০৬:৪০ পি.এম
সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নব্বই দশকের আলোচিত নায়িকা পলি ও জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। তাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সিনেমা হল পরিদর্শন এবং ঘরোয়া আড্ডায় নিয়মিত উপস্থিতি সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
অভিনেতা ডিএ তায়েব, যিনি দীর্ঘ ২৫ বছর পুলিশ বিভাগে সফলভাবে দায়িত্ব পালন করেছেন, অভিনয়ের প্রতি মনোযোগ দিতে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ‘সোনা বন্ধু’, ‘ইশা খাঁ’ এবং সর্বশেষ ২০২৬ সালের আলোচিত অ্যাকশন-থ্রিলার ‘অফিসার’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নিজের অবস্থানকে শক্তিশালী করেছেন।
অন্যদিকে, নব্বইয়ের দশকের আলোচিত নায়িকা পলি তার ক্যারিয়ারে অনেক সফল বাণিজ্যিক সিনেমা উপহার দিয়েছেন। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর, ডিএ তায়েবের সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে তিনি আবার আলোচনায় ফিরে এসেছেন। সম্প্রতি, ডিএ তায়েবের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অফিসার’ প্রদর্শনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলি।
আরও পড়ুন: শাহরুখের ৬১তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ প্রকাশ
এছাড়া, ডিএ তায়েবের আমন্ত্রণে তার বাসায় আয়োজিত একটি ঘরোয়া পার্টিতে পলির নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এই দুই তারকার একসঙ্গে উপস্থিতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এদিকে, মিডিয়ায় নতুন কাজের গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তারা জানিয়েছেন, ভালো গল্প এবং ব্যতিক্রমী চরিত্র পেলে বড়পর্দায় অথবা কোনো হাই-প্রোফাইল ওয়েব প্রজেক্টে তারা একসঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন