০৩:৩৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনার ফুলতলায় জ্বালানি তেলবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও কলেজ শিক্ষার্থীবাহী বাসের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, যার ফলে অন্তত ২৪ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) সকালে, সকাল ৭টা ৫০ মিনিটের দিকে, উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদরাসার সামনের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে ৮ জনকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি ১৬ জনকে যশোর জেলার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রের মাধ্যমে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে যশোর থেকে খুলনাগামী একটি জ্বালানি তেলবাহী ট্রাক চলাচল করার সময় আচমকা এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, সংঘর্ষের পর তেলবাহী ট্রাকটির পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহী একটি বাস সামনে থাকা ট্রাকটিকে এড়িয়ে যেতে পারছিল না এবং সজোরে ধাক্কা দেয়। এটি ঘটনার পরপরই মুহূর্তের মধ্যেই তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বাস দুটি থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বিঘ্নিত হতে থাকে। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারিও তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানগুলি সরিয়ে নেয়ায় পরিস্থিতি আবার স্বাভাবিক হয়।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তৌহিদ জানান, ত্রিমুখী সংঘর্ষের ফলে মোট ২৪ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের সুবর্ণচর-চেয়ারম্যানঘাট সড়কের বয়ারচর মানিক কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল মাহমুদ চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা সিরাজ উদ্দিনের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।
চানন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন শুভ জানান, মেঘনা নদীর ভাঙনের কারণে সোহেল মাহমুদের পরিবার বর্তমানে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ফরেস্ট সিরাজের বাড়িতে বসবাস করছে। বুধবার সকালে তিনি মোটরসাইকেলে করে সুবর্ণচরের বাড়ি থেকে চানন্দী ইউনিয়নের নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে তার মোটরসাইকেলটি হরণী ইউনিয়নের বয়ারচর মানিক কাউন্টার এলাকায় পৌঁছালে একটি সুবর্ণ বাস ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। দুর্ঘটনায় তিনি পেট, হাত ও পায়ে আঘাত পান। স্থানীয়দের ভাষ্যমতে, আঘাত গুরুত্বর ছিলনা। তিনি নিজে নিজে উঠে দাঁড়ান। পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুর সোয়া ১২ দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ বুধবার বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।
অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি বাস উল্টে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন।
বাসের এক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করেন।
পরে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ