০৭:১৩ পি.এম
কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগদান করেছেন। একই সময়ে তিনি প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার এক ঘোষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসার পর এটিই তার প্রথম উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক নিয়োগ।
ব্লাভাটনিক স্কুল জানায়, ওয়ার্ল্ড লিডার্স সার্কেল হলো সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর লক্ষ্য হলো বিশ্বজুড়ে সুশাসনের উন্নয়ন এবং ভবিষ্যৎ নীতিনির্ধারকদের প্রশিক্ষণে অভিজ্ঞ নেতাদের একত্রিত করা।
এই উদ্যোগের অন্যান্য সদস্যদের মধ্যে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা বৈশ্বিক উদীয়মান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে নিয়মিত বৈঠক করেন।
আরও পড়ুন: জাতিসংঘ: বন্যা ও ইসরায়েলি অবরোধে গাজা ‘বাসের অযোগ্য’
ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরি উডস বলেন, ‘জাস্টিন ট্রুডোকে ডিস্টিংগুইশড ফেলো এবং ওয়ার্ল্ড লিডার্স সার্কেলের সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে নেতারা ভাবনা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ পান।’
তিনি আরও জানান, ট্রুডো এক দশকের জনসেবার অভিজ্ঞতা নিয়ে এই উদ্যোগে যুক্ত হয়েছেন।
২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন ট্রুডো এবং ২০২৫ সালে পদত্যাগ করেন। তার মতে, দায়িত্ব পালনকালে বিশ্বে ভূরাজনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে।
ট্রুডো বলেন, পরিবর্তনশীল বিশ্বব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজন রয়েছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা পুনর্গঠনে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়া জরুরি।
আরও পড়ুন: ভারতের জ্বালানি সংরক্ষণ সক্ষমতা বাড়াতে ১.৫ বিলিয়ন ডলারের প্রকল্প অনুমোদন
নতুন দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের অভিজ্ঞতা কাজে লাগানো, অন্য নেতাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি বিনিময় এবং ভবিষ্যৎ সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করার সুযোগের অপেক্ষায় রয়েছি। কীভাবে সরকারগুলো পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে সবার জন্য আরো আশাবাদী, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, তা নিয়ে কাজ করতে চাই।’
সূত্র: ইয়েনি শাফাক
এমএমআর
আরও পড়ুন: চীন মস্তিষ্ক-পাঠ প্রযুক্তিতে ৯৪ শতাংশ নির্ভুলতা অর্জন করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন