০৯:০৬ পি.এম
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর নগরীতে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে দেখা যায়, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করার কারণে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা প্রশাসনিক অনিয়মের জন্য বেসরকারি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।
আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
যাঁরা অভিযানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক।
এছাড়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ল্যাব এইড ক্লিনিক এন্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহার করার জন্য ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা এবং আমার দেশ হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ে তিনটি ক্লিনিক ও হাসপাতাল লাইসেন্স না থাকার নানা অসঙ্গতি পেয়ে জরিমানা করা হয়।
আরও পড়ুন: জামিনে মুক্ত হয়ে শ্বশুরবাড়িতে পুলিশকন্যা তাসনিয়া রানা তামান্না
তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে রংপুরের গণমাধ্যম ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আধিদপ্তর থেকে সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন