ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল


রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুন হাইকোর্টে জেল আপিল করেছেন। রবিবার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি মো. সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি গ্রহণযোগ্যতার ওপর শুনানির জন্য রয়েছে। এর আগে, রামিসা হত্যায় আসামিদের মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স (যাবতীয় নথি) হাইকোর্টে এসে পৌঁছায়। গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৩৬৮ ধারা মোতাবেক আসামিদের মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে। আর ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এ ছাড়া আসামি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে দিতে বলা হয়েছে। জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আরো বলা হয়েছে, আসামিরা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২৮ ধারার বিধান সাপেক্ষে রায় ঘোষণার তারিখ থেকে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। এর আগে, গত ২৫ মে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। ওইদিনই মামলাটি পরবর্তী বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন মামলায় রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষ্য দেন। এর মাধ্যমে একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। এরপর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়। গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর রুমের জানালার গ্রিল কেটে ১ নম্বর আসামি সোহেল রানা পালিয়ে যান। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে আসামি স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। আর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা করেন। গত ২১ মে সেই মামলায় সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে পারিবারিক কলহে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ এম


চট্টগ্রামে পারিবারিক কলহে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক বিরোধের কারণে ঘরের ভেতরে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ফলে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। অভিযুক্তের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেয়া হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এই বেদনাদায়ক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার সুজন বড়ুয়ার স্ত্রী এনি বড়ুয়া (৪০) এবং তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। এ ঘটনায় গুরুতর আহত শিশু পিয়াস বড়ুয়াকে (৫) উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, সুদের টাকার বিষয়সহ অনেক কারণে সুজন বড়ুয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের কারণেই গতকাল রাত ১১টার দিকে বসতঘরে ঢুকে মা, মেয়ে ও শিশুর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় অভিযুক্ত তেজপ্রিয় বড়ুয়া। তিনি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসে। এর মধ্যেই এনি বড়ুয়া ও প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় শিশু পিয়াস বড়ুয়াকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পরিবারের দাবি, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় আবাসিক এলাকায় দায়িত্ব পালন করেন। তাদের সঙ্গে একই বাড়ির চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক জুয়েল আহমেদ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে জড়িত ব্যক্তি পলাতক রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, দুর্বৃত্তের হামলায় মা ও মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছে এক শিশু। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ঘিরে অনিশ্চয়তা, শেষ মুহূর্তেও জটিলতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ এম


ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ঘিরে অনিশ্চয়তা, শেষ মুহূর্তেও জটিলতা

যুদ্ধ অবসানের লক্ষ্যের জন্য ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তিচুক্তির খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। রোববার (১৪ জুন) এটি সই হতে পারে, বলে জানা গেছে। তবে চুক্তির প্রকৃত বিষয়বস্তু নিয়ে এখনো ব্যাপক ধোঁয়াশা বিরাজমান রয়েছে। চুক্তির বিষয়বস্তু ছাড়াও, এর বিভিন্ন দিক নিয়ে দুই পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করছে।

ইরানের অবস্থান তুলনামূলকভাবে অস্পষ্ট রয়ে গেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালিতে টোল আদায়ের ব্যবস্থা চালু করবে ইরান। এটি সমঝোতা স্মারকের অংশ বলেও তেহরান দাবি করেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে।

ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়টিও ধোঁয়াশায় রয়েছে। ইরানের দাবি, চুক্তিতে সম্পদ মুক্ত করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। তবে এটি কি বর্তমান সমঝোতা স্মারকের অংশ, নাকি ভবিষ্যতে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হওয়ার সম্ভবনাময় বৃহত্তর চুক্তির অংশ—সেটি স্পষ্ট করা হয়নি।

একইভাবে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটির প্রত্যাহারের বিষয়টিও বলেছেন। এই বিষয়টি আদৌ বর্তমান সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত আছে কি না, সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য নেই।

ফলে সম্ভাব্য চুক্তি সইয়ের আগমুহূর্তেও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। শেষ মুহূর্ত পর্যন্ত চুক্তির বিভিন্ন ধারা ও শর্ত নিয়ে অনিশ্চয়তা এবং অস্পষ্টতা রয়ে গেছে।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দেশ দুটির মধ্যে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, চুক্তি স্বাক্ষর হওয়ার পরপরই হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উপাদান নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিষ্ক্রিয় করে ধ্বংস করবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, উভয় পক্ষ শান্তি চুক্তির একটি কাঠামোতে সম্মত হয়েছে এবং রোববার ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর পরে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তি সইয়ের সম্ভাবনা খুব বেশি হলেও তা রোববারও হবে এমন নিশ্চয়তা নেই। তিনি জানিয়েছেন, আগামী দুই এক দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের।

যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৩৮ এম


শ্রমিকদের কর্মবিরতিতে বেনাপোল বন্দরে পণ্য খালাস বন্ধ

যশোরের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানান অভিযোগসহ ডাকা কর্মবিরতিতে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

কিন্তু, বন্দর থেকে পণ্য খালাস বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হয়। শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে বন্দরে পণ্যজট সৃষ্টি হয়েছে এবং সরকারের রাজস্ব আহরণেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গত শুক্রবার (১২ জুন) বেনাপোল বন্দরের শ্রমিক প্রতিনিধিরা বন্দরের পরিচালকের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। তারা এ আবেদনটি দিয়ে কর্মবিরতির বিষয়টি অবহিত করেন। আবেদনে শ্রমিকদের দাবি তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়েছিল। যথাযথ উদ্যোগ না নেয়ায় শ্রমিক নেতারা কর্মবিরতির সিদ্ধান্ত নেন।

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে বন্দর কর্তৃপক্ষের নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে কোনও চুক্তি করেনি। সঙ্গে শ্রমিকদের সঙ্গে সমন্বয় ও কার্যকর যোগাযোগও বজায় রাখা হয়নি। ঝুঁকিপণ্য খালাসে নিরাপদ সামগ্রী সরবরাহও করা হচ্ছে না। বিষয়টি একাধিকবার মৌখিক ও লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু কোনও সমাধান হয়নি। এই কারণে বাধ্য হয়েই তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, নিরাপদ পণ্য খালাসের সরঞ্জাম হাতে পাওয়া এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, শ্রমিকদের কর্মবিরতির ঘোষণায় বন্দরের ব্যবসায়ী, আমদানিকারক ও রফতানিকারকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। যদি দ্রুত সমাধান না হয়, তবে আমদানি-রফতানি বাণিজ্যে ব্যাঘাত ঘটতে পারে এবং শিল্পকারখানার কাঁচামাল সরবরাহেও প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্বল বিশ্বাস জানান, এই কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়বে পচনশীল জাতীয় কাঁচামালের ব্যবসায়ীরা। বিষয়টি দ্রুত সমাধান না হলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও বড় অংকের রাজস্ব বঞ্চিত হতে পারে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, পণ্য খালাস না হলে আমদানি-রফতানি চালু থেকে ব্যবসায়ীদের সেভাবে লাভ হবে না। কাস্টমস, বন্দর সর্বত্র অচলাবস্থা বিরাজ করছে। শ্রমিকদের দাবি বিবেচনা করে পণ্য খালাস কার্যক্রম চালুর জন্য বন্দর ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান তিনি।

বেনাপোল সোনালী ব্যাংকের ম্যানেজার জহীর রায়হান জানান, বেনাপোল বন্দর থেকে বড় অংকের রাজস্ব আহরণ করে ব্যাংক, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখে। যদি এই কর্মবিরতি দীর্ঘস্থায়ী হয়, তবে তা রাজস্ব আয়ে বিরূপ প্রভাব ফেলবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শ্রমিকদের দাবি-সংবলিত আবেদনটি ইতিমধ্যে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। তিনি আশা করছেন, দ্রুত একটি সিদ্ধান্ত আসবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টস জিতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১০:৪২ এম


টস জিতে ব্যাট হাতে মাঠে নামছে বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ কিছুক্ষণ পর শুরু হবে। প্রথম দুইটি ম্যাচে জয়লাভ করে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার জন্য এই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে বিশ্রামে রাখা হয়েছে। নাজমুল শান্ত এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%