ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত টাকা?


দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত টাকা?

টানা দুই দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: কালিয়াকৈরে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি মূল্য ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ৬ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: সুরঞ্জিতের নেতৃত্বে অভিজ্ঞতা নিয়ে আসিফ নজরুল ও সালাহউদ্দিন আহমদের মতভেদ

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি মূল্য ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল সাড়ে ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৯বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। এর মধ্যে দাম ৪৮ দফা বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এছাড়া গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৮৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি মূল্য ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৬১ দফা সমন্বয় হয়েছে রুপার দাম। যেখানে দাম ৩১ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম; যার মধ্যে বেড়েছিল ১০বার এবং কমেছিল মাত্র ৩বার।

আরও পড়ুন: মেঘনা নদীতে নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মা ইলিশ নিধনের মহোৎসব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতিকে নিয়ে মার্ক কার্নির কড়া সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪১ এম


ফিফা সভাপতিকে নিয়ে মার্ক কার্নির কড়া সমালোচনা

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো-এর নেতৃত্বের ওপর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইনফান্তিনোর নেতৃত্বের ওপর তার আর কোন আস্থা নেই।

বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্নি মন্তব্য করেছেন, ফিফার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বিদ্যমান। তবে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে তার ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি বিশ্বাস নষ্ট হয়েছে।

কার্নির এই মন্তব্যের পেছনে রয়েছে ফিফার একটি বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা। এই পরিকল্পনার আওতায়, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এই পরিকল্পনা অনুযায়ী, এফএফই-এর প্রায় ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য স্থির করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির সম্ভাব্য মূল্য প্রায় ২০ বিলিয়ন (২ হাজার কোটি) মার্কিন ডলার হতে পারে।

ফিফা জানিয়েছে, নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল সম্ভাব্য বিনিয়োগকারী কনসোর্টিয়ামের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব করেছে। প্রতিষ্ঠানটি জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটাল-এর সঙ্গে সংশ্লিষ্ট। উল্লেখ্য, জশুয়া কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার-এর ছোট ভাই।

কার্নির এই মন্তব্যের পর ফিফার বাণিজ্যিক কার্যক্রম ও সংস্থাটির শাসনব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কার্নির বক্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুতি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪২ এম


সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুতি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮

ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৫৮ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তারিখে এ হামলাকে গত চার বছরের মধ্যে দেশটির গৃহযুদ্ধের অন্যতম প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের সমর্থনে সরকারি বাহিনীর সামরিক প্রস্তুতির জবাবে বিভিন্ন সরকারি অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। একজন সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, হামলায় অন্তত ৫৮ সরকারি সেনা নিহত এবং আরও বহু সেনা আহত হয়েছেন। এর আগে চিকিৎসা সূত্রগুলো ৩৮ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘উপযুক্ত স্থান ও সময়ে’ এই হামলার জবাব দেবে তারা।

সামরিক ঘাঁটিতে হামলা

একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলা ২০২২ সালের পর ইয়েমেনে সরকারি বাহিনীর ওপর সবচেয়ে বড় হামলা হিসেবে গণ্য করা হচ্ছে। মধ্য ইয়েমেনের মারিব প্রদেশের আল-রুওয়াইক এলাকায় একটি সামরিক ঘাঁটি এবং সৌদি সীমান্তের কাছে হাদরামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়াহ এলাকার কয়েকটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।

একটি ক্ষেপণাস্ত্র হামলা মারিবের একটি ঘাঁটিতে সকালের সামরিক মহড়ার সময় আঘাত হানে। এতে অন্তত ৪৫ সেনা হতাহত হয়েছেন বলে সামরিক সূত্র জানিয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবরকে হামলার লক্ষ্যস্থল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি হুতিদের বিরুদ্ধে যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধির মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানান।

মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ফ্রন্ট

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সঙ্গে একীভূত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরু হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। গত মাস থেকে সৌদি আরবের বিরুদ্ধে হুতির তৎপরতা বাড়তে শুরু করে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনের সংঘাত অনেকটা স্থবির ছিল। তবে ওই যুদ্ধবিরতির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হয়ে গেলেও তা দীর্ঘদিন ধরে কার্যত বজায় ছিল।

সম্প্রতি সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে আবারও সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে হুতি। গত মাসে হোদেইদাহ বন্দরনগরীর দক্ষিণে সরকারি বাহিনীর ওপর হুতির এক হামলায় ১৬ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসা কর্মকর্তারা।

২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে এই গোষ্ঠীটি। এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা এবং জনবহুল উত্তরাঞ্চলের বড় অংশ। অন্যদিকে সৌদি সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দেশটির দক্ষিণাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা আইনের বিরুদ্ধে চলছে অনশন, যোগ দিলেন তিব্বতের ৩ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৬ এম


চীনা আইনের বিরুদ্ধে চলছে অনশন, যোগ দিলেন তিব্বতের ৩ নেতা

চীনের বিতর্কিত ‘জাতিগত ঐক্য ও অগ্রগতি প্রচার আইন’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আত্মোৎসর্গকারী তিব্বতি অ্যাক্টিভিস্ট লোবগা রাংজেনের স্মরণে শুরু হওয়া এই অনশন গত ১৯ দিন ধরে বিভিন্ন স্থানে চলমান। তিব্বতিদের কণ্ঠস্বরকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে তিব্বতি যুব কংগ্রেসের (টিওয়াইসি) আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচি চলছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালায় নির্বাসিত তিব্বত সংসদের তিন সদস্য এই অনশনে অংশগ্রহণ করেছেন। তারা চীন কর্তৃক বাস্তবায়িত জাতিগত ঐক্য আইনের নিন্দা জানাতে এবং জাতিসংঘের মাধ্যমে চীনকে জবাবদিহির আওতায় আনার দাবিতে এই অনশনে যোগদান করেন।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে টিওয়াইসির সাধারণ সম্পাদক তেনজিন লোবসাং জানান, ‘আমাদের ধারাবাহিক অনশন শুরু হওয়ার এখন ১৯ দিন অতিক্রান্ত হয়েছে। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিব্বতি শহীদ লোবগা রাংজেনের আত্মাহুতির ৩৪ দিন পার হয়েছে।

এখন পর্যন্ত তিব্বতি যুব কংগ্রেসের ৪০টি শাখা বিভিন্ন স্থানে নানা প্রচার ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে। আমরা সাতটিরও বেশি দেশে প্রচার ও প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করতে সক্ষম হয়েছি। আমরা আন্দোলনকে আরো কার্যকর করার চেষ্টা করছি যেন জাতিসংঘ আমাদের দাবিগুলোর প্রতি সাড়া দেয়।’

নির্বাসিত তিব্বত সংসদের সদস্য ওয়াংডু দোরজি বলেন, ‘আমরা নির্বাসিত তিব্বত সংসদের তিনজন সদস্য স্বেচ্ছায় ধর্মশালায় এই অনশনে যোগ দিয়েছি। আমরা চীনের জাতিগত ঐক্য আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আত্মাহুতি দেওয়া শহীদ লোবগা রাংজেনের প্রতি সংহতি প্রকাশ করতে এখানে এসেছি। আমাদের বিশ্বাস, তিব্বতে দমন-পীড়নের জন্য জাতিসংঘের উচিত চীনকে জবাবদিহি করানো।’

আরেকজন তিব্বতি বিক্ষোভকারী সেরিং ডাংচেন বলেন, ‘তিব্বতি ঐতিহ্য অনুসারে এই ধারাবাহিক অনশন ৪৯ দিন ধরে পালিত হচ্ছে এবং আজ এর ১৯তম দিন। আমাদের নায়ক লোবগা রাংজেন আমাদের তিব্বতি সম্প্রদায়ের মধ্যে ঐক্য জোরদার করতে এবং চীনাদের বিরুদ্ধে একটি বিপ্লব জাগিয়ে তুলতে এই আহ্বান জানান। আমাদের মূল উদ্দেশ্য হলো, চীন কর্তৃক বাস্তবায়িত জাতিগত ঐক্য আইনের নিন্দা করা। এই আইনটি প্রত্যাখ্যান করা উচিত, কারণ এর লক্ষ্য হলো চীন অধিকৃত অঞ্চলগুলোতে তিব্বতিসহ সংখ্যালঘুদের নির্মূল করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের কারণে কানাডার দাবানলের ঝুঁকি বেড়ে গেছে দ্বিগুণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ এম


জলবায়ু পরিবর্তনের কারণে কানাডার দাবানলের ঝুঁকি বেড়ে গেছে দ্বিগুণ

মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় এ বছরে দাবানলের মতো চরম প্রতিকূল আবহাওয়ার সৃষ্টির আশঙ্কা দ্বিগুণ বেড়ে গেছে।

এই তথ্য বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে।

গবেষণায় আরও বলা হয়েছে, মৌসুমের শুরুতে দাবানলের তৎপরতা স্বাভাবিকের তুলনায় কম ছিল। তবে জুলাই মাস থেকে দীর্ঘস্থায়ী গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দেশজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অন্টারিও এবং নর্থওয়েস্ট টেরিটোরিজ।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ লাখ হেক্টরেরও অধিক এলাকা পুড়ে গেছে। এর ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। পাশাপাশি বিপজ্জনক মাত্রার ধোঁয়ার সংস্পর্শে এসেছে কোটি মানুষ।

ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডব্লিউডব্লিউএ) গ্রুপের গবেষকরা জলবায়ু পরিবর্তনের ভূমিকা মূল্যায়ন করতে পর্যবেক্ষণ তথ্য ও জলবায়ু মডেল ব্যবহৃত করেছেন।

তারা বর্তমান পরিস্থিতির সঙ্গে একটি এমন পৃথিবীর তুলনা করেন, যা প্রাক-শিল্প যুগে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস উষ্ণায়ন না ঘটলে দৃশ্যমান হত।

গবেষণায় অন্টারিও ও নর্থওয়েস্ট টেরিটোরিজে সবচেয়ে ভয়াবহ সাত দিন ও ৩০ দিনের ‘ফায়ার ওয়েদার’ বা দাবানল-অনুকূল আবহাওয়ার সময়কাল বিশ্লেষণ করা হয়েছে।

এতে দেখা যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রায় দ্বিগুণ হয়েছে। নর্থওয়েস্ট টেরিটোরিজে এটি প্রতি ২ থেকে ৬ বছরে একবার এবং অন্টারিওতে প্রতি ৬ থেকে ১৫ বছরে একবার ঘটতে পারে।

ডব্লিউডব্লিউএ জানায়, যদি জলবায়ু পরিবর্তন না হত, তখন এ ধরনের পরিস্থিতি প্রতি ৪০ বছরে একবার দেখা যেত। তথাপি শুধুমাত্র পর্যবেক্ষণ তথ্যের ভিত্তিতে বলা যায়, চলতি বছরের মতো দাবানল-অনুকূল আবহাওয়া বর্তমান জলবায়ুতে বিরল নয়।

গবেষণার প্রধান লেখক থিওডোর কিপিং বলেন, ২০২৩ সালের পর থেকে কানাডায় যে দাবানল দেখা গেছে, তা ব্যাপ্তি ও তীব্রতার দিক থেকে মৌলিকভাবে ভিন্ন। তিনি উল্লেখ করেন, দাবানল যেভাবে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়ছে, তা উদ্বেগজনক। এটি দেখাচ্ছে যে, দাবানল মোকাবিলার প্রস্তুতি থাকলেও শুধুমাত্র অভিযোজন যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, ‘এ ধরণের ঘটনার আরও ভয়াবহ পরিণতি ঠেকাতে আমাদের দ্রুত জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসতে হবে।’

গবেষণায় বলা হয়েছে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা এবং বায়ুমণ্ডলের আর্দ্রতা শোষণক্ষমতা বেড়ে যাওয়ার কারণে জৈব পদার্থ দ্রুত শুকিয়ে যাচ্ছে। এর ফলে ঘন ঘন এবং আরও তীব্র দাবানলের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%