ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মোবাইলেই জানুন বাবা-দাদার নামে জমির বিস্তারিত তথ্য


মোবাইলেই জানুন বাবা-দাদার নামে জমির বিস্তারিত তথ্য

জমি সংক্রান্ত তথ্য জানার জন্য অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। ভূমি অফিসে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তবে এখন আর ভূমি অফিসে যেতে হবে না আপনার বাবা-দাদার নামে কোথায় কত জমি আছে তা জানার জন্য। ভূমি সেবা ডিজিটাল হয়ে যাওয়ার ফলে এখন স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে জমির খতিয়ান ও দাগসংক্রান্ত প্রাথমিক তথ্য জানা সম্ভব। অনলাইনে খতিয়ানের কপির জন্য আবেদনও করা যাবে।

জমির তথ্য খোঁজার পদ্ধতি

প্রথমে স্মার্টফোনের ব্রাউজারে গিয়ে ‘ই-পর্চা’ লিখে সার্চ করতে হবে। এরপর সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে ‘খতিয়ান’ অপশন নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: ইনোভার: আধুনিক জীবনের প্রযুক্তি, নকশা ও নির্ভরযোগ্যতার সমন্বয়

পরবর্তী ধাপে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রেকর্ড অনুযায়ী খতিয়ানের ধরন হিসেবে বিএস, সিএস, আরএস বা এসএ নির্বাচন করার সুযোগ থাকবে।

এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম ব্যবহার করে জমির তথ্য খোঁজা সম্ভব। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর ক্যাপচা পূরণ করে ‘অনুসন্ধান করুন’ অপশনে ক্লিক করতে হবে।

সার্চ সম্পন্ন হলে সংশ্লিষ্ট রেকর্ডে জমির মালিকের নাম, দাগ ও খতিয়ানসংক্রান্ত তথ্য এবং জমির পরিমাণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে।

খতিয়ানের কপির আবেদন

আরও পড়ুন: প্রযুক্তির অগ্রগতির চেয়ে সেবার মানোন্নয়ন জরুরি: তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

অনলাইনে তথ্য দেখার পর প্রয়োজন হলে সংশ্লিষ্ট তথ্যের পাশে থাকা ‘আবেদন করুন’ অপশন থেকে খতিয়ানের কপির জন্য আবেদন করা যাবে। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, ই-মেইল, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করা যাবে।

আবেদন ফরম পূরণের পর তথ্য যাচাই করে পরবর্তী ধাপে যেতে হবে। নির্ধারিত ফি থাকলে সেবায় প্রদর্শিত অনুমোদিত পেমেন্ট মাধ্যম ব্যবহার করে অনলাইনে তা পরিশোধ করা যাবে।

শুধু নাম দিয়ে সব জমির তথ্য মিলবে?

অনলাইনে জমির তথ্য খোঁজার ক্ষেত্রে শুধুমাত্র একজনের নাম লিখে দেশের বিভিন্ন এলাকায় তার নামে থাকা সব জমির পূর্ণাঙ্গ তালিকা পাওয়া যাবে না। জমির রেকর্ড নির্দিষ্ট বিভাগ, জেলা, উপজেলা, মৌজা, খতিয়ান ও দাগের সঙ্গে সম্পর্কিত। তাই বাবা, দাদা বা পরিবারের অন্য কারও নামে থাকা জমি খুঁজতে সংশ্লিষ্ট এলাকার কিছু তথ্য জানা থাকলে অনুসন্ধান সহজ হয়।

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অনলাইনে পাওয়া তথ্য মূলত প্রাথমিক যাচাইয়ের কাজে ব্যবহার করা উচিত। জমি কেনাবেচা, উত্তরাধিকার বা মালিকানা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ান, দলিল, নামজারি এবং অন্যান্য সংশ্লিষ্ট নথি যাচাই করা প্রয়োজন। বিশেষ করে পুরোনো জমির ক্ষেত্রে বিভিন্ন সময়ের খতিয়ানে তথ্যের পরিবর্তন থাকতে পারে। তাই কোনো জমির বর্তমান মালিকানা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব বৈধ নথি মিলিয়ে দেখা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী সাচিং প্রু জেরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


পার্বত্য অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মন্ত্রী সাচিং প্রু জেরী

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনাবাদি ও টিলা জমিতে বাণিজ্যিকভাবে কফি এবং কাজুবাদাম চাষের সম্ভাবনা ব্যাপকভাবে দেখছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। তিনি মন্তব্য করেন, "এর মাধ্যমে পাহাড়ি কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি ও ভাগ্যোন্নয়ন সম্ভব।" এই লক্ষ্যে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে কৃষি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

শনিবার (৭ নভেম্বর) বান্দরবান জেলায় পরিচ্ছন্নতা অভিযানকালে চিম্বুক রেঞ্জের বাবুপাড়ায় স্থানীয় এক কৃষক উদ্যোক্তার কফি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী কৃষকদের প্রযুক্তিগত ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়ে বলেন, "স্থানীয় পাহাড়ি কৃষকদের কফি ও কাজুবাদাম, রাম্বুটান গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে চাষাবাদ থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত সমন্বিত প্রযুক্তি ও সার্বিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, পার্বত্য অঞ্চলের অনাবাদি ও টিলা জমিতে বাণিজ্যিকভাবে কফি, কাজুবাদাম ও রাম্বুটান বাগান গড়ে তুলতে চাষিদের নিরবচ্ছিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে।

পাহাড়ে কৃষিকাজ ও দৈনন্দিন জীবনযাত্রায় পানির সংকট সমাধানের গুরুত্ব তুলে ধরে সাচিং প্রু জেরী জানান, ন্থানীয় পাড়াগুলোতে পানির সংকট নিরসনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিভিন্ন সময়ে পানির ট্যাংক সরবরাহ করা হয়েছে।

মন্ত্রীর পরিবারের পক্ষ থেকেও পানিবাহী ট্রাকের মাধ্যমে পাহাড়ি এলাকায় নিয়মিত পানি সরবরাহ করা হচ্ছে এবং এই কার্যক্রম সারা বছর অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে মন্ত্রী রুমা উপজেলার লংবাইতং পাড়া বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত সীমা বিহার উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ঝিরি থেকে পাথর তুলে উন্নয়ন প্রকল্পে যাচ্ছে

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম অঞ্চল রেমাক্রী ও বড় মদক এলাকা প্রাকৃতিক পাথরের সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে পরিচিত। দীর্ঘ সময় ধরে পাথরের রাজ্য হিসেবে পরিচিত এই অঞ্চলের ঝিরি থেকে অবাধে পাথর তোলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, পাথর তোলার ফলে একদিকে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে, যা পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, গত দুই বছর ধরে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় পাথর ব্যবসায়ী ও ঠিকাদারদের একটি চক্র রেমাক্রী ও বড় মদক এলাকার প্রাকৃতিক পাথর তুলে তা সরকারি-বেসরকারি উন্নয়ন প্রকল্পের নামে সড়ক ও অবকাঠামো নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছে বিক্রি করছে।

তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায়, ঝিরি থেকে পাথর তোলার জন্য লামা এলাকার জকির নামের একজন ব্যক্তি শ্রমিক নিয়োগ করেছেন। পাথর তোলার পর সেগুলো ভেঙে খোয়া তৈরি করা হচ্ছে এবং পরে বিভিন্ন নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। তবে জাকিরের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বড় মদক এলাকার কয়েকজন বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথর তোলার ছবি ও ভিডিও প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে অনুসন্ধান চালালে বড় মদক ঝিরি থেকে পাথর তোলার সত্যতা উঠে আসে।

বড় মদক পাড়ার বাসিন্দা অংতুয়াই সিং মারমা, অনুমং মারমা, চিংহলা মং মারমাসহ স্থানীয় কয়েকজনের ভাষ্য, গত এক মাস ধরে লামা এলাকার পাথর ব্যবসায়ী জকির প্রায় ২০-৩০ জন শ্রমিক দিয়ে ঝিরি থেকে পাথর তুলছেন। তাদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা। তাদের দাবি, ইতোমধ্যে প্রায় পাঁচ থেকে সাত হাজার পিচ পাথর তোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঝিরি থেকে পাথর তুলে তা ক্রাশিং মেশিনের সাহায্যে ভাঙা হয়। পরে ওই ভাঙা পাথর বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প ও সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাছে বিক্রি করা হচ্ছে।

তারা বলছেন, অবৈধ পাথর তোলা বন্ধে গত কয়েক সপ্তাহে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু শনিবার বিকেল ৪টা পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা চলামং থোয়াই নু প্রু মারমার ভাষ্য, পাথর তোলায় বাধা দিতে গেলে ব্যবসায়ী জকির স্থানীয়দের হুমকি-ধমকি দেন। জাকিরের দাবি, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েই তিনি এ কাজ করছেন।

তবে পাথর তোলার বৈধ অনুমতিপত্র কিংবা সংশ্লিষ্ট কাগজপত্র দেখাতে চাইলে জাকির তা দেখাতে পারেননি বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। প্রশ্ন উঠছে, দুর্গম এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষার দায়িত্ব যাদের, তাদের সহযোগিতায় কীভাবে দিনের পর দিন পাথর তোলা হচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত জকিরের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।

রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুই সৈ থুই মারমা বলেন, "পাথর তোলার বিষয়টি আমার জানা নেই। তবে নদী বা ঝিরি থেকে পাথর না তুলতে বলা হয়েছিল স্থানীয়দের।"

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালকে একাধিকবার কল দেওয়া হলে তিনি তা ধরেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তাতে সাড়া দেননি তিনি।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান বলেন, "পাথর তোলার বিষয়ে আগে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নভোচারী অংশ নেবেন চীনের শেনঝৌ-২৪ মিশনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


পাকিস্তানি নভোচারী অংশ নেবেন চীনের শেনঝৌ-২৪ মিশনে

শনিবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের একজন নভোচারী চীনের মহাকাশ স্টেশনে ‘শেনঝৌ-২৪’ মিশনে অংশগ্রহণ করবেন। এই সিদ্ধান্ত চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় দুই দেশের সহযোগিতার অংশ হিসেবে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, ওই পাকিস্তানি নভোচারী হবেন চীনের মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি ব্যক্তি। তিনি ‘পেলোড বিশেষজ্ঞ’ হিসেবে দায়িত্ব পালন করবেন, যার অর্থ হচ্ছে তিনি মহাকাশে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার কাজ করবেন।

তবে চীন এখনও ওই নভোচারীর নাম প্রকাশ করেনি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের মহাকাশ সংস্থার এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন যে, জিশান আলী ও খুররম দাউদ নামের দুই পাইলট বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন।

চীন এখনও এই মিশনের তারিখ ঘোষণা করেনি। সিসিটিভির তথ্য অনুযায়ী, মহাকাশে স্বল্প সময় অবস্থানের পর ওই পাকিস্তানি নভোচারী ‘শেনঝৌ-২৩’ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন।

এটি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে প্রথম যৌথ অভিযান হবে, যেখানে চীনা নভোচারীদের পাশাপাশি একজন বিদেশি নভোচারীও অংশ নেবেন। এই উদ্যোগের মাধ্যমে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের মহাকাশ কূটনীতিও এগিয়ে নিতে চায় বেইজিং।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগদান করেছেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসার পর এটিই তার প্রথম উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক নিয়োগ।

ব্লাভাটনিক স্কুল জানায়, ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে সুশাসনের উন্নয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের প্রশিক্ষণে অভিজ্ঞ নেতাদের একত্রিত করা।

এই উদ্যোগের অন্যান্য সদস্যদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা বৈশ্বিক উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে নিয়মিত বৈঠক করেন।

ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরি উডস বলেন, ‘জাস্টিন ট্রুডোকে ডিস্টিংগুইশড ফেলো এবং ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নেতারা ভাবনা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ পান।’

তিনি আরও জানান, ট্রুডো এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ট্রুডো এবং ২০২৫ সালে পদত্যাগ করেন। তার মতে, দায়িত্ব পালনকালে বিশ্বে ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে।

ট্রুডো বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, অন্য নেতাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় রয়েছি। কীভাবে সরকারগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে সবার জন্য আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তা নিয়ে কাজ করতে চাই।’

সূত্র: ইয়েনি শাফাক

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%