প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনে তিনি ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে সময় তিনি সমকালের সম্পাদকের দায়িত্বে ছিলেন।
গোলাম সারওয়ার ষাটের দশকে সাংবাদিকতা পেশা হিসেবে গ্রহণ করেন। সেই সময় থেকেই তিনি টানা পাঁচ দশকের বেশি সময় সাংবাদিকতায় থাকার মাধ্যমে মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চা করে নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মরহুম সিতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার বাংলাদেশের মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের পক্ষে আজীবন সোচ্চার ছিলেন।
গোলাম সারওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায়, ১৯৬২ সালে চট্টগ্রামের দৈনিক আজাদীর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা পেশায় তাঁর অভিষেক হয়। একই বছর তিনি দৈনিক সংবাদে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত তিনি সংবাদে কাজ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধের সময়, তিনি নিজ এলাকা বরিশালের বানারীপাড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধের পরে কয়েক মাস বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৭২ সালে দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সাল পর্যন্ত তিনি প্রধান সহ-সম্পাদক, যুগ্ম বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্য ২০১৪ সালে গোলাম সারওয়ার একুশে পদক লাভ করেন।
গোলাম সারওয়ারের জামাতা মিয়া নাঈম হাবীব জানিয়েছেন, আজ বৃহস্পতিবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবার এবং গোলাম সারওয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে মরহুমের জন্মস্থান বরিশালের বানারীপাড়ায়ও নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে সারাদিন কোরআনখানি ও বানারীপাড়া উত্তরপাড়া বেগম ফজিলাতুন্নেছা এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন