০৬:৪৩ পি.এম
দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকদের শীর্ষ সংগঠন ‘দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’ নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি মো. ফজলুল হক।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাকে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত রবিবার তিনি এফবিসিসিআই’র দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রতিমন্ত্রী নুর
অফিস আদেশে বলা হয়েছে, এফবিসিসিআই’র সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম ‘বাণিজ্য সংগঠন আইন, ২০২২’, ‘বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫’, ‘কোম্পানি আইন, ১৯৯৪’ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী পরিচালিত হওয়া আবশ্যক।
এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং দেশের শিল্প ও বাণিজ্যের প্রসারের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা মোতাবেক সরকারের অনুমোদনক্রমে ফজলুল হককে এই পদে নিয়োগ প্রদান করা হলো।
এর আগে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খানকে এফবিসিসিআইর প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে গত ২৭ জুন তাকে এ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়।
নতুন প্রশাসক ফজলুল হক দায়িত্ব গ্রহণের পর নির্ধারিত ১২০ দিনের মধ্যে সংগঠনটির নির্বাচন সম্পন্ন করবেন এবং নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে বাণিজ্য মন্ত্রণালয়কে তা অবহিত করবেন।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী, আরও পতনের শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন