০৯:২২ এম
যুবদল অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ মিছিলের কর্মসূচি পালন করবে। মঙ্গলবার (২৩ জুন) জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় এই কর্মসূচি পালন করবে সংগঠনটির নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার যুবদলের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংগঠনিক ইউনিটকে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিলে অংশ নেয়ার আহ্বান জানান। জানতে চাইলে, যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল জানিয়েছেন, ‘বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল দেশের পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব এবং সংবেদনশীল ধর্মীয় ইস্যুকে ব্যবহার করে সমাজে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করতে চায়। শুধু তাই নয়, আমাদের দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অত্যন্ত নিকৃষ্ট ও শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।’ তিনি আরো বলেন, “রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই- যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি এবং এবারও এই অপপ্রচারের ‘দাঁতভাঙা’ জবাব দেয়া হবে।” সোহেল উল্লেখ করেন, যদি কোনো রাজনৈতিক দল বা মহল আন্দোলনের নামে দেশে নাশকতা, সহিংসতা কিংবা কৃত্রিম অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে যুবদলের কোটি কর্মী সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে যুবদল রাজপথে পাহারাদারের ভূমিকা পালন করবে। দলের সব স্তরের নেতাকর্মীকে শান্ত ও সুশৃঙ্খল থেকে রাজপথে এই কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন