০৮:২১ এম
ব্যাট হাতে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলার পরও বাংলাদেশ দলের জয় পাওয়া হলো না। রেকর্ড ১৩৬ রান সংগ্রহ করার পরও ভারতীয় দলের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে টিকতে পারল না নিগার সুলতানার দল। ওল্ড ট্রাফোর্ডে ১৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই ভারত তাদের লক্ষ্যে পৌঁছে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারায়। তবে জুয়াইরিয়া ফেরদৌস এবং সোবহানা মোস্তারির ৫১ রানের জুটি ইনিংসের ভিত্তি গড়ে। জুয়াইরিয়া ৩৩, সোবহানা ২২ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩২ রানের কার্যকর ইনিংস খেলেন।
শেষদিকে স্বর্ণা আক্তার ও রিতু মনির ছোট ছোট ইনিংসে বাংলাদেশ ৮ উইকেটে ১৩৬ রানে পৌঁছে যায়, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের আগে ব্যাট করে সর্বোচ্চ সংগ্রহ।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
কিন্তু রান রক্ষার লড়াইয়ে শুরুতেই বড় একটি সুযোগ হারিয়ে ফেলেন তারা। প্রথম ওভারের শুরুতেই শেফালি বর্মার সহজ ক্যাচ উইকেটকিপার নিগার ধরতে পারেননি। সেই জীবন পেয়ে শেফালি দুর্দান্ত ৩৪ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেললেন এবং ম্যাচের নিয়ন্ত্রণ ভারত হাতে তুলে নিল। যষ্টিকা ভাটিয়া ২৩ ও জেমিমা রদ্রিগেজ অপরাজিত ২৬ রান করে ভারতের সহজ জয় নিশ্চিত করলেন।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন রিতু মনি। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। চারটি ম্যাচে বাংলাদেশ দ্বিতীয় বার হারল, যা সেমিফাইনালের সম্ভাবনাকে কঠিন করে তুলেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন