ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

প্রাথমিক-মাধ্যমিকের ১৩৩ বইয়ে আসছে পরিমার্জন, যুক্ত হচ্ছে চার নতুন বই


প্রাথমিক-মাধ্যমিকের ১৩৩ বইয়ে আসছে পরিমার্জন, যুক্ত হচ্ছে চার নতুন বই

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ১৩৩টি পাঠ্যবইয়ের পরিমার্জনসহ দুই শ্রেণিতে চারটি নতুন বই যুক্ত হচ্ছে।

ইতিহাস, বাংলা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বইয়ে নতুন বিষয় সংযোজন ও পুরোনো অংশ পুনর্বিন্যাসের কাজ চলছে।

শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। আইসিটি বইয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে নতুন অধ্যায় সংযোজন করা হচ্ছে। নবম ও দশম শ্রেণির বাংলা বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা একটি প্রবন্ধ সংযোজন হচ্ছে।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে বর্তমান চার নেতার পাশাপাশি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও অবদান যুক্ত হচ্ছে বলে সমকাল এক প্রতিবেদনে জানিয়েছে।

এনসিটিবি সূত্র জানিয়েছে, প্রাথমিক স্তরের ৩৬টি পাঠ্যবই পরিমার্জনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মাধ্যমিকের মোট পাঠ্যবই ৯৯টি। এর মধ্যে ৯৭টি পরিমার্জন করা হয়েছে।

প্রাথমিকের পাঠ্যবই ১৬০ জন বিষয় বিশেষজ্ঞ এবং মাধ্যমিকের বইয়ের ক্ষেত্রে ২৫০ জন পরিমার্জন কাজে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রায় ৩০ কোটি ৮৩ লাখের বেশি পাঠ্যবই মুদ্রণ করা হবে। এরমধ্যে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আট কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি স্তরের শিক্ষার্থীদের জন্য ২১ কোটি ২৭ লাখ ২৮ হাজার ৩৩২ কপি বই ছাপানো হবে। আগস্টের প্রথম সপ্তাহে বই ছাপার কাজ শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি শেষ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: ইশরাক কাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট: আখতার হোসেন

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘এ পর্যন্ত ১৩৩টির পরিমার্জন ও ইনডিজাইন সম্পন্ন হয়েছে। চারটি বই নতুন সংযোজন হওয়ায় সেগুলোর বিষয়বস্তু ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।’

তিনি বলেন, ‘চার শতাধিক বিশেষজ্ঞ, বিষয়ভিত্তিক শিক্ষক, সম্পাদক ও কারিগরি বিশেষজ্ঞ বই প্রস্তুতের কাজে যুক্ত রয়েছেন। প্রতিটি বই একাধিক ধাপে পর্যালোচনা করা হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নির্ভুল, মানসম্মত ও সময়োপযোগী বই হাতে পাক। সময়মতো শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিপ্টো বিলিয়নিয়ারদের স্বপ্নের নতুন ঠিকানা লিবারল্যান্ড!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


ক্রিপ্টো বিলিয়নিয়ারদের স্বপ্নের নতুন ঠিকানা লিবারল্যান্ড!

ডানিউব নদীর তীরে কাদা আর জলাভূমিতে ঘেরা একটি ছোট্ট ভূখণ্ড। চারদিকে গাছপালা, কয়েকটি তাঁবু এবং গাছের ওপর বানানো কুঁড়েঘর। প্রথম দেখায় এটিকে সাধারণ একটি নির্জন এলাকা মনে হলেও, এর সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের কয়েকজন ধনকুবের ক্রিপ্টো উদ্যোক্তার উচ্চাভিলাষী পরিকল্পনা। এই উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গড়ে তোলা, যেখানে সরকার পরিচালিত হবে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে, কর থাকবে না এবং ভোটাধিকার নির্ধারিত হবে একজন নাগরিকের সম্পদের ভিত্তিতে। এই রাষ্ট্রের নাম লিবারল্যান্ড। সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যকার একটি বিতর্কিত ভূখণ্ডে ২০১৫ সালে এটি প্রতিষ্ঠার ঘোষণা দেন চেক রাজনীতিক ভিট ইয়েদলিচকা। এটি আন্তর্জাতিকভাবে কোনও স্বীকৃত রাষ্ট্র নয়, তবে ক্রিপ্টো দুনিয়ার অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব এটিকে ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থার পরীক্ষাগার হিসেবে দেখছেন। সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, যে বিশ্বের অন্যতম ধনী ক্রিপ্টো উদ্যোক্তারা কেবল এই প্রকল্পে অর্থায়নই করছেন না, বরং বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প মডেল তৈরির জন্যও চেষ্টা করছেন। বাস্তবের আওতায়, লিবারল্যান্ডে পৌঁছাতে হয় নৌকায়। কারণ, স্থলপথে সেখানে প্রবেশে ক্রোয়েশিয়ার কর্তৃপক্ষ নানারকম বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু ভার্চুয়াল জগতে লিবারল্যান্ডের চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান জাহা হাদিদ আর্কিটেক্টস-এর নকশায় লিবারল্যান্ডে কল্পনা করা হয়েছে আকাশচুম্বী ভবন, ভাসমান পার্ক, আধুনিক জলকেন্দ্রিক অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর নগররাষ্ট্র। লিবারল্যান্ডের প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট ইয়েদলিচকার দাবি, এটি হবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল রাষ্ট্র। এখানে প্রশাসন পরিচালিত হবে ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে। বিশ্বে অধিকাংশ গণতান্ত্রিক দেশে প্রত্যেক নাগরিকের ভোটের মূল্য সমান। কিন্তু লিবারল্যান্ডে এই ধারণা কার্যকর নয়। এখানে ‘লিবারল্যান্ড মেরিটস’ নামে একটি ক্রিপ্টো টোকেন রয়েছে। যে নাগরিকের কাছে যত বেশি মেরিটস থাকবে, রাষ্ট্র পরিচালনায় তার ভোটের ক্ষমতাও তত বেশি হবে। এর মানে হচ্ছে, অর্থের বিনিময়ে রাজনৈতিক প্রভাব ও নেতৃত্ব নির্ধারণের সুযোগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট ইয়েদলিচকা জানান, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এই ডিজিটাল টোকেনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লিবারল্যান্ডের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো- এখানে কোনও ধরনের কর (ট্যাক্স) নেই। দেশটির স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রোয়েশিয়ার সাবেক সংসদ সদস্য ইভান পারনারের মতে, স্বাধীনতা ও বিকেন্দ্রীভূত অর্থনীতিতে বিশ্বাসী মানুষ সাধারণত সমাজের ধনী শ্রেণির। তিনি বলেন, রাষ্ট্রে সবাইকে নির্বিচারে প্রবেশাধিকার দিলে যুক্তরাজ্যের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা তারা চান না। পারনার আরও দাবি করেন, সম্পদহীন মানুষের জন্য সামাজিক নিরাপত্তা ব্যয় ধনীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এমনকি দরিদ্র মানুষকে প্রাণীর সঙ্গে তুলনা করে তিনি বলেন, অতিরিক্ত সহায়তা মানুষকে আত্মনির্ভরশীলতা থেকে দূরে সরিয়ে দেয়। তার এই মন্তব্য ইতোমধ্যেই ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। লিবারল্যান্ডের পেছনে জাস্টিন সান। লিবারল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন চীনা ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৮৫০ কোটি মার্কিন ডলার দাবি করা হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। জাস্টিন সান বিশ্বজুড়ে আলোচনায় আসেন যখন তিনি দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলার শিল্পকর্ম ৬২ লাখ ডলারে কিনে পরে সেটি খেয়ে ফেলেন। তার প্রতিষ্ঠিত ট্রন ব্লকচেইন বর্তমানে বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টো নেটওয়ার্ক। মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো এক সময় তার বিরুদ্ধে প্রতারণা ও বাজার কারসাজির অভিযোগ তুলেছিল। যদিও সান এসব অভিযোগ অস্বীকার করেন এবং পরে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়। ট্রাম্প পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জাস্টিন সানের। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ক্রিপ্টো ব্যবসাতেও অন্যতম বড় বিনিয়োগকারী। তিনি ট্রাম্প পরিবারের ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালে ৭ কোটি ৫০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছেন। এছাড়া ট্রাম্প-সম্পর্কিত একটি মিমকয়েনেও তিনি কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন। যার মাধ্যমে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সুযোগ পান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা থেকে সরে দাঁড়ালেও পারিবারিক ট্রাস্টের মাধ্যমে তারা এখনও ব্যবসাটির মালিকানা ও আর্থিক সুবিধা ভোগ করছে। সরকারের পরিবর্তে ব্লকচেইন? জাস্টিন সানের বিশ্বাস, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার অনেক দায়িত্বই ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হবে। তার মতে, মহাকাশ থেকে পৃথিবীকে দেখার পর তিনি উপলব্ধি করেছেন, পৃথিবীতে কোনও দৃশ্যমান সীমান্ত নেই। তাই প্রচলিত রাষ্ট্রব্যবস্থা একদিন প্রযুক্তিনির্ভর বিকল্প ব্যবস্থায় রূপ নিতে পারে। লিবারল্যান্ডে নাগরিকরা ডিজিটাল টোকেন ব্যবহার করে আইন ও গণভোটে অংশ নেন। সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনা করে। যদিও বাস্তবে এখনও আইন বাস্তবায়নে মানব প্রশাসনের প্রয়োজন হচ্ছে। শুধু লিবারল্যান্ড নয়, বিশ্বজুড়ে একই ধরনের আরেকটি প্রকল্প চালু হয়েছে। এর মধ্যে রয়েছে- ১. হন্ডুরাসের প্রসপেরা। ২. প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েল সমর্থিত সিস্টেডিং ইনস্টিটিউট। ৩. বিনিয়োগকারী টিম ড্রেপারের ‘ড্রেপার নেশন’, যেখানে বিটকয়েনই মূল মুদ্রা। এসব প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে প্রচলিত রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে প্রযুক্তিনির্ভর, সীমান্তহীন ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বিতর্কিত দর্শনের প্রভাব এই ধারণাগুলোর পেছনে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিবেচিত হন প্রযুক্তি উদ্যোক্তা ও চিন্তাবিদ কার্টিস ইয়ারভিন। তার “প্যাচওয়ার্ক” ধারণা অনুযায়ী, বর্তমান জাতিরাষ্ট্র ভেঙে পৃথিবীজুড়ে অসংখ্য ক্ষুদ্র সার্বভৌম রাষ্ট্র গড়ে উঠবে। এগুলো পরিচালিত হবে করপোরেট প্রতিষ্ঠানের মতো এবং নাগরিকদের আকৃষ্ট করতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। ইয়ারভিনের কল্পনায় এসব রাষ্ট্র পরিচালনা করবেন ‘সিইও-রাজা’, যারা মূলত শেয়ারহোল্ডারদের কাছে জবাবদিহি করবেন। যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো লবির উত্থান প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনী চক্রে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো শিল্পের লবিং ব্যয় ২৩ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে, যা জীবাশ্ম জ্বালানি শিল্পকেও ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ক্রিপ্টো খাতের এই ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব ভবিষ্যতের রাষ্ট্র ও অর্থনৈতিক ব্যবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। লিবারল্যান্ড, জাস্টিন সান, টিম ড্রেপার কিংবা অন্যান্য প্রযুক্তি উদ্যোক্তাদের দাবি- ব্লকচেইন প্রযুক্তি মানুষকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত করবে। তবে সমালোচকদের প্রশ্ন ভিন্ন। যদি সরকার ও রাষ্ট্রের নিয়ন্ত্রণ কমেও যায়, তবে সেই ক্ষমতা কার হাতে যাবে? বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, এখন পর্যন্ত যেসব উদাহরণ দেখা যাচ্ছে, তাতে প্রযুক্তি ও ডিজিটাল অবকাঠামোর নিয়ন্ত্রণ যাদের হাতে, শেষ পর্যন্ত ক্ষমতা ও সম্পদও তাদের দিকেই কেন্দ্রীভূত হওয়ার ঝুঁকি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে প্রস্তুত রাখা হয়েছে ১৩১১টি আশ্রয়কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৫ এম


সুনামগঞ্জে প্রস্তুত রাখা হয়েছে ১৩১১টি আশ্রয়কেন্দ্র

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে টানা বৃষ্টিপাতের প্রভাবে। তবে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার প্রধান নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদু হক বলেন, উজানের ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী কয়েক দিন নদ-নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

জেলা প্রশাসক মিনহাজুর রহমান জানান, জেলার নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ১১টি উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে। এছাড়াও, পর্যাপ্ত ত্রাণ মজুত, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, নৌযান এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যার পানি আবারও বৃদ্ধি, উৎকণ্ঠিত হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


বান্দরবানে বন্যার পানি আবারও বৃদ্ধি, উৎকণ্ঠিত হাজারো মানুষ

বান্দরবানে নানা স্থানে আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ভারী বষর্ণে বান্দরবানের এবং সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় জেলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। জেলা শহরের ইসলাম পুর, আর্মিপাড়া, শেরে বাংলা নগর, ব্রীগেড এলাকা, বালাঘাটার আম বাগান, ক্যাচিংঘাটা, হাফেজঘোনা এবং অন্যান্য নিম্নাঞ্চলসহ নদী তীরবর্তী বেশকিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছেন।

শুক্রবার (১১ জুলাই) রাতভর বৃষ্টিপাত হওয়ায় নিম্নাঞ্চল আবারও পানির নিচে তলিয়ে যায়।

এদিকে, পাহাড় ধসে রুমা, রোয়াংছড়ি এবং বান্দরবান-রাঙামাটি সড়কের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যানবাহনের নিষেধাজ্ঞা থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগ ভোগ করছেন।

এ ছাড়া, এখনও বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটছে। তবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জেলা মোট ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং প্রায় ৫ হাজারেরও বেশি বন্যাকবলিত মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। বান্দরবান সদর জোনের সেনাবাহিনী ফলো একাধিক বন্যাকবলিত ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং খাদ্য সামগ্রী বিতরণ করছে।

বান্দরবান পৌরসভার পক্ষ থেকে আশ্রয় নেওয়া বাসিন্দাদের শুকনা খাবারের সঙ্গে রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মশার কয়েলও প্রদান করা হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে। ভ্রাম্যমাণ গাড়িতে পুকুর থেকে পানি তুলে সেই পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে জনসাধারণের মধ্যে বিতরণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণাঞ্চলে কমবে বৃষ্টি, উত্তরাঞ্চলে বাড়ার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৩০ এম


দক্ষিণাঞ্চলে কমবে বৃষ্টি, উত্তরাঞ্চলে বাড়ার পূর্বাভাস

গত কয়েকদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ভারি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু আজ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১১ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ এই তথ্য জানিয়েছেন। তিনি মন্তব্য করেন, ‘আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ অঞ্চলে বৃষ্টি কমে আসবে। তবে উত্তরবঙ্গে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলে ভারি বৃষ্টির ব্যাপারে আশঙ্কা বেশি।’

সন্ধ্যা পর্যন্ত সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, ‘সমুদ্রে মাছ ধরার টলারসহ অন্যান্য যানের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।’

অন্যদিকে, সাগরে সৃষ্ট লঘুচাপ দুর্বল হয়ে গেছে। তবে বায়ুর কারণে সারাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটের জাফলংয়ে ১৫৬ মিলিমিটার। আজ সকাল ৯টা পর্যন্ত সাঙ্গু, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%