ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ কেন পাঠ্যপুস্তক থেকে এই বাক্যটি বাদ দিল সৌদি?


‘মুসলিমরা জেরুজালেমের অধিকার ছাড়বে না’ কেন পাঠ্যপুস্তক থেকে এই বাক্যটি বাদ দিল সৌদি?

সৌদি আরবের শিক্ষা কারিকুলাম ও পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তনের খবর পাওয়া গেছে। নতুন পাঠ্যবই থেকে ‘মুসলিমরা কখনোই জেরুজালেমের অধিকার ছেড়ে দেবে না’ শীর্ষক গুরুত্বপূর্ণ বাক্যটি অপসারণ করা হয়েছে।

ইসরায়েলভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন (ইমপ্যাক্ট-এসই)-এর একটি সাম্প্রতিক পর্যালোচনায় এই তথ্যটি সামনে এসেছে। সংস্থাটি সৌদি আরবের এই পদক্ষেপকে স্বাগত জানালেও, দেশটির শিক্ষা কারিকুলামে এখনো ইসরায়েলকে ‘দখলদার’ হিসেবে বর্ণনা করা এবং ফিলিস্তিন ইস্যুতে অতীতে জায়নবাদী এক নেতার ঘুষের প্রস্তাব তুলে ধরার সমালোচনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের শেষের দিকে প্রকাশিত ওই পর্যালোচনায় বলা হয়, সৌদি পাঠ্যবইয়ে ব্যবহৃত পূর্বের বাক্যটি এমন ইঙ্গিত বহন করত যেন জেরুজালেমে মুসলিমদের উপস্থিতি ও নিয়ন্ত্রণ হুমকির মুখে রয়েছে। সংস্থাটির মতে, ওই অংশটির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ধারণা তৈরি হতে পারত যে জেরুজালেম হলো মুসলিম এবং অন্যান্য বিশেষত ইসরায়েলি গোষ্ঠীর মধ্যকার একটি চলমান সংঘাতময় এলাকা। অথচ বাস্তবে সাম্প্রতিক সময়েও অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি কর্তৃপক্ষের আশকারায় চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রার্থনার অনুমতি দেওয়াসহ নানা উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: কেরানীগঞ্জে জমির বিরোধে বাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

ইমপ্যাক্ট-এসই তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, নতুন পাঠ্যক্রম থেকে ধর্মীয় চরমপন্থা ও ইহুদিবিদ্বেষমূলক বিভিন্ন অংশ বাদ দেওয়া হয়েছে। এমনকি পবিত্র কোরআনের কিছু আয়াত এবং হাদিসের উল্লেখও আগের চেয়ে সংক্ষিপ্ত করা হয়েছে। সংস্থাটি দাবি করছে, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে অমুসলিম বা অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি মনোভাব ইতিবাচক হবে।

এবং কেবল ধর্মীয় বিষয়ই নয়, ঐতিহাসিক মানচিত্র এবং ভৌগোলিক পরিচিতির ক্ষেত্রেও সৌদি কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন বইগুলোতে পূর্বের যেসব মানচিত্রে পুরো এলাকাকে ‘ফিলিস্তিন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেখান থেকে ফিলিস্তিন নামটি সরিয়ে ফেলা হয়েছে, যদিও সরাসরি ‘ইসরায়েল’ নামটি এখনো যুক্ত করা হয়নি। এছাড়া একাদশ শ্রেণির একটি ইতিহাস বইয়ে ‘জায়নবাদী শত্রু’ শব্দগুচ্ছের পরিবর্তে ‘ইসরায়েলি দখলদারিত্ব’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যদিও ইসরায়েলি সংস্থাটির মতে, ইসরায়েলকে সম্পূর্ণ অস্বীকার করার অবস্থান থেকে পুরোপুরি সরে আসতে হলে এই পরিবর্তনও যথেষ্ট নয়।

এদিকে, পাঠ্যবইয়ে জায়নবাদীদের ‘ধূর্ত ও প্রবঞ্চক’ হিসেবে বর্ণনা করা এবং সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজকে জায়নবাদী নেতা চাইম উইজম্যানের ঘুষ দেওয়ার চেষ্টার ঘটনাটির বর্ণনা থাকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরায়েলি সংস্থাটি। তাদের মতে, এটি শিক্ষার্থীদের মনে জায়নবাদ সম্পর্কে চক্রান্তমূলক ধারণা দেয়। যদিও ঐতিহাসিক নথি প্রমাণ করে যে ১৯৪০ সালের মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক স্মারক অনুযায়ী, উইজম্যান ফিলিস্তিনিদের জর্ডান ও ইরাকে পুনর্বাসনের বিনিময়ে বিপুল অর্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন, যাকে বাদশাহ আবদুল আজিজ চরম জঘন্য অপরাধ হিসেবে প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ২০০ ট্রলি প্রদান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমানে দেশের মৎস্য খাত অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে।

আজ মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ সালের জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জে করার সময় প্রতিমন্ত্রী বলেন, মৎস্য উৎপাদনে হাওরাঞ্চলের মুখ্য ভূমিকা রয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকে আসে। এজন্য প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি, জেলে এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছাতে ঢাকার বাইরেই এ আয়োজন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের জন্য নদী খনন, খাল সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও মৎস্য খাতের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এবার আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বড় আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ও নির্দেশনার মাধ্যমে ঢাকার বাইরের এ কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও ব্যতিক্রমী হয়ে উঠেছে।’

জাতীয় মৎস্য পক্ষের আয়োজন সফল করতে মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাতের পাঁচটি আঙুলের মতো আমাদের সবার দায়িত্ব আলাদা হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে কাজ করলেই একটি মুষ্টিবদ্ধ হাতের মতো শক্তি তৈরি হয়। এবারের আয়োজনও সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো দায়িত্বে অবহেলা বা কাজে ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই নীতিতে বিশ্বাস রাখেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা ও সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে থেকেই দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই চেতনাকে ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একা কারও পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব নয়। একটি দক্ষ ও আন্তরিক টিম থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এজন্য কর্মকর্তাদের জনগণের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মৎস্য খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ খাতের উন্নয়নে কয়েকটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক অর্থনীতিতে মৎস্য অধিদপ্তর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, মৎস্যচাষি ও সাধারণ মানুষ সরকারি সেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করতে হবে। জনগণের সেবা প্রদানে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। তিনি বলেন, সরকারের অংশ হিসেবে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে।

সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর এবার কিশোরগঞ্জের কটিয়াদীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ের মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার ফলে এবারের আয়োজন মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের নতুন কমিশন বুধবার থেকে কার্যক্রম শুরু করবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


দুদকের নতুন কমিশন বুধবার থেকে কার্যক্রম শুরু করবে

মন্ত্রিপরিষদ বিভাগে দুর্নীতি দমন কমিশন-দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি জানালেন, বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন কমিশন তাদের কার্যক্রম শুরু করবেন। এর মধ্যে দিয়ে দুদকে সাড়ে ৫ মাসের স্থবিরতা কাটিয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমকে জানানো হয়েছে, এর আগে গত সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আর কমিশনের অন্য দুই সদস্য হলেন সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং এনবিআরের সাবেক সদস্য ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

চলতি বছর মার্চের ৩ তারিখ আবদুল মোমেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে রাষ্ট্রীয দুর্নীতিবিরোধী এই সংস্থা নেতৃত্বশূন্য ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি, না হলে ২০ আগস্ট থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি, না হলে ২০ আগস্ট থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ

রাঙামাটিতে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি এবং চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সংগঠন দুটি জানিয়েছে, যদি আগামী ১৯ আগস্টের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ২০ আগস্ট থেকে রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রুটে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনের কাছে পৃথকভাবে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ স্মারকলিপিতে সংগঠন দুটি জানাচ্ছে, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ১৯৫২ সাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি রুটসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছে। বর্তমানে চট্টগ্রাম-রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি, মহালছড়ি, নানিয়ারচর, বান্দরবান ও রাজস্থলীসহ বিভিন্ন রুটে তাদের গাড়ি চলাচল করছে।

তবে সম্প্রতি অভিযোগ করা হয়েছে যে, রাঙামাটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে রুট পারমিটবিহীন ছোট মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে। সংগঠন দুটি তার দাবি করেছে যে, মালবাহী গাড়িতে এভাবে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গত ১৬ আগস্ট মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রীর মৃত্যুর ঘটনা। সংগঠন দুটির আশঙ্কা, যদি রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংগঠনটির অভিযোগ হল, একদিকে রুট পারমিট নিয়ে বৈধভাবে পরিচালিত যাত্রীবাহী পরিবহন চলছে, অন্যদিকে অনুমোদনহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন হচ্ছে—এ পরিস্থিতির কারণে বৈধ পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গাড়ির মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি বৈধ ও অবৈধ পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ সৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠন দুটি ১৯ আগস্টের মধ্যে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। অন্যথায় ২০ আগস্ট থেকে চট্টগ্রাম-রাঙামাটি, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-মহালছড়ি, রাঙামাটি-নানিয়ারচর, রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ পরিবহন ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ : আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঐ টেস্টের প্রথম দিনের সকল টিকিট বিক্রি হয়ে গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’ হয়ে গেছে।’

এছাড়া, টেস্টের বাকি দিনগুলোর টিকিটও দ্রুত বিক্রি হতে চলেছে, বলে জানায় সিএ। এ কারণে দ্রুত টিকিট সংগ্রহ করতে দর্শকদের অনুরোধ জানানো হয়েছে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় অর্জনের ফলে দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের উত্তেজনা ও আগ্রহ অনেক বেড়ে গেছে।

এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার জন্য ম্যাকাইয়ের এটি হবে ১২তম টেস্ট ভেন্যু, যেখানে স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। এখানেই এখনো পর্যন্ত ২টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া, নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ অনূর্ধ্ব-১৯ দলেরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে বাংলাদেশ টেস্ট জিতেছে। ম্যাচের চারদিন প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। ১১ সেশনের কোনটিতে অস্ট্রেলিয়া জয়ী হতে পারেনি।

ম্যাকাই টেস্ট ড্র করতে পারলে এটি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ে পৌঁছানোর সুযোগ। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল টাইগারদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%