০৯:৪৩ এম
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতা এবং প্রধান আলোচক খলিল আল-হাইয়া যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব গ্রহণ করার পর এটি আল-হাইয়ার প্রথম মিসর সফর। রবিবার (১৬ আগস্ট) সকালে তিনি মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান রাশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে, আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইল ও মিসর সফরে আসবেন।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে ইসরাইল এবং অন্যান্য পক্ষের মধ্যে মতপার্থক্য কমানোর বিষয়ে তার সফরের মূল উদ্দেশ্য। কুশনারের সঙ্গে থাকবে ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভও।
এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। ওই পরিকল্পনার আওতায় হামাস নতুন একটি ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরের সম্মতি জানিয়েছিল।
হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “আমরা নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় আছি।”
আলোচনার প্রেক্ষাপটে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ইসরাইলি বিমান হামলা, গোলাবর্ষণ এবং বিভিন্ন স্থাপনা ধ্বংসের ঘটনায় দুই ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
ফিলিস্তিনি সরকারি সূত্রের দাবি, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় ১ হাজার ২৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন