ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী


মৎস্য খাতে অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার রপ্তানি বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমানে দেশের মৎস্য খাত অভ্যন্তরীণ চাহিদা পূরণে সক্ষমতা অর্জন করেছে। এখন মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির দিকে গুরুত্ব দিতে হবে।

আজ মৎস্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ সালের জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে কিশোরগঞ্জে করার সময় প্রতিমন্ত্রী বলেন, মৎস্য উৎপাদনে হাওরাঞ্চলের মুখ্য ভূমিকা রয়েছে। দেশের মিঠাপানির মাছের একটি বড় অংশ হাওরাঞ্চল থেকে আসে। এজন্য প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষি, জেলে এবং মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত মানুষের কাছে কর্মসূচির বার্তা পৌঁছাতে ঢাকার বাইরেই এ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ হারানোর অভিযোগ দাখিলের আহ্বান

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি ও মৎস্য খাতের উন্নয়নের জন্য নদী খনন, খাল সংস্কারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও মৎস্য খাতের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘এবার আমরা খুব অল্প সময়ের মধ্যে এই বড় আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি ও নির্দেশনার মাধ্যমে ঢাকার বাইরের এ কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর উপস্থিতির কারণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও ব্যতিক্রমী হয়ে উঠেছে।’

জাতীয় মৎস্য পক্ষের আয়োজন সফল করতে মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘হাতের পাঁচটি আঙুলের মতো আমাদের সবার দায়িত্ব আলাদা হতে পারে, কিন্তু সবাই একসঙ্গে কাজ করলেই একটি মুষ্টিবদ্ধ হাতের মতো শক্তি তৈরি হয়। এবারের আয়োজনও সবার সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো দায়িত্বে অবহেলা বা কাজে ফাঁকি দেওয়া যাবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজের যোগ্যতা ও মেধা দিয়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই নীতিতে বিশ্বাস রাখেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনা ও দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা ও সরকারি দায়িত্ব পালন করতে হবে। জনগণের সঙ্গে থেকেই দেশের উন্নয়ন এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই চেতনাকে ধারণ করেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একা কারও পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব নয়। একটি দক্ষ ও আন্তরিক টিম থাকলে যেকোনো অসম্ভবকে সম্ভব করা যায়। এজন্য কর্মকর্তাদের জনগণের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। মৎস্য খাতের উন্নয়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ খাতের উন্নয়নে কয়েকটি প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক অর্থনীতিতে মৎস্য অধিদপ্তর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, মৎস্যচাষি ও সাধারণ মানুষ সরকারি সেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। যার যে দায়িত্ব, তা যথাযথভাবে পালন করতে হবে। জনগণের সেবা প্রদানে কোনো ধরনের কার্পণ্য করা যাবে না। তিনি বলেন, সরকারের অংশ হিসেবে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে।

সভাপতির বক্তব্যে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক বলেন, জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় আয়োজন ঢাকার বাইরে সর্বশেষ ২০০৩ সালে অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর এবার কিশোরগঞ্জের কটিয়াদীতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মাঠপর্যায়ের মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়ার ফলে এবারের আয়োজন মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগকে ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও ঠেলাঠেলি

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের নতুন কমিশন বুধবার থেকে কার্যক্রম শুরু করবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


দুদকের নতুন কমিশন বুধবার থেকে কার্যক্রম শুরু করবে

মন্ত্রিপরিষদ বিভাগে দুর্নীতি দমন কমিশন-দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের কমিশন যোগদান করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান। তিনি জানালেন, বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন কমিশন তাদের কার্যক্রম শুরু করবেন। এর মধ্যে দিয়ে দুদকে সাড়ে ৫ মাসের স্থবিরতা কাটিয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন।

গণমাধ্যমকে জানানো হয়েছে, এর আগে গত সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আর কমিশনের অন্য দুই সদস্য হলেন সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং এনবিআরের সাবেক সদস্য ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

চলতি বছর মার্চের ৩ তারিখ আবদুল মোমেনের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশন পদত্যাগ করে। এরপর থেকে রাষ্ট্রীয দুর্নীতিবিরোধী এই সংস্থা নেতৃত্বশূন্য ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি, না হলে ২০ আগস্ট থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

‎ ‎মোঃ সোহেল রানা, রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি, না হলে ২০ আগস্ট থেকে দূরপাল্লার গাড়ি বন্ধ

রাঙামাটিতে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি এবং চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

সংগঠন দুটি জানিয়েছে, যদি আগামী ১৯ আগস্টের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ২০ আগস্ট থেকে রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন রুটে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং স্থানীয় সরকারের উপপরিচালক মো. মোবারক হোসেনের কাছে পৃথকভাবে এই স্মারকলিপি দেওয়া হয়।

এ স্মারকলিপিতে সংগঠন দুটি জানাচ্ছে, চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ১৯৫২ সাল থেকে চট্টগ্রাম-রাঙামাটি রুটসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিত যাত্রী পরিবহন সেবা দিয়ে আসছে। বর্তমানে চট্টগ্রাম-রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি, মহালছড়ি, নানিয়ারচর, বান্দরবান ও রাজস্থলীসহ বিভিন্ন রুটে তাদের গাড়ি চলাচল করছে।

তবে সম্প্রতি অভিযোগ করা হয়েছে যে, রাঙামাটি শহরের নিউ মার্কেট এলাকা থেকে রুট পারমিটবিহীন ছোট মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা হচ্ছে। সংগঠন দুটি তার দাবি করেছে যে, মালবাহী গাড়িতে এভাবে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে গত ১৬ আগস্ট মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চারজন যাত্রীর মৃত্যুর ঘটনা। সংগঠন দুটির আশঙ্কা, যদি রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সংগঠনটির অভিযোগ হল, একদিকে রুট পারমিট নিয়ে বৈধভাবে পরিচালিত যাত্রীবাহী পরিবহন চলছে, অন্যদিকে অনুমোদনহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন হচ্ছে—এ পরিস্থিতির কারণে বৈধ পরিবহন ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে গাড়ির মালিক ও শ্রমিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি বৈধ ও অবৈধ পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ সৃষ্টি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

সংগঠন দুটি ১৯ আগস্টের মধ্যে রুট পারমিটবিহীন মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছে। অন্যথায় ২০ আগস্ট থেকে চট্টগ্রাম-রাঙামাটি, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-মহালছড়ি, রাঙামাটি-নানিয়ারচর, রাঙামাটি-বান্দরবান ও রাঙামাটি-রাজস্থলীসহ বিভিন্ন দূরপাল্লার রুটে গাড়ি চলাচল বন্ধ রাখতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ পরিবহন ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি ও চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি শেষ

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ : আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঐ টেস্টের প্রথম দিনের সকল টিকিট বিক্রি হয়ে গেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ‘ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’ হয়ে গেছে।’

এছাড়া, টেস্টের বাকি দিনগুলোর টিকিটও দ্রুত বিক্রি হতে চলেছে, বলে জানায় সিএ। এ কারণে দ্রুত টিকিট সংগ্রহ করতে দর্শকদের অনুরোধ জানানো হয়েছে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয় অর্জনের ফলে দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের উত্তেজনা ও আগ্রহ অনেক বেড়ে গেছে।

এই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার জন্য ম্যাকাইয়ের এটি হবে ১২তম টেস্ট ভেন্যু, যেখানে স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। এখানেই এখনো পর্যন্ত ২টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এছাড়া, নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টি সহ অনূর্ধ্ব-১৯ দলেরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে বাংলাদেশ টেস্ট জিতেছে। ম্যাচের চারদিন প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। ১১ সেশনের কোনটিতে অস্ট্রেলিয়া জয়ী হতে পারেনি।

ম্যাকাই টেস্ট ড্র করতে পারলে এটি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ে পৌঁছানোর সুযোগ। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল টাইগারদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন সামরিক অর্থায়নে গবেষণা, সেই প্রযুক্তিতেই চীনের রোবট কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মার্কিন সামরিক অর্থায়নে গবেষণা, সেই প্রযুক্তিতেই চীনের রোবট কুকুর

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি রোবটিকস তাদের জনপ্রিয় রোবট কুকুর তৈরিতে মার্কিন সামরিক বাহিনীর অর্থায়নে করা গবেষণার প্রযুক্তি ব্যবহার করেছে বলে জানা গেছে। সাবেক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও প্রকল্পটির সঙ্গে যুক্ত তিন গবেষক রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ইউনিট্রির জিও২ রোবট কুকুরটি ২০২৩ সালে বাজারে আসে। দাম প্রায় ১ হাজার ৬০০ ডলার। এই রোবটের মাধ্যমে চতুষ্পদী রোবটের বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। তবে ইউনিট্রির আরেকটি রোবটকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে পিএলএ সেনাদের সঙ্গে সামরিক মহড়ায় অস্ত্রসহ দেখা গেছে।

গবেষকদের দাবি, ইউনিট্রির রোবটের প্রযুক্তির পেছনে মার্কিন সামরিক অর্থায়নে পরিচালিত গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মার্কিন আর্মি রিসার্চ ল্যাবরেটরি চতুষ্পদী রোবটের চলাচল নিয়ে গবেষণা করেছিল। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক গবেষক গ্যাভিন কেনেলি বলেন, ওই গবেষণার প্রযুক্তি পরবর্তী সময়ে ইউনিট্রির প্রথম দিকের রোবট তৈরির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছিল।

এমআইটির সাবেক গবেষক বেন কাটজ বলেন, ইউনিট্রির ‘গো’ সিরিজের রোবটের আকার তাঁর তৈরি ‘মিনি চিতা’ রোবটের সঙ্গে প্রায় একই। দুই রোবটের আকারের পার্থক্য মাত্র কয়েক মিলিমিটার বলে তিনি দাবি করেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রযুক্তি ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিযোগিতার বড় চ্যালেঞ্জ তুলে ধরেছে। সরকারি ভর্তুকি, সহজে পাওয়া যন্ত্রাংশ এবং বড় লোকসান সামাল দেওয়ার সক্ষমতার কারণে চীনা কম্পানিগুলো সোলার প্যানেল, ড্রোন, বৈদ্যুতিক গাড়ি ও কোয়ান্টাম যোগাযোগসহ বিভিন্ন প্রযুক্তি খাতে দ্রুত এগিয়েছে। কেনেলি পরে তার ঘোস্ট রোবোটিক্স কম্পানির মাধ্যমে মার্কিন প্রযুক্তিকে বাণিজ্যিকভাবে কাজে লাগান। তবে ইউনিট্রির তুলনায় তাদের উৎপাদন কম এবং খরচও বেশি।

গত জুনে পেন্টাগন ইউনিট্রিকে চীনা সামরিক প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত করে। তবে এর কারণে সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ইউনিট্রি বলেছে, তাদের রোবটগুলো বেসামরিক ব্যবহারের জন্য তৈরি। গবেষকদের মতে, মার্কিন সামরিক গবেষণার ফলাফল ব্যবহার করে ইউনিট্রি কোনো অন্যায় করেনি। কারণ, প্রযুক্তির উন্নয়ন দ্রুত করতে ওই গবেষণার ফলাফল প্রকাশ্যেই দেওয়া হয়েছিল।

মার্কিন আর্মি রিসার্চ ল্যাবরেটরির মুখপাত্র আমান্ডা লিগন বলেন, ওই গবেষণা মার্কিন রোবোটিক্স খাতকে শক্তিশালী করেছে এবং পরবর্তী সরকারি-বেসরকারি গবেষণায়ও এর প্রভাব পড়েছে। তবে ইউনিট্রি কীভাবে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে ব্যবহার করেছে, সে বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করেনি।

কম্পানির নথি অনুযায়ী, ইউনিট্রি গত বছর ৫ হাজার ৫০০-এর বেশি হিউমানয়েড এবং ১৮ হাজার চতুষ্পদী রোবট বিক্রি করেছে। বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কম্পানিটির মূল্য প্রায় ৯০০ কোটি ডলার বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইলন মাস্কের টেসলাসহ কোনো মার্কিন কম্পানি এখনো এ ধরনের রোবট বড় পরিসরে উৎপাদন করতে পারেনি। যদিও টেসলা কয়েক বছর ধরে তাদের অপটিমাস হিউমানয়েড রোবটের বিভিন্ন নমুনা দেখিয়ে আসছে। গত জানুয়ারিতে এক আয়-সংক্রান্ত আলোচনায় মাস্ক চীনের উৎপাদন সক্ষমতাকে ‘অবিশ্বাস্যভাবে দক্ষ’ বলে মন্তব্য করেন।

মার্কিন রোবট নির্মাতা বস্টন ডায়নামিক্সের ‘স্পট’ রোবটও বেশ পরিচিত। ২০১৯ সালে তৈরি এই রোবটটি ইউনিট্রির রোবটের চেয়ে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক শুনানিতে বস্টন ডায়নামিক্স সতর্ক করে বলেছে, চীনা কম্পানিগুলোর কম দামের রোবটের সঙ্গে প্রতিযোগিতা করতে না পারলে মার্কিন কম্পানিগুলো বাজার থেকে পিছিয়ে পড়তে পারে।

রয়টার্সের সঙ্গে কথা বলা মার্কিন রোবটিক্স গবেষকেরা সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার ফলাফল গোপন রাখার পক্ষে মত দেননি। বরং তাদের মতে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মার্কিন নীতিনির্ধারকদের উচিত এসব গবেষণার ফল দ্রুত বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করা। তাহলে মার্কিন কম্পানিগুলো নতুন প্রযুক্তি দ্রুত বাজারে আনতে পারবে এবং চীনা কম্পানিগুলোর সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

যুক্তরাষ্ট্র রোবট তৈরির প্রযুক্তিতে এগিয়ে থাকলেও চীন এসব প্রযুক্তি দ্রুত বড় পরিসরে উৎপাদন করে বাজার দখল করছে। বিশেষজ্ঞদের মতে, চীনের শক্তিশালী শিল্পভিত্তি, কম খরচে যন্ত্রাংশ উৎপাদন এবং বড় বিনিয়োগ এ ক্ষেত্রে বড় সুবিধা দিচ্ছে।

২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অর্থায়নে রোবোটিক্স কোলাবোরেটিভ টেকনোলজি অ্যালায়েন্স (আরসিটিএ) নামে একটি গবেষণা প্রকল্প চলেছিল। এতে পেনসিলভালনিয়া বিশ্ববিদ্যালয়, এমআইটি, বস্টন ডায়নামিক্স ও নাসার গবেষকেরা কাজ করেন।

২০১৬ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রোবটের ভারী গিয়ারবক্স বাদ দিয়ে পায়ের মধ্যে মোটর বসানোর প্রযুক্তি উন্নত করেন। এতে রোবট বিভিন্ন ধরনের মাটিতে সহজে চলতে ও দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে। এই গবেষণার ভিত্তি ছিল এমআইটির একটি প্রকল্প, যা ডিএআরপিএর অর্থায়নে পরিচালিত হয়েছিল।

২০১৯ সালে এমআইটি ‘মিনি চিতা’ নামে একটি রোবট তৈরি করে। এটি শক্তিশালী ছিল এবং পেছনের দিকে ডিগবাজিও দিতে পারত। রোবটটির অ্যাকচুয়েটরের নকশা নিয়ে গবেষণাপত্র প্রকাশের কয়েক মাসের মধ্যেই চীনা কোম্পানিগুলো একই ধরনের যন্ত্রাংশ তৈরি শুরু করে। এমনকি সেগুলো অনলাইনে বিক্রিও হচ্ছিল।

চীনের ইউনিট্রি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ওয়াং শিংশিং তাঁর মাস্টার্সের গবেষণাপত্রে এমআইটির চিতা রোবট নিয়ে করা গবেষণার উল্লেখ করেন এবং ওই গবেষণার অবদানকে ‘অগ্রগামী’ বলে স্বীকার করেন।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন গবেষণা প্রকাশ্যে আসায় চীনা কম্পানিগুলো সেসব প্রযুক্তি দ্রুত কাজে লাগানোর সুযোগ পেয়েছে। তবে গবেষকেরা বলছেন, শুধু প্রযুক্তি অনুসরণ করলেই সাফল্য আসে না। সেটিকে কম খরচে এবং বড় পরিসরে উৎপাদন করার সক্ষমতাও প্রয়োজন।

বর্তমানে ইউনিট্রি সেই উৎপাদন সক্ষমতার বড় উদাহরণ। বিপরীতে, যুক্তরাষ্ট্রে রোবট তৈরির গবেষণা শক্তিশালী হলেও সেগুলো ব্যাপক বাণিজ্যিক উৎপাদনে নেওয়ার ক্ষেত্রে দেশটি এখনো পিছিয়ে রয়েছে।

ইউনিট্রির প্রতিষ্ঠাতা ওয়াং শিংশিং তাঁর মাস্টার্সের গবেষণাপত্রে রোবটের নকশায় কিছু পরিবর্তন নিয়ে কাজ করেছিলেন। তিনি বলেছিলেন, ভবিষ্যতে এই প্রযুক্তি প্রতিরক্ষা, নিরাপত্তা, পরিবার ও শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তাঁর গবেষণাপত্রে মার্কিন সেনাবাহিনীর অর্থায়নে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের করা গবেষণারও উল্লেখ ছিল।

ইউনিট্রি জানিয়েছে, তাদের চতুষ্পদী রোবটের মোটর, গিয়ার, কন্ট্রোলার ও কিছু সেন্সর তারা নিজেরাই তৈরি করে। এদিকে এমআইটির গবেষক বেন কাটজ বলেন, তিনি নিজের তৈরি রোবটের অ্যাকচুয়েটর বাজারে আনার উদ্যোগ নেননি। তখন তিনি মনে করেছিলেন, এর তেমন বাজার নেই। তাঁর মতে, চীনের দ্রুত উৎপাদনে যাওয়ার সক্ষমতা রোবোটিক্স শিল্পে বড় সুবিধা তৈরি করেছে। সহজে অ্যাকচুয়েটর পাওয়া যাওয়ায় চীনে রোবট তৈরির কাজও দ্রুত এগিয়েছে।

এমআইটির আরেক গবেষক জোয়াও রামোস বলেন, ইউনিট্রির রোবটের আকার, কাঠামো ও নকশার সঙ্গে মিনি চিতা রোবটের মিল রয়েছে। তবে একই সঙ্গে তিনি ইউনিট্রির প্রকৌশল দক্ষতার প্রশংসা করেন। রামোসের মতে, প্রযুক্তিকে বাস্তব পণ্যে রূপ দেওয়া এবং সেটি বড় পরিসরে উৎপাদন করার কৃতিত্ব ইউনিট্রির।

চতুষ্পদী রোবট এখনো যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়নি। তবে যুক্তরাষ্ট্র ও চীন, দুই দেশই সামরিক কাজে এসব রোবট ব্যবহারের সম্ভাবনা নিয়ে পরীক্ষা চালাচ্ছে। গত অক্টোবরে চীনা গণমাধ্যমে প্রকাশিত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি সামরিক মহড়ার ভিডিওতে ‘রোবট উলফ’ নামের চতুষ্পদী রোবট দেখা যায়। ওই মহড়ায় সৈকতে অবতরণের অনুশীলন করা হচ্ছিল।

ইউনিট্রি অবশ্য বলেছে, তাদের রোবট বেসামরিক ব্যবহারের জন্য তৈরি। ২০২২ সালে কয়েকটি মার্কিন কোম্পানির সঙ্গে একটি খোলা চিঠিতে সই করে তারা রোবটকে অস্ত্রসজ্জিত না করার অঙ্গীকারও করেছিল। এতে অস্ত্রসজ্জিত রোবটের সম্ভাব্য ক্ষতি ও নৈতিক ঝুঁকির কথা বলা হয়।

তবে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিওতে ইউনিট্রির জিও২ রোবট এবং বি১ সিরিজের একটি পরিবর্তিত রোবটকে চীনা সেনাদের সঙ্গে সামরিক মহড়ায় দেখা গেছে। একটি রোবটের ওপর অ্যাসল্ট রাইফেল বসিয়ে গুলি চালাতেও দেখা যায়।

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মার্কিন সেনাবাহিনী দুটি ইউনিট্রি গো২ রোবট কেনার জন্য বিশেষ অনুমোদন নেয়। সরকারি নথিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে একই মানের পর্যাপ্ত বিকল্প রোবট না থাকায় এগুলো প্রয়োজনীয় সরঞ্জাম হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত রোবট দুটি কেনা হয়েছিল কি না, তা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। ওই মাসের শেষ দিকে মার্কিন মেরিন সেনারাও একটি ইউনিট্রি গো১ রোবটের সঙ্গে রকেট লঞ্চার যুক্ত করে দূর থেকে গুলি চালানোর মহড়া চালায়।

মার্কিন কোম্পানি ঘোস্ট রোবোটিক্স এখন পর্যন্ত প্রায় ১ হাজার ভিশন ৬০ রোবট সরবরাহ করেছে। এসব রোবটের বেশির ভাগই সামরিক ও সরকারি সংস্থাগুলো নজরদারি এবং কঠিন পরিবেশে অনুসন্ধানের কাজে ব্যবহার করছে। কম্পানিটির প্রথম গ্রাহক ছিল মার্কিন নেভি সিলের তত্ত্বাবধানকারী নেভি স্পেশাল ওয়ারফেয়ার কমান্ড।

ভিশন ৬০-এর কিছু যন্ত্রাংশ এখনো চীনে তৈরি হয়। তবে সরবরাহব্যবস্থা অন্য দেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ঘোস্ট রোবোটিক্স। প্রতিটি ভিশন ৬০ রোবটের দাম ১ লাখ ৬৫ হাজার ডলারের বেশি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ইউনিট্রির বি সিরিজের রোবটের দাম ১ লাখ ডলারের কম।

ঘোস্ট রোবটিকেসের প্রতিষ্ঠাতা গ্যাভিন কেনেলি বলেন, প্রায় দুই বছর আগে কম্পানিটি মোটরের সরবরাহ চীন থেকে দক্ষিণ কোরিয়ায় সরিয়ে নিয়েছে। তবে চীনা চুম্বক ও কিছু ধাতব উপাদানের ওপর নির্ভরতা কমানো এখনো কঠিন।

কেনেলির মতে, রোবট তৈরিতে চীনের ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রকে তার মিত্র দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করতে হবে। কারণ, এসব পণ্য তৈরির সক্ষমতা যুক্তরাষ্ট্রের সব ক্ষেত্রে নেই। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার এলআইজি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস ২৪ কোটি ডলারে ঘোস্ট রোবটিকসের ৬০ শতাংশ শেয়ার কিনে নেয়। কেনেলি জানান, তার কম্পানি তাইওয়ানে উৎপাদনকেন্দ্র স্থাপনের বিষয়টিও বিবেচনা করছে।

তিনি বলেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%