তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধি
০৯:৪৩ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনাকে পরস্পরের পরিপূরক উল্লেখ করে টেকসই পরিবেশ ব্যবস্থাপনাকে দুর্যোগ ঝুঁকি হ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে অভিহিত করেন।
শনিবার (২০ জুন) রাজধানীর রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ‘ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিডিএম)’ কর্মসূচির উদ্যোগে আয়োজিত ‘বিল্ডিং ফিউচার লিডার্স ফর এ সেফার অ্যান্ড মোর রেজিলিয়েন্ট ওয়ার্ল্ড’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সহনশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, কমিউনিটি স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনার ফলে দেশে দুর্যোগজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা কেবল দুর্যোগ-পরবর্তী প্রতিক্রিয়ার বিষয় নয়; বরং এটি মানুষের জীবন এবং সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সহনশীল সমাজ গড়ে তোলার একটি সমন্বিত প্রক্রিয়া। তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু অভিযোজন এবং মানবিক সহায়তা বিষয়ে দক্ষ জনশক্তির চাহিদা অনুভব করছে।
অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ‘ব্যাচেলর অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (বিডিএম)’ কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের অবহিত করেন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির স্নাতকেরা জাতীয় উন্নয়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
কর্মশালায় প্যানেল আলোচনায় অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ অধ্যয়ন বিভাগের ডিন অধ্যাপক ড. ফুয়াদ এইচ. মালিক, বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইমন চৌধুরী, ইউনেস্কো বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. সুসান ভাইজ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। সমাপনী বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোল্যান্ড।
বিডিএম বিভাগের শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভোটারের হাতের কালি মোছার আগেই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমরা তিন বছরের কাজ তিন মাসে করেছি।
শনিবার (২০ জুন) বিকেলে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় এসেছি সফল হওয়ার জন্য। আমরা একটি বিধ্বস্ত দেশ পেয়েছি। সমস্ত ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান লুটপাট করে ৬০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছিল। আঠারো বছর নির্বাচন হয়নি। উপযুক্ত ভোট দিতে জনগণ পারেনি। দিনের ভোট রাতের বেলায় কেটে নেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোটারের হাতের কালি মোছার আগেই আমরা তিন বছরের কাজ তিন মাসে করেছি। তারেক রহমানের সরকার অসাধারণ কাজ করছে।
নিতাই রায় চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) সমাজ গঠন করতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। বিভাজন চাই না, অনৈক্য চাই না। আমরা সাম্য ও শান্তির জন্য সংগ্রাম করছি। আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। এ কারণে একসময় এ দেশকে সোনার বাংলা বলা হতো। এই সোনার বাংলাকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পাশাপাশি প্রতিটি উপজেলায় দুটি করে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বয়স্কভাতা কার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান এমন একটি সমাজ, যেখানে বিভিন্ন চিন্তা-ভাবনা, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষ বসবাস করবে। যার যার আদর্শ ও ভাবনা নিয়ে মানুষ বসবাস করবে, এ বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে সমাজে কিছু বিশৃঙ্খলা ও প্রশাসনে কিছু অসঙ্গতি রয়েছে। এগুলো একদিনে পরিবর্তন সম্ভব নয়। তবে আমরা কাজ করে যাচ্ছি।
বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। কৃষক ও নারীদের জন্যও বাজেট বৃদ্ধি করা হয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে ব্যয় করা হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা এ দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করব।
মন্ত্রী মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, মতুয়া ধর্ম একটি বিপ্লবী ধর্ম। সমাজের অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক বিপ্লব এবং নবজাগরণের ডাক দিয়েছিলেন গুরু চাঁদ ঠাকুর। তিনি শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছিলেন। মতুয়া সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষের চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা সিকদার (ঠাকুর), পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর প্রমুখ এবং চারণকবি শ্রী গোরাচাঁদ সরকার। এছাড়াও, সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুসহ এসিল্যান্ড বাইরে বসেছিলেন। এ সময় একদল সশস্ত্র ডাকাত অতর্কিত হামলা চালিয়ে এসিল্যান্ডসহ ছয়জনকে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায়। এর ফলে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা এসিল্যান্ডসহ শনিবার (২০ জুন) নিজেদের বাড়িতে ফিরেছেন চিকিৎসা নিয়েই।
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকার কারণে তিনি কয়েকজন বন্ধুর সাথে রাস্তার পাশে বসে ছিলেন। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের উপর হামলা করে।
স্বজনদের অভিযোগ, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এসিল্যান্ডসহ অন্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তখন আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন সময় সংবাদকে বলেন, খবর পেয়ে থানার পুলিশ দলের সাথে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যাই। এই ডাকাতদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে আড়াইহাজার থানার ওসি আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিসি টিভির কিছু ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো পর্যবেক্ষণ করছি। আশা করছি দ্রুত জড়িতদের শনাক্ত করতে পারবো। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান সময় সংবাদকে বলেন, আহত এসিল্যান্ড সাকিব হাছান খান শঙ্কামুক্ত। তিনিসহ আহতরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। তবে প্রত্যেকের শরীরে জখম গুরুতর হয়েছে। আমি এসিল্যান্ডের বাসা থেকে ফিরলাম, সেখানে মুরাদনগরের ইউএনও সাহেবও ছিলেন। ঘটনার পর থেকে আমরা আহত এসিল্যান্ডের শারীরিক অবস্থার খবর নিচ্ছি এবং তার পরিবারের সাথে যোগাযোগ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, গত দুই দশকে দেশের সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের শিকার হওয়ায় এ খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলের কারণে সংস্কৃতি তার স্বাভাবিক ও স্বতন্ত্র বিকাশের সুযোগটি পায়নি এবং অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানও কাক্সিক্ষতভাবে গড়ে উঠতে পারেনি।
আজ শনিবার সন্ধ্যায় চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নদীমাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান’-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০ বছরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। সংস্কৃতিকে নানা উপায়ে বাধাগ্রস্ত করা হয়েছে। এর ফলে দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকা- পরিচালনার মতো পরিবেশ তৈরি হয়নি, প্রয়োজনীয় কর্মসূচিও ছিল না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সংস্কৃতি গণমানুষের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মানুষের জন্য একটি সুন্দর, সুস্থ ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে সরকার সাংস্কৃতিক খাতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকা- সম্প্রসারণ এবং শিল্পীদের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
নদী ও সংস্কৃতির ঐতিহাসিক মেলবন্ধন এবং জেলার লোকজ ঐতিহ্য তুলে ধরতে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে নদীমাতৃক বাংলাদেশের জনজীবন, সাহিত্য ও ঐতিহ্যে নদীর প্রভাব বিভিন্ন পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিল গাজীসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনা উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ