০৯:৪৮ পি.এম
বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুসহ এসিল্যান্ড বাইরে বসেছিলেন। এ সময় একদল সশস্ত্র ডাকাত অতর্কিত হামলা চালিয়ে এসিল্যান্ডসহ ছয়জনকে কুপিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত একটার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায়। এর ফলে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)। ঘটনার পর আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা এসিল্যান্ডসহ শনিবার (২০ জুন) নিজেদের বাড়িতে ফিরেছেন চিকিৎসা নিয়েই।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। শুক্রবার রাতে বিদ্যুৎ না থাকার কারণে তিনি কয়েকজন বন্ধুর সাথে রাস্তার পাশে বসে ছিলেন। ওই সময় ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাদের উপর হামলা করে।
স্বজনদের অভিযোগ, ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এসিল্যান্ডসহ অন্যদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তখন আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন সময় সংবাদকে বলেন, খবর পেয়ে থানার পুলিশ দলের সাথে আমি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে যাই। এই ডাকাতদের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
এদিকে আড়াইহাজার থানার ওসি আরও বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিসি টিভির কিছু ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো পর্যবেক্ষণ করছি। আশা করছি দ্রুত জড়িতদের শনাক্ত করতে পারবো। আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান সময় সংবাদকে বলেন, আহত এসিল্যান্ড সাকিব হাছান খান শঙ্কামুক্ত। তিনিসহ আহতরা চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। তবে প্রত্যেকের শরীরে জখম গুরুতর হয়েছে। আমি এসিল্যান্ডের বাসা থেকে ফিরলাম, সেখানে মুরাদনগরের ইউএনও সাহেবও ছিলেন। ঘটনার পর থেকে আমরা আহত এসিল্যান্ডের শারীরিক অবস্থার খবর নিচ্ছি এবং তার পরিবারের সাথে যোগাযোগ করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন