০৮:১৪ এম
বিশ্বকাপে জার্মানিকে পরাজিত করে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য মঙ্গলবার সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।
তিনি সোমবার রাতে এ ঘোষণা দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের এই স্মরণীয় জয় উদযাপনের জন্য বিশেষভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের শেষে ১-১ গোলে সমতা ছিল। তারপর ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে প্যারাগুয়ে ৪-৩ ব্যবধানে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করে। এই অসাধারণ জয়ের পর দেশজুড়ে শুরু হয় আনন্দ-উল্লাস।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
কোচ গুস্তাভো আলফারোর অধীনে প্যারাগুয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দল জার্মানিকে বিদায় করে একটি বড় চমক দেখিয়েছে। তাই এই সাফল্যকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
সরকার জানিয়েছে, বিদ্যমান আইন অনুযায়ী প্রেসিডেন্টের প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার ক্ষমতা রয়েছে। সেই আইনি ক্ষমতা ব্যবহার করে বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন