ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার


সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

নোয়াখালীতে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরিকৃত জ্যাকেট পরিধান করে এবং হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদের সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি বাংলাদেশ পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি জ্যাকেট, তিনটি ওয়াকিটকি ও একটি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার দিকে সুধারাম থানার ওসি মো.নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনীর ব্রাইট হাউজে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাতজন হলেন, লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের মো. শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর মো. নাদির (২৯) এবং ঢাকার মো. শরীফ মিয়া (৫৫)।

আরও পড়ুন: কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ মো. আতাউর রহমান (৬২) ফোন করে অভিযোগ করেন যে, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে তার মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছেন। খবর পাওয়ার পর সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ জাহাঙীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরীকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট পরে ও ওয়াকিটকি হাতে থাকতে দেখতে পায়। পরে শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম, রুবেল হোসেন ও মো. নাদিরকেও ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের হেফাজত থেকে তিনটি জ্যাকেট ও তিনটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেট্রো-চ-১৪-৮২৪৫ নম্বরের একটি এক্স-নোহা গাড়ি থেকে মো. শরীফ মিয়াকে আটক করা হয়। ওই গাড়ি থেকেও পুলিশের ব্যবহৃত জ্যাকেটের আদলে তৈরি আরও একটি গাঢ় খাকি রঙের জ্যাকেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেপ্তার শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের শরিয়াহ মোতাবেক বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে গত ২১ জানুয়ারি ২০২৬ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ, জেলা প্রশাসকের উপস্থিতি

পুলিশ জানায়, গত ১২ আগস্ট জাহাঙ্গীর আলম, আবুল কাশেম সোহেল ও শাহাদাত হক খান চৌধুরী সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে ও ওয়াকিটকি হাতে নিজেদের সিআইডি কর্মকর্তা পরিচয়ে আতাউর রহমানের বাসায় প্রবেশ করেন। পরে শুভ চৌধুরী, রুবেল হোসেন ও নাদিরও সেখানে প্রবেশ করেন। কারচুপির উদ্যোগে তাসনীমুল জান্নাত ওরফে মালিহাকে জোরপূর্বক টানাহেঁচড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন।

ওসি মো. নজরুল ইসলাম আরও বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে গ্রেপ্তার করে। তাদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের অবরোধকে ‘সন্ত্রাস’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের অবরোধকে ‘সন্ত্রাস’ বললেন মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের অবরোধকে বৃহস্পতিবার ‘সন্ত্রাস’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

গত রোববার থেকে নাবলুসের কাছে বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি অবরুদ্ধ করে রেখেছে। এসব বাড়ির মধ্যে একটি বাড়ির মালিক একজন মার্কিন নাগরিক। বাসিন্দারা জানাচ্ছেন, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছেন।

মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘এই পরিবারকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের কর্মকাণ্ড ঘৃণ্য।’

তিনি আরো লিখেছেন, ‘এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’ হাকাবি বলেছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরাইল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। যুক্তরাষ্ট্র ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র।

হাকাবির মতো একজনের কাছ থেকে এমন মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিস্টান যাজক। অতীতে তিনি পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকে সমর্থন করেছেন। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরাইল। হাকাবি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণাও প্রত্যাখ্যান করেছেন।

গত বুধবার ইসরাইলি সামরিক বাহিনী সেখানে সৈন্য পাঠায়। তারা একটি তাঁবু সরিয়ে নিয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বসতি স্থাপনকারীরা কম্বল নিয়ে সেখানে অবস্থান অব্যাহত রেখেছে। পরে বুধবার সেনাবাহিনী জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা নতুন একটি ব্যাটালিয়ন পাঠাবে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাস ইসরাইলে হামলা চালানোর পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির মধ্যে ৫ লক্ষাধিক ইসরাইলি বসতি স্থাপন করে রয়েছে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


সাংবাদিক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

 

সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে তিনি ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে সময় তিনি সমকালের সম্পাদকের দায়িত্বে ছিলেন।

গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন। সেই সময় থেকেই তিনি টানা পাঁচ দশকের বেশি সময় সাংবাদিকতায় থাকার মাধ্যমে মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চা করে নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মরহুম সিতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার বাংলাদেশের মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন।

গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায়, ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশায় তাঁর অভিষেক হয়। একই বছর তিনি দৈনিক সংবাদে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি সংবাদে কাজ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের সময়, তিনি নিজ এলাকা বরিশালের বানারীপাড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের পরে কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।

সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে গোলাম সারওয়ার একুশে পদক লাভ করেন।

গোলাম সারওয়ারের জামাতা মিয়া নাঈম হাবীব জানিয়েছেন, আজ বৃহস্পতিবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবার এবং গোলাম সারওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের জন্মস্থান বরিশালের বানারীপাড়ায়ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে সারাদিন কোরআনখানি ও বানারীপাড়া উত্তরপাড়া বেগম ফজিলাতুন্নেছা এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিমকে টপকে টেস্ট ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


তামিমকে টপকে টেস্ট ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ : বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে টপকে মোমিনুল হক দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন। ৭৯ টেস্টে, মোমিনুলের রান বর্তমানে ৫১৬৬। তামিম ৭০ ম্যাচে ৫১৩৪ রান সংগ্রহ করেছেন।

আজ থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় মোমিনুল তামিমকে টপকে যান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। এরপর, দিন শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান করতে সক্ষম হয়।

মোমিনুল তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৬টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন। এই ইনিংস খেলার মাধ্যমে তিনি বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হিসেবে তামিমকে পিছনে ফেলেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১। তামিমকে টপকে যেতে তার প্রয়োজন ছিল ৪ রান।

বাংলাদেশের ইনিংসে নবম ওভারে ক্রিজে আসেন, ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। তিনি ১ রান নিয়ে রানের খাতা খুলেন। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে সর্বোচ্চ রানের তালিকায় তামিমকে পেছনে ফেলেন মোমিনুল। বর্তমানে ৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে মোমিনুল ৫১৬৬ রানের মালিক। ১৩ শতক ও ২৮ অর্ধশতক হাঁকানো মোমিনুলের ব্যাটিং গড় ৩৮.২৬।

৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে তামিম বর্তমানে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন।

অভিজ্ঞ মুশফিকুর রহিম ১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে ৬৮০৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন।

মুশফিক, মোমিনুল ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের টেস্টে ৫ হাজার রান নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : সুদানের রাজধানী খার্তুমে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আধাসামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এএফপির সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য প্রদান করেছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে যুদ্ধ চলছে। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং তার সাবেক উপ-প্রধান মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে এ যুদ্ধ চলছে।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানাচ্ছে।

সর্বশেষ হামলার এক দিন আগে আরএসএফ সমন্বিতভাবে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছিল। এই হামলার ফলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা কয়েক শত কিলোমিটার দূরের পাঁচটি শহরকে লক্ষ্যবস্তু করা হয়।

বৃহস্পতিবার রাজধানীতে এএফপির সংবাদদাতা জানান, খার্তুমের যমজ শহর ওমদুরমান থেকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিলিশিয়াদের ড্রোন মোকাবিলা করে সেগুলো ভূপাতিত করেছে।’

খার্তুমের কেন্দ্রীয় অংশ এবং নীল নদের ওপারে খার্তুম নর্থের প্রত্যক্ষদর্শীরাও আকাশে ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তারা বিস্ফোরণের শব্দও শুনেছেন।

দেশজুড়ে ত্রাণকর্মীদের হিসাবে ২ লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ এই সংঘাতকে ‘নৃশংসতার যুদ্ধ’ বলে অভিহিত করেছে। এই সংঘাতের কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকটও সৃষ্টি হয়েছে।

এক সময়ে মিত্র ছিলেন বুরহান ও দাগলো। কিন্তু ক্ষমতার তীব্র দ্বন্দ্বে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। যুদ্ধের বেশিরভাগ সময় তারা অনেকটা অচলাবস্থার মধ্যে রয়েছেন।

সিদ্ধান্তমূলক সামরিক সুবিধা অর্জনের চেষ্টা করতে গিয়ে তারা আলোচনা করতে রাজি হননি।

গত বছর আরএসএফ বিশাল পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করে। এরপর তারা দক্ষিণাঞ্চলীয় কোরদোফান অঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার চেষ্টা চালায়।

সেনাবাহিনী সুদানের মধ্যাঞ্চল, উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। গত মাসে তারা কোরদোফানে বড় ধরনের জয় লাভ করে। রাজধানীর দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক থেকে আরএসএফকে বিতাড়িত করে।

এর পর দাগলো বলেন, তিনি তার যোদ্ধাদের ‘মুক্ত করে দেবেন।’ এসব যোদ্ধার বিরুদ্ধে গণহত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এরপর থেকে তার বাহিনী বারবার বড় ধরনের পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%