১০:১৪ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা ‘ঠাট্টা করে’ বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ব্রায়ান শোয়ার্জ এক অজ্ঞাতনামা হোয়াইট হাউস কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন। গত শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময়, ট্রাম্প বলেন, ইরানকে পরাজিত করার পর, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। এ কথা জানিয়ে তিনি হাসছিলেন। ট্রাম্প আরো বলেন, ‘ইরানকে পরাজিত করার পর, যা খুব খারাপভাবে পরাজিত হচ্ছে, আমি খুব শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব।’ এরপর তিনি হাসতে হাসতেই বলেন, ‘এটা সত্যি।’ কিন্তু হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্যটি সিরিয়াস কোনো ঘোষণা ছিল না, বরং তিনি মজা করেই কথাটি বলেছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের অন্যতম লক্ষ্য হিসেবে ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে সরকারবিরোধী গণঅভ্যুত্থান উসকে দেওয়াকে মনোযোগ দেওয়া হয়েছিল। এরপর ইরান পাল্টা হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির বড় একটি অংশের ওপর কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিশ্বে বিপুল পরিমাণ জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য এই নৌপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তাই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে দেশটির বন্দরগুলোর ওপর নৌ অবরোধ জোরদার করেছে। সমাবেশে ট্রাম্প ঘোষণা করেছেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা না চাইলে কোনো জাহাজই সেখান দিয়ে যেতে পারবে না।’ তবে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা বা আইনি পদক্ষেপের কোনো উল্লেখ এখনো জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন