০৫:৩৪ পি.এম
চট্টগ্রাম, ৪ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (৪ আগস্ট) নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। এ সময় তিনি খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মেয়র মন্তব্য করেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ এবং জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করতে খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, খাল শুধুমাত্র পানি নিষ্কাশনের মাধ্যম নয়, এটি নগরীর পরিবেশগত ভারসাম্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খালগুলোর প্রবাহ সচল রাখাই আমাদের অঙ্গীকার।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
তিনি আরও জানান, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক রয়েছে। কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের তিনি প্রশংসা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন