবং এর মেয়াদ বাড়ানো সম্ভব নয়। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা গুনতে হবে। ১৪ দিনের ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসার জন্য ২৫০ দিরহাম দিতে হবে।
সূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি মুরগিবাহী ছোট ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের আওতাধীন চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী ছোট ট্রাক ছিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক নেপেন (৫০) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত নেপেন মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার বাসিন্দা এবং শিলাশের ছেলে বলে জানা গেছে। এ সময় অটোরিকশার এক যাত্রী ফিলকস (৬০) গুরুতর আহত হন। পুলিশ ফিলকসকে দ্রুত উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ফিলকসকে মৃত ঘোষণা করেন।
নিহত ফিলকস পীরগঞ্জ উপজেলার খালাশা এলাকার নুহাশ কুজুরের ছেলে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্ধার কাজে সহযোগিতা করেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের দাবি, ছিলিমপুর মোড় এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। সড়কটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আমতলী থানার নবাগত অফিসার ইন চার্জ মো: ইয়াকুব হোসাইন এর সাথে স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত হয়েছে । মত বিনিময় সভায় আমতলী প্রেসক্লাবের সভাপতি মো; রেজাউল করিম, সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, এস,এম,নাসির মাহামুদ , যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর, জোসেব মাহাতাব, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মো: সজিব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো: মনিরুল ইসলাম, সাংবদিক হারুন অর রশীদ, জিয়া উদ্দিন সিদিদকি ,নাসরিন সিপু, আব্দুর রহমান, জিহাদ হোসেন (প্রমুখ) উপস্থিত ছিলেন । মত বিনিময় সভায় নবাগত ওসি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির একটি বড় লক্ষ্যমাত্রা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বৃহস্পতিবার (২৫ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত একটি সেমিনারে এই মন্তব্য করেন।
ওই সেমিনারে তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের তদারকিতে এবার ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্ব-স্ব মন্ত্রীদের অফিস এবং আইএসে এই ড্যাশবোর্ডটি থাকবে। প্রতিদিন প্রতিটি প্রকল্পের মুভমেন্ট কীভাবে হচ্ছে, তা সরকার সরাসরি মনিটর করবে। কোথাও কাজের গতি থমকে গেলে বা ল্যাপস হলে সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে তা ফ্ল্যাশ করবে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অবশ্যই এর জবাবদিহি করতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, বিগত সরকারের প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ডেট বা ঋণ বর্তমান সরকারকে পরিশোধ করতে হবে। এতে ফিসক্যাল স্পেস (আর্থিক সক্ষমতার জায়গা) সংকুচিত হয়ে এসেছে। তা সত্ত্বেও, আগামীতে সরকারের ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে।
অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটের শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পূরণ করা সম্ভব হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ