ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বায়ার্ন


ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বায়ার্ন

জার্মান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডকে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে পরাজিত করে ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপের ট্রফিটি ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ।

বায়ার্নের জয়ের জন্য জালে বল জড়ান নাথানিয়েল ব্রাউন ও মাইকেল অলিসে। অন্যদিকে, ডর্টমুন্ডের হয়ে ব্যবধান কমান ফাবিও সিলভা।

সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত ম্যাচের ২৮ মিনিটে মাইকেল অলিসের চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে বায়ার্নকে এগিয়ে দেন নাথানিয়েল ব্রাউন। বায়ার্নের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকেই এই গোলের দেখা পেলেন তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

প্রথমার্ধের যোগ করা সময়ে ডর্টমুন্ডের জোব বেলিংহামের একটি ভুল পাসের সুযোগ নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন অলিসে।

দ্বিতীয় অর্ধে ডর্টমুন্ড ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে। ৭৫ মিনিটে দানিয়েল স্ভেনসনের ক্রস থেকে ফাবিও সিলভার আলতো ছোঁয়ায় ব্যবধান কমে ২-১ হয়। তবে শেষ সময়ে বায়ার্নের ইসমায়েল সাইবারিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি।

যোগ করা সময়ে ম্যাক্সিমিলিয়ান বেয়ার সমতা ফেরানোর একটি দারুণ সুযোগ হাতছাড়া করেন, ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন বায়ার্নের ফরাসি তারকা অলিসে। শুধু দলকে জেতানোর পাশাপাশি ৪টি সুবর্ণ সুযোগ তৈরি ও ৩১টি ফাইনাল-থার্ড পাস দিয়েও ম্যাচের সেরা পারফর্মার ছিলেন তিনিই।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এদিকে, এই জয়ে এক নতুন ইতিহাস তৈরি করেছেন বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। তিনি সুপারকাপে ১২তম ম্যাচ খেলে থমাস মুলারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন। এছাড়া, এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ বার শিরোপা উঁচিয়ে ধরার কীর্তি গড়লেন নয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে নেই ঢাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ এম


দূষিত শহরের তালিকায় শীর্ষ দশে নেই ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে শীর্ষ দশের বাইরে নেমে এসেছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ছিল ২২তম।

এই সময় ঢাকার বায়ুমান সূচকের স্কোর রেকর্ড করা হয়েছিল ৮২, যা মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হচ্ছে।

 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বায়ুমান সূচকের স্কোর ছিল ২০৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

দ্বিতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ছিল ১৯৫। আর তৃতীয় অবস্থানে মালেশিয়ার কুচিংয়ের স্কোর ছিল ১৮৫। এর পর ১৫৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, যদি বায়ুমান সূচকের স্কোর শূন্য থেকে ৫০ হয়, তাহলে বাতাসের মান ভালো বলে বিবেচনা করা হবে। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়।

এছাড়া, ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর বলে বিবেচিত। ২০১ থেকে ৩০০ স্কোর 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ হিসেবে গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় ডিবির অভিযানে ইয়াবাসহ তিন জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি,

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:২১ এম


দীঘিনালায় ডিবির অভিযানে ইয়াবাসহ তিন জন গ্রেফতার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে আকস্মিক অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। হঠাৎ ডিবির অভিযানে ইয়াবাসহ তিনজন আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাঙামাটির সাজেক থানার বাঘাইহাট চৌধুরীপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), দীঘিনালার রাজেন্দ্র কারবারীপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং বোয়ালখালী পুরাতন বাজার এলাকার রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)।

স্থানীয়দের কাছে ঘটনাটি অনেকটাই অপ্রত্যাশিত বলে জানিয়েছেন তারা। বাজারের ব্যস্ত এলাকায় এমনভাবে মাদকবিরোধী অভিযান ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তারের ঘটনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

বোয়ালখালী বাজারের একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, যাদের মাদক কারবারের সঙ্গে জড়িত বলে কখনো ভাবিনি, তাদেরই ইয়াবাসহ আটকের খবর আমাদের অবাক করেছে। পরিচিত মানুষদের নিয়েই যখন এমন ঘটনা সামনে আসে, তখন সন্তানদের নিয়ে আমরা আরও চিন্তিত হয়ে পড়ি। কে কখন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, তা বোঝা কঠিন হয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আকস্মিক এ অভিযানের ধারাবাহিকতা বজায় রেখে বাজার ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। তাদের মতে, শুধু মাদক উদ্ধার ও গ্রেপ্তার নয়, মাদকের উৎস ও কারবারের সঙ্গে জড়িত পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরকীয়া প্রেমের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৩ এম


পরকীয়া প্রেমের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, প্রেমিকের বিরুদ্ধে পরিবারের অভিযোগ

মাদারীপুরের কালকিনি উপজেলার চর দৌলতখান ইউনিয়নে তানিয়া নামে এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সড়ক দুর্ঘটনার কথা বলে তাকে গুরুতর আহত অবস্থায় বাবার বাড়ির সামনে রেখে যাওয়া হলেও পরে জানা যায়, মৃত্যুর দিন তিনি কথিত পরকীয়া প্রেমিক মিলন হাওলাদারের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। এ ঘটনায় মিলনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন নিহতের ছোট ভাই।

নিহত তানিয়া চর দৌলতখান ইউনিয়নের ঢাকি কান্দি গ্রামের বাসিন্দা। তার স্বামী ও দুই মেয়ে এক ছেলেসহ পাঁচ সদস্যের সংসার ছিল। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে সাহেবরামপুর ইউনিয়নের শাহিন হাওলাদারের ছেলে মিলন হাওলাদারের সঙ্গে তানিয়ার সম্পর্ক ছিল। মিলনেরও সংসার রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট মঙ্গলবার তানিয়া বাড়ি থেকে বের হয়ে সিডি খান বাজারে যান। পরে রাতে একটি ইজিবাইকে করে গুরুতর অসুস্থ ও আহত অবস্থায় তাকে বাবার বাড়ির সামনে রেখে যাওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথেই তানিয়ার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা প্রথমে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে ধরে নিয়ে তানিয়ার মরদেহ দাফন করেন। তবে পরবর্তী সময়ে বিভিন্ন তথ্য সামনে আসায় তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

নিহতের পরিবারের দাবি, মৃত্যুর দিন তানিয়া কথিত প্রেমিক মিলন হাওলাদারের সঙ্গে মোটরসাইকেলে করে খাসেরহাট এলাকায় গিয়েছিলেন। বিষয়টি জানার পর মিলনকে সন্দেহ করে ঘটনার দুই দিন পর কালকিনি থানায় লিখিত অভিযোগ করেন নিহতের ছোট ভাই মেহেদী মোল্লা।

অভিযোগের পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, তানিয়ার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এদিকে, মিলন হাওলাদারকে স্থানীয়ভাবে ‘হোটেল মিলন’ নামেও ডাকা হয় বলে জানা গেছে। তার সাহেবরামপুর বাজারের দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি। এ সময় তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি মিলনের বিষয়ে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

অন্যদিকে, খাসেরহাট বাজারের একটি বেসরকারি ক্লিনিকের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন মিলন ও তানিয়া সেখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তাদের চিকিৎসার ধরন ও সেখানে যাওয়ার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, তানিয়ার মৃত্যুর পেছনে মিলন হাওলাদারের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের কাছে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে, ঘটনার পর থেকে মিলন হাওলাদার আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছে নিহতের পরিবার। বর্তমানে তার সাহেবরামপুর বাজারের দোকানে ছোট ভাই ব্যবসা পরিচালনা করছেন।

তানিয়ার পরিবারের অভিযোগ ও স্থানীয়দের সন্দেহের পরিপ্রেক্ষিতে এখন মৃত্যুর প্রকৃত কারণ কী—সড়ক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে—তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন স্বজনরা। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ফের মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

১১:২৫ এম


হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ফের মানচিত্র প্রকাশ করলেন ট্রাম্প

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র ফের প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি শেয়ার করেছেন। তবে এবার তিনি পোস্টটির সঙ্গে কোনো মন্তব্য করেননি।

এক সপ্তাহের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট একই মানচিত্র দ্বিতীয়বার প্রকাশ করলেন। এর আগে ১৮ আগস্টও তিনি ঠিক একই ছবি শেয়ার করেছিলেন।

এদিকে শুক্রবার এক সমাবেশে ট্রাম্প বলেছেন, হরমুজকে ‘বর্তমানে আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দেখতে হবে। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থানও কঠোর। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকবে।

এর আগে ইরান সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। তেহরান জানিয়ে দিয়েছে, এমন পরিস্থিতির ফলস্বরূপ সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে আঘাত হতে পারে এবং হরমুজ দিয়ে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে।

যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটনের পক্ষ থেকে তেহরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা দেওয়া দেশ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি এসেছে।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর মধ্যে একটি। এই জলপথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের কারণে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স, ডেকান ক্রনিকল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%