ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী


ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান করেছেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তিনি পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে সূ্র্যোদয়ের এ সময় থেকেই ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর গাড়িবহর মধ্য সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। গাড়িবহর শহীদ মিনার এলাকায় পৌঁছালে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য গাড়িবহরের গতিতে ধীরতা দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক পর্যন্ত গাড়িবহরের সঙ্গে এগিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান এবং অবৈধ স্থাপনা অপসারণ করায় ফুটপাত দীর্ঘদিন পর স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজটও কমে আসে।

আরও পড়ুন: চোর-সন্ত্রাসী-মানি লন্ডারারদের ফেরানোর অগ্রাধিকার তালিকা

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, তিনি বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে ধরা মাগুরার সেই ‘ধুরন্ধর’ অনলাইন জুয়াড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ এম


অবশেষে ধরা মাগুরার সেই ‘ধুরন্ধর’ অনলাইন জুয়াড়ি

মাগুরায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) মাগুরা সদর থানা পুলিশ জানায়,

বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে শহরের ভিটাসাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নয়ন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা এবং আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহামুদ গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্যও মিলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা: ইয়ামাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ এম


ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা: ইয়ামাল

বেলজিয়ামকে পরাজিত করে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেছে স্পেন। সেমিফাইনালটি তাদের জন্য এক রকম ফাইনালের মতো। কারণ প্রতিপক্ষ যে দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স। ৬ ম্যাচের মধ্যে দিদিয়ের দেশমের শিষ্যরা ৬টিই জিতেছে।

ফ্রান্স-স্পেনের সেমিফাইনালটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে সামনে রেখে লামিলে ইয়ামাল বলেছেন, তারা ফ্রান্সকে ভয় পাচ্ছেন না। বরং তিনি মনে করেন, ফ্রান্সেরই স্পেনকে ভয় পাওয়া উচিত। এর পেছনে যুক্তিও তিনি তুলে ধরেছেন। শেষ দুই দেখায়ই ফ্রান্সের বিরুদ্ধে তারা জয় লাভ করেছে।

ইয়ামাল মন্তব্য করেন, ‘ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয়, তাহলে সেটা আমরা। আমরা এর আগেও তাদের বিদায় করেছি। আমরা তাদের দুবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মতে এই বিশ্বকাপের সেরা দুই দলই আমরা এবং ফ্রান্স। কী হবে সেটা মাঠেই দেখা যাবে, তবে আমরা তাদের মোটেও ভয় পাই না।’

ইয়ামাল ফ্রান্সকে নিয়ে একই সুরে কথা জানিয়েছেন নকআউটের প্রথম ম্যাচের আগে। তার মতে, দিদিয়ের দেশমের ফ্রান্স মোটেও স্পেনের চেয়ে ভালো দল নয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, চলমান বিশ্বকাপের ট্রফি অবশেষে স্পেনই জিতবে।

কোপ-এর তিয়েম্পো দে খুয়েগো অনুষ্ঠানে ইয়ামাল বলেন, ‘এমন কোনো দল নেই, যাকে হারানো অসম্ভব। ফ্রান্স আমাদের চেয়ে ভালো নয়। ইউরো চ্যাম্পিয়নশিপে তারা আমাদের হারাতে পারেনি। এখানে কোনো ফেভারিট নেই। কেউই আমাদের চেয়ে এগিয়ে নেই। যখন কোনো টুর্নামেন্ট শুরু হয়, আমি সবসময় ভাবি, আমরাই জিতব। এখন আমার মাথায় একটাই চিন্তা; আমরাই বিশ্বকাপ জিতব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক-মাধ্যমিকের ১৩৩ বইয়ে আসছে পরিমার্জন, যুক্ত হচ্ছে চার নতুন বই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ এম


প্রাথমিক-মাধ্যমিকের ১৩৩ বইয়ে আসছে পরিমার্জন, যুক্ত হচ্ছে চার নতুন বই

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১৩৩টি পাঠ্যবইয়ের পরিমার্জনসহ দুই শ্রেণিতে চারটি নতুন বই যুক্ত হচ্ছে।

ইতিহাস, বাংলা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বইয়ে নতুন বিষয় সংযোজন ও পুরোনো অংশ পুনর্বিন্যাসের কাজ চলছে।

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। আইসিটি বইয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে নতুন অধ্যায় সংযোজন করা হচ্ছে। নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি প্রবন্ধ সংযোজন হচ্ছে।

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বর্তমান চার নেতার পাশাপাশি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও অবদান যুক্ত হচ্ছে বলে সমকাল এক প্রতিবেদনে জানিয়েছে।

এনসিটিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক স্তরের ৩৬টি পাঠ্যবই পরিমার্জনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মাধ্যমিকের মোট পাঠ্যবই ৯৯টি। এর মধ্যে ৯৭টি পরিমার্জন করা হয়েছে।

প্রাথমিকের পাঠ্যবই ১৬০ জন বিষয় বিশেষজ্ঞ এবং মাধ্যমিকের বইয়ের ক্ষেত্রে ২৫০ জন পরিমার্জন কাজে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রায় ৩০ কোটি ৮৩ লাখের বেশি পাঠ্যবই মুদ্রণ করা হবে। এরমধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আট কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি স্তরের শিক্ষার্থীদের জন্য ২১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৩৩২ কপি বই ছাপানো হবে। আগস্টের প্রথম সপ্তাহে বই ছাপার কাজ শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘এ পর্যন্ত ১৩৩টির পরিমার্জন ও ইনডিজাইন সম্পন্ন হয়েছে। চারটি বই নতুন সংযোজন হওয়ায় সেগুলোর বিষয়বস্তু ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।’

তিনি বলেন, ‘চার শতাধিক বিশেষজ্ঞ, বিষয়ভিত্তিক শিক্ষক, সম্পাদক ও কারিগরি বিশেষজ্ঞ বই প্রস্তুতের কাজে যুক্ত রয়েছেন। প্রতিটি বই একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নির্ভুল, মানসম্মত ও সময়োপযোগী বই হাতে পাক। সময়মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিপ্টো বিলিয়নিয়ারদের স্বপ্নের নতুন ঠিকানা লিবারল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


ক্রিপ্টো বিলিয়নিয়ারদের স্বপ্নের নতুন ঠিকানা লিবারল্যান্ড!

ডানিউব নদীর তীরে কাদা আর জলাভূমিতে ঘেরা একটি ছোট্ট ভূখণ্ড। চারদিকে গাছপালা, কয়েকটি তাঁবু এবং গাছের ওপর বানানো কুঁড়েঘর। প্রথম দেখায় এটিকে সাধারণ একটি নির্জন এলাকা মনে হলেও, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের কয়েকজন ধনকুবের ক্রিপ্টো উদ্যোক্তার উচ্চাভিলাষী পরিকল্পনা। এই উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে সরকার পরিচালিত হবে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে, কর থাকবে না এবং ভোটাধিকার নির্ধারিত হবে একজন নাগরিকের সম্পদের ভিত্তিতে। এই রাষ্ট্রের নাম লিবারল্যান্ড। সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার একটি বিতর্কিত ভূখণ্ডে ২০১৫ সালে এটি প্রতিষ্ঠার ঘোষণা দেন চেক রাজনীতিক ভিট ইয়েদলিচকা। এটি আন্তর্জাতিকভাবে কোনও স্বীকৃত রাষ্ট্র নয়, তবে ক্রিপ্টো দুনিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব এটিকে ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থার পরীক্ষাগার হিসেবে দেখছেন। সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, যে বিশ্বের অন্যতম ধনী ক্রিপ্টো উদ্যোক্তারা কেবল এই প্রকল্পে অর্থায়নই করছেন না, বরং বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প মডেল তৈরির জন্যও চেষ্টা করছেন। বাস্তবের আওতায়, লিবারল্যান্ডে পৌঁছাতে হয় নৌকায়। কারণ, স্থলপথে সেখানে প্রবেশে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ নানারকম বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু ভার্চুয়াল জগতে লিবারল্যান্ডের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান জাহা হাদিদ আর্কিটেক্টস-এর নকশায় লিবারল্যান্ডে কল্পনা করা হয়েছে আকাশচুম্বী ভবন, ভাসমান পার্ক, আধুনিক জলকেন্দ্রিক অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর নগররাষ্ট্র। লিবারল্যান্ডের প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট ইয়েদলিচকার দাবি, এটি হবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল রাষ্ট্র। এখানে প্রশাসন পরিচালিত হবে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। বিশ্বে অধিকাংশ গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান। কিন্তু লিবারল্যান্ডে এই ধারণা কার্যকর নয়। এখানে ‘লিবারল্যান্ড মেরিটস’ নামে একটি ক্রিপ্টো টোকেন রয়েছে। যে নাগরিকের কাছে যত বেশি মেরিটস থাকবে, রাষ্ট্র পরিচালনায় তার ভোটের ক্ষমতাও তত বেশি হবে। এর মানে হচ্ছে, অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ইয়েদলিচকা জানান, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই ডিজিটাল টোকেনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিবারল্যান্ডের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো- এখানে কোনও ধরনের কর (ট্যাক্স) নেই। দেশটির স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রোয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ইভান পারনারের মতে, স্বাধীনতা ও বিকেন্দ্রীভূত অর্থনীতিতে বিশ্বাসী মানুষ সাধারণত সমাজের ধনী শ্রেণির। তিনি বলেন, রাষ্ট্রে সবাইকে নির্বিচারে প্রবেশাধিকার দিলে যুক্তরাজ্যের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা তারা চান না। পারনার আরও দাবি করেন, সম্পদহীন মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ব্যয় ধনীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এমনকি দরিদ্র মানুষকে প্রাণীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, অতিরিক্ত সহায়তা মানুষকে আত্মনির্ভরশীলতা থেকে দূরে সরিয়ে দেয়। তার এই মন্তব্য ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। লিবারল্যান্ডের পেছনে জাস্টিন সান। লিবারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার দাবি করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাস্টিন সান বিশ্বজুড়ে আলোচনায় আসেন যখন তিনি দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলার শিল্পকর্ম ৬২ লাখ ডলারে কিনে পরে সেটি খেয়ে ফেলেন। তার প্রতিষ্ঠিত ট্রন ব্লকচেইন বর্তমানে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টো নেটওয়ার্ক। মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো এক সময় তার বিরুদ্ধে প্রতারণা ও বাজার কারসাজির অভিযোগ তুলেছিল। যদিও সান এসব অভিযোগ অস্বীকার করেন এবং পরে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জাস্টিন সানের। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো ব্যবসাতেও অন্যতম বড় বিনিয়োগকারী। তিনি ট্রাম্প পরিবারের ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালে ৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছেন। এছাড়া ট্রাম্প-সম্পর্কিত একটি মিমকয়েনেও তিনি কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন। যার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সুযোগ পান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়ালেও পারিবারিক ট্রাস্টের মাধ্যমে তারা এখনও ব্যবসাটির মালিকানা ও আর্থিক সুবিধা ভোগ করছে। সরকারের পরিবর্তে ব্লকচেইন? জাস্টিন সানের বিশ্বাস, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার অনেক দায়িত্বই ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে। তার মতে, মহাকাশ থেকে পৃথিবীকে দেখার পর তিনি উপলব্ধি করেছেন, পৃথিবীতে কোনও দৃশ্যমান সীমান্ত নেই। তাই প্রচলিত রাষ্ট্রব্যবস্থা একদিন প্রযুক্তিনির্ভর বিকল্প ব্যবস্থায় রূপ নিতে পারে। লিবারল্যান্ডে নাগরিকরা ডিজিটাল টোকেন ব্যবহার করে আইন ও গণভোটে অংশ নেন। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনা করে। যদিও বাস্তবে এখনও আইন বাস্তবায়নে মানব প্রশাসনের প্রয়োজন হচ্ছে। শুধু লিবারল্যান্ড নয়, বিশ্বজুড়ে একই ধরনের আরেকটি প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে রয়েছে- ১. হন্ডুরাসের প্রসপেরা। ২. প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েল সমর্থিত সিস্টেডিং ইনস্টিটিউট। ৩. বিনিয়োগকারী টিম ড্রেপারের ‘ড্রেপার নেশন’, যেখানে বিটকয়েনই মূল মুদ্রা। এসব প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রচলিত রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে প্রযুক্তিনির্ভর, সীমান্তহীন ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বিতর্কিত দর্শনের প্রভাব এই ধারণাগুলোর পেছনে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন প্রযুক্তি উদ্যোক্তা ও চিন্তাবিদ কার্টিস ইয়ারভিন। তার “প্যাচওয়ার্ক” ধারণা অনুযায়ী, বর্তমান জাতিরাষ্ট্র ভেঙে পৃথিবীজুড়ে অসংখ্য ক্ষুদ্র সার্বভৌম রাষ্ট্র গড়ে উঠবে। এগুলো পরিচালিত হবে করপোরেট প্রতিষ্ঠানের মতো এবং নাগরিকদের আকৃষ্ট করতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। ইয়ারভিনের কল্পনায় এসব রাষ্ট্র পরিচালনা করবেন ‘সিইও-রাজা’, যারা মূলত শেয়ারহোল্ডারদের কাছে জবাবদিহি করবেন। যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো লবির উত্থান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনী চক্রে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো শিল্পের লবিং ব্যয় ২৩ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে, যা জীবাশ্ম জ্বালানি শিল্পকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো খাতের এই ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ভবিষ্যতের রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। লিবারল্যান্ড, জাস্টিন সান, টিম ড্রেপার কিংবা অন্যান্য প্রযুক্তি উদ্যোক্তাদের দাবি- ব্লকচেইন প্রযুক্তি মানুষকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবে। তবে সমালোচকদের প্রশ্ন ভিন্ন। যদি সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমেও যায়, তবে সেই ক্ষমতা কার হাতে যাবে? বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, এখন পর্যন্ত যেসব উদাহরণ দেখা যাচ্ছে, তাতে প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর নিয়ন্ত্রণ যাদের হাতে, শেষ পর্যন্ত ক্ষমতা ও সম্পদও তাদের দিকেই কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%