০৩:২১ এম
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের অবস্থান নিয়ে ককক্রোচ জনতা পার্টির নেতা (সিজিপি) অভিজিৎ দীপের কটাক্ষের কারণে বিতর্কের সৃষ্টি হয়। এবার অভিজিৎ প্রকাশ্যে দিলজিতের কাছে ক্ষমা চাইলেন।
তিনি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গায়ককে ‘ছোট ভাই ভেবে মাফ করে দেওয়ার’ অনুরোধ করেছেন। অন্যদিকে, শুক্রবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে নিজের কনসার্টে এই বিতর্ক নিয়ে কথা বলেন দিলজিৎ। তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, “পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, তা শেখানোর প্রয়োজন নেই।”
কনসার্টে দিলজিৎ বলেন, “আমি তোমাদের সবাইকে ভালবাসি, কারণ আমি শিল্পী। আমি চুপ করে আছি, তাই আমাকে চুপ থাকতে দাও। আমি তোমাদের সবাইকে সমর্থন করি। কিন্তু পাঞ্জাবিদের কীভাবে লড়াই করতে হয়, সেটা শিখিয়ে দিও না।”
আরও পড়ুন: ফ্রি ফায়ার গ্লোরি অ্যাওয়ার্ডে এক মঞ্চে গেমিং তারকারা
এরপর তিনি নিজের ছবি ‘সতলুজ’-এর প্রসঙ্গ টেনে বলেন, “মঞ্চে যে ছবিটি নিয়ে তোমরা মজা করছ, জসওয়ন্ত সিং খালরার সেই ছবি তৈরির জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আমি তোমাদের সবাইকে ভালবাসি। কেউ যদি আমাদের ঘৃণা করে, তাতেও কিছু যায় আসে না। কিন্তু আমি সবাইকে ভালবাসি।”
দিলজিতের এই মন্তব্যের পরেই ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে পোস্ট করেন অভিজিৎ দীপ। সেখানে তিনি উল্লেখ করেন, “জুন মাসে পড়ুয়াদের আন্দোলনের সময় দিলজিতের একটি মন্তব্যে আমি কিছুটা আঘাত পেয়েছিলাম। তবে ব্যক্তিগতভাবে গায়কের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ ছিল না। বরং বরাবরই দিলজিৎকে এমন একজন শিল্পী হিসেবে দেখেছি, যিনি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন।”
অভিজিৎ আরও জানান, “দিলজিতের গানের প্রতি আমার ভালবাসা ও মানুষ হিসেবে গায়কের প্রতি শ্রদ্ধা এখনো অটুট। গত মে মাসে ভারত ফেরার আগে শিকাগোয় দিলজিতের কনসার্টেও আমি উপস্থিত ছিলাম। শুধু গান শোনার জন্য নয়, দিলজিতের ব্যক্তিত্বের প্রতিও আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”
তিনি গায়কের প্রশংসা করেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের পরিচিতি তুলে ধরা এবং নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকার জন্য। পোস্টের শেষে অভিজিৎ লেখেন, “একটি মতপার্থক্য বা ভুল বোঝাবুঝি আপনার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসা বদলে দিতে পারে না। বাকি পাজি, ছোট ভাই সমঝ কে মিট্টি পাও।”
আরও পড়ুন: ‘খলনায়ক’ সিনেমায় নিশো ও চঞ্চল, নতুন উদ্যোগ এসভিএফ আলফা-আইয়ের
অর্থাৎ, ছোট ভাই ভেবে ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বিতর্কের সূত্রপাত ঘটে গত জুন মাসে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন করছিলেন পড়ুয়ারা। সেই সময় ইনস্টাগ্রাম লাইভে দিলজিৎকে প্রশ্ন করা হয়, তিনি ওই আন্দোলনে যোগ দেবেন কিনা। উত্তরে গায়ক বলেছিলেন, “আমাকে এসবের মধ্যে রেখো না। ভাই, আমি একজন শিল্পী। আমি কোনো রাজনীতিবিদ নই।”
এরপর গুরু গ্রন্থ সাহিবের একটি পঙ্ক্তি উদ্ধৃত করে তিনি জানান, “পৃথিবীর সব কিছু কখনও ঠিক হতে পারে না।” যারা আন্দোলন করছেন এবং যাদের দাবিতে আন্দোলন হচ্ছে, উভয় পক্ষকেই শুভেচ্ছা জানান তিনি। তবে তার এই মন্তব্য ঘিরে সমালোচনা শুরু হয়। ২০২০ সালের কৃষক আন্দোলনের সময় দিলজিতের প্রকাশ্য সমর্থনের প্রসঙ্গ টেনে অনেকে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। সেই সমালোচকদের মধ্যে ছিলেন অভিজিৎও। তার অভিযোগ ছিল, রাজনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে তৈরি ‘সতলুজ’ ছবিতে অভিনয় করলেও পড়ুয়াদের আন্দোলনের সময় দিলজিৎ নীরব থেকেছেন।
আরও পড়ুন: ক্যারিয়ারের সাফল্যের পেছনে ধৈর্যের গুরুত্ব জানালেন কৌশানি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন