০২:৪৩ পি.এম
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকা দাবি করেছে। এই দাবির প্রেক্ষিতে সংগঠনের সদস্যরা মজুরি বোর্ডের সামনে সড়কে বিক্ষোভ করছেন।
ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে বোর্ডের সকল সদস্য উপস্থিত রয়েছেন।
বৈঠক শুরুর পূর্বে, শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোট পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার ১৩১ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে। তারা মূল মজুরি (বেসিক) মোট মজুরির ৬০ শতাংশ, বাড়ি ভাড়া ৫০ শতাংশ এবং বার্ষিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার প্রস্তাবও দিয়েছে। এ স্মারকলিপিটি পোশাক খাতের ৫৫টি নিবন্ধিত শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়।
আরও পড়ুন: শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য
স্মারকলিপিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়সহ মোট ১২টি মানদণ্ড বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বেতন কাঠামো, এশীয় অঞ্চলের ন্যূনতম মজুরি এবং কম্বোডিয়া, পাকিস্তান, ভারত ও ভিয়েতনামের পোশাকশ্রমিকদের মজুরি কাঠামো পর্যালোচনার প্রস্তাবও দেওয়া হয়।
শ্রমিক প্রতিনিধিরা উল্লেখ করেন, দেশের প্রায় ৭ কোটি ৫০ লাখ শ্রমশক্তির মধ্যে তৈরি পোশাক খাতে কর্মরত প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবনমান ও অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ও নিরপেক্ষ মজুরি কাঠামো নির্ধারণ করা আবশ্যক। তারা ২০০৬ সালের মজুরি কাঠামোর আদলে মোট মজুরির ৬০ শতাংশ মূল মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।
তাদের মতে, মূল মজুরির অনুপাত কম হলে শ্রমিকদের ওভারটাইমের পারিশ্রমিক এবং চাকরি শেষে প্রাপ্য সার্ভিস বেনিফিট কমে যায়। বিশেষ করে দীর্ঘদিন চাকরি করার পর মূল মজুরির অনুপাত কম থাকায় শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এছাড়াও বাড়িভাড়া মোট মজুরির ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে খাদ্য ও পুষ্টিসামগ্রীর মূল্যবৃদ্ধি, বাজারদর এবং বার্ষিক মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ১৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি, ফিরবেন না: আইসিটি প্রধান প্রসিকিউটর
শ্রমিক প্রতিনিধিরা জানান, ডাইং ও নিট খাতের শ্রমিকদের সুনির্দিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে আজকের সভার পর আরও আটটি অতিরিক্ত প্রস্তাব যুক্ত করা হবে।
তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা জরুরি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন