ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ, জেলা প্রশাসকের উপস্থিতি


আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ, জেলা প্রশাসকের উপস্থিতি

চট্টগ্রাম, ২৪ অক্টোবর, ২০২৬ : চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্ত রোগীদের শনাক্তকরণের কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট বিতরণ করেছে।

আজ শনিবার আনোয়ারা উপজেলা পরিষদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিটগুলো হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বলেন, প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি এবং জেলা প্রশাসনের ‘নান্দনিক চট্টগ্রাম’ উদ্যোগের আওতায় ২৭ জুলাই থেকে জেলাজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি শনিবার জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

অনুষ্ঠানের পর ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আনোয়ারা থানার অভ্যন্তরে অবস্থিত পুকুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গত ১০ মাসে উপজেলায় ১৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৩ জন, আগস্টে ২২ জন, সেপ্টেম্বরে ৫৮ জন এবং ২৪ অক্টোবর পর্যন্ত ৩১ জন আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: নেছারাবাদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জিজ্ঞাসাবাদের জন্য থানায় দুজন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দর মানবিক সমাজ বিনির্মাণে সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার বিকল্প নেই: এমপি হাজী জসিম উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


সুন্দর মানবিক সমাজ বিনির্মাণে সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধার বিকল্প নেই: এমপি হাজী জসিম উদ্দিন

যান্ত্রিক জীবনের কর্মব্যস্ততা থেকে বেরিয়ে এসে পারস্পরিক প্রীতি, সম্প্রীতি এবং নাড়ির টানকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে কুমিল্লায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে সোন্দ্রম গ্রামের একটি বর্ণাঢ্য পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তন প্রাণবন্ত আড্ডায় মুখরিত হয়ে ওঠে সোন্দ্রম গ্রামের নবীন ও প্রবীণদের। এই উৎসবমুখর আয়োজনকে স্মরণীয় করে রাখতে ‘আলোকিত সোন্দ্রম’ নামের একটি বিশেষ স্মারক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

কুমিল্লাস্থ ‘সোন্দ্রম চাকুরিজীবী ও ব্যবসায়ী ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, "একটি সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে পারিবারিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।" তিনি আরও উল্লেখ করেন, কর্মব্যস্ত জীবনের মধ্যেও এ ধরনের আয়োজন মানুষের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। এমপি হাজী জসিম উদ্দিনের বিশ্বাস, এই মিলনমেলা সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের বিকাশ ঘটাবে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। তিনি বলেন, "পারিবারিক মিলনমেলা শুধু আনন্দ-উৎসব কিংবা সৌজন্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।" তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে পরিবারের প্রবীণ সদস্যদের অভিজ্ঞতা ও আদর্শ থেকে নতুন প্রজন্ম শিক্ষা গ্রহণের সুযোগ পায়। একই সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে পারিবারিক মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে।

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও মিলনমেলার সভাপতি এ কে এম লুৎফুর রহমান রিপনের সভাপতিত্বে জঙ্গি দিছিস না অনুষ্ঠানের প্রধান বক্তা বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান বলেন, "পারিবারিক বন্ধনই মানুষের প্রথম ও শ্রেষ্ঠ আশ্রয়স্থল।" তিনি উল্লেখ করেন, জীবনের ব্যস্ততা ও দূরত্বের কারণে অনেক সময় আপনজনদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না। এই মিলনমেলা সবাইকে এক সুতোয় বাঁধার পাশাপাশি পুরোনো স্মৃতি রোমন্থন ও নতুন প্রজন্মের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তোলার দারুণ সুযোগ সৃষ্টি করেছে।

এই উদ্যোগ গ্রামীণ জনপদের নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে একটি অদৃশ্য আত্মিক সেতু তৈরি করেছে। এ আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে আত্মীয়তার বন্ধন আরও নিবিড় হবে এবং সমাজে সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও সমৃদ্ধ হবে। ফোরামের উদ্যোগে প্রকাশিত স্মরণিকা ‘আলোকিত সোন্দ্রম’ এই উৎসবের মধুর স্মৃতিগুলোকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক সংগঠন সোন্দ্রম চাকুরিজীবী ও ব্যবসায়ী ফোরাম জানিয়েছে, গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পারিবারিক বন্ধন জোরালো করা এবং নিজেদের ঐতিহ্য ও গৌরবময় স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই বর্ণিল মিলনমেলার মূল উদ্দেশ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


কর্মচারীর খোঁজে বেরিয়ে এল মুদি দোকানির মৃত্যুর ঘটনা

নোয়াখালীর সেনবাগে নিজ বসতঘর থেকে মো.হানিফ ওরফে সুমন (৪০) নামে এক মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের আলাবক্স বেপারী বাড়িতে এ ঘটনা জানাজানি হয়।

নিহত সুমন ওই এলাকার আলাবক্স বেপারী বাড়ির মৃত তফাজ্জল হকের ছেলে। তিনি স্থানীয় ফকিরহাট বাজারে মুদি দোকানদার ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে সুমনের দোকান বন্ধ ছিল। পরে দোকানের কর্মচারী জাহিদুল হক শাহীন মালিকের খোঁজ নিতে তার বাড়িতে যান। সেখানে বসতঘরের ভেতরে সুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। সুমনের স্ত্রী স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গত সাত থেকে আট মাস আগে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে সুমন বাজারের হোটেলে খাবার খেতেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে দুদিন আগে ওই ব্যবসায়ী আত্মহত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যার প্রধান আসামির বাড়ি গুঁড়িয়ে, মাটি তুলে নিচ্ছে জনতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যার প্রধান আসামির বাড়ি গুঁড়িয়ে, মাটি তুলে নিচ্ছে জনতা

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলোনিয়া গ্রামে ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি মোস্তফা কামালের বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার পর বর্তমানে ওই বাড়ির মাটি তুলে নেওয়ার কাজ শুরু করেছে বিক্ষুব্ধ জনতা। বাড়িঘর ভাঙচুরের পর মাটি তুলে নিয়ে যাওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গত ১৮ সেপ্টেম্বর দুপুরে বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু হয়। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এই কাজ চলমান রয়েছে।

আজ দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, দোতলা বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। সেখানে পূর্বে একটি বাড়ি ছিল, সেটি বোঝার কোনো উপায় নেই। বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মাটির নিচে থাকা ফাউন্ডেশনের রড পর্যন্ত কেটে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় একাধিক বাসিন্দার দাবি, ইট ও বালু গাড়িতে করে অন্যত্র নিয়ে বিক্রি করা হয়েছে।

বাড়িটির মাটি কেটে নিয়ে যাওয়ার কাজে নিয়োজিত শ্রমিক সলিম প্রামাণিক জানান, "মোস্তফা যে অন্যায় করেছে, তার শাস্তি হিসেবে তার বাড়িটি আমরা রাখিনি। এখন তার বাড়ির মাটি নিয়ে আমরা রাস্তায় ফেলছি, বাড়ির প্রয়োজনে কাজে লাগাচ্ছি। আমরা এখানে পুকুর তৈরি করব।"

বাড়ি ভাঙার কাজে অংশ নেওয়া আতাইকুলার মাধপুর এলাকার রুবেল হাসান বলেন, "ধর্ষক ও খুনি মোস্তফার বাড়ির কোনো চিহ্ন রাখা হবে না। ইট তো দূরের কথা, একটা বালুও এখানে রাখা হবে না। এখানে পুকুর হয়ে যাবে। নিদর্শন হিসেবে রাখা হবে, ধর্ষকের পরিণতি কী হয় সেটি বোঝানোর জন্য।"

এদিকে, বাড়ি ভাঙার কাজ শেষ পর্যায়ে পৌঁছালেও মামলার তদন্ত শেষ না হওয়ায় অভিযোগপত্র দাখিল না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির স্বজনেরা।

শিশুটির দাদা আব্দুস সোবহান বলেন, "এখনো চার্জশিট দেওয়া হয়নি। এতদিনে চার্জশিট দিয়ে দেওয়া দরকার ছিল। প্রশাসনের গাফিলতি আছে বলে মনে হচ্ছে।" তিনি দ্রুত তদন্ত শেষ করে মামলার পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান।

শিশুটির আরেক স্বজন রমজান আলী বলেন, "দোতলা বাড়ি একে একে ভাঙা হচ্ছে, কাজ শেষ হয়ে গেছে। বাড়ির কোনো চিহ্ন পর্যন্ত নেই। অথচ এখনো মামলার কাগজপত্রের কাজ শেষ হয়নি বলে শুনছি। এতদিনে তো বিচার শুরু হওয়ার কথা। সবার কাছে আমাদের একটাই দাবি—একটি শিশুর ধর্ষণের ঘটনা যেন টাকার কাছে বিক্রি হয়ে না যায়। পুলিশ প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।"

এ বিষয়ে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুস সালাম বলেন, "মামলার অগ্রগতি হচ্ছে। ফরেনসিক রিপোর্ট হাসপাতালে চলে আসছে শুনেছি। দ্রুতই আমরা চার্জশিট দেব। শিশু কলি ধর্ষণ ও হত্যা মামলায় কোনো গাফিলতি করার সুযোগ নেই।"

প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিবেশী মোস্তফা কামাল ও তার ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ৯ সেপ্টেম্বর মাগরিবের পর মোস্তফার দোকানের পেছনের একটি কক্ষে কলিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেওয়া হয়।

পুলিশ আরো জানায়, ঘটনা আড়াল করতে আসামিরা নিজেরাই কলিকে খোঁজার কাজে অংশ নিয়েছিলেন। রিমান্ডে মোস্তফা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। তবে ইয়াছিন ধর্ষণ বা হত্যার কথা অস্বীকার করে হত্যার পর সহযোগিতার কথা জানিয়েছেন। এ ঘটনায় আলামত ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাহিদ ইসলামের পদত্যাগ দাবি : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


নাহিদ ইসলামের পদত্যাগ দাবি : রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের পদত্যাগের দাবি তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেন, ‘পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’

শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এই কথা বলেন।

পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের প্রক্সি সংগঠনের সভাপতি নাহিদ ইসলাম। যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ হয়, সেই সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?’

তিনি আরও যোগ করেন, ‘শেখ হাসিনার সঙ্গে তুলনা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তবু যেহেতু পদত্যাগ করার আগে বিএনপি সরকারকে অবৈধ বলে তিনি বক্তব্য দিয়ে ফেলেছেন, সুতরাং এই বক্তব্যের পরে নাহিদ ইসলাম পদত্যাগ না করলে তার কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’

নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে তিনি লেখেন, ‘আশা করি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন এবং রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলে এনসিপির জনভিত্তির প্রমাণ দেবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%