ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বর্ষার প্রভাবে ঢাকায় বায়ুমানের উন্নতি, দূষণে এগিয়ে জাকার্তা


বর্ষার প্রভাবে ঢাকায় বায়ুমানের উন্নতি, দূষণে এগিয়ে জাকার্তা

বর্ষা মৌসুমের বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বাতাসে কিছুটা স্বস্তির উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। যদিও বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে, তবে বর্ষা মৌসুমের কারণে ঢাকার বাতাসের মানে ইতিবাচক একটি পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। দীর্ঘকাল ধরে বিশ্বের দূষিত শহরগুলোর শীর্ষ অবস্থানে থাকা ঢাকা বর্তমানে ৩২তম অবস্থানে নেমে এসেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শহরটির বায়ুমান এখন মধ্যম পর্যায়ে অবস্থান করছে।

শনিবার (২৭ জুন) সকালে সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর লাইভ সূচকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৬৭। এ স্কোরের ভিত্তিতে শহরটির বাতাস ‘মাঝারি’ বা সহনীয় পর্যায়ে অবস্থান করছে। একই তালিকায় ১৭৩ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত হয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোরের স্কোর, যা ১৬৬। এসব শহরের বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে।

এদিকে, ভারতের দিল্লি, দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা, চীনের উহান, ইসরায়েলের তেল আবিব, চিলির সান্তিয়াগো এবং ইরাকের বাগদাদও একইভাবে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে, যা সংবেদনশীল জনগণের জন্য ক্ষতিকর।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। যদি স্কোর ৩০১ বা তার বেশি হয়, তবে বাতাসকে ঝুঁকিপূর্ণ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।

ঢাকা দীর্ঘকাল ধরে বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর মধ্যে স্থান করে রেখেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বায়ুদূষণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে বর্ষার বৃষ্টির কারণে বাতাসে জমে থাকা ধুলাবালু ও দূষণের মাত্রা কমে যাওয়ায় এ সময় বায়ুমানের কিছুটা উন্নতি ঘটতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগানের আবাস রাজপরিবারের সরকারি বাসভবনে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


যুক্তরাজ্য সফরে হ্যারি-মেগানের আবাস রাজপরিবারের সরকারি বাসভবনে

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল চার বছর পর আবারও যুক্তরাজ্যে সফরে যাচ্ছেন। আগামী মাসে তারা দুই সন্তানকে সাথে নিয়ে যুক্তরাজ্য সফর করবেন।

এই সফরটি তাদের জন্য একটি বিশেষ ঘটনা হবে, কারণ তারা প্রথমবারের মতো রাজপরিবারের একটি সরকারি বাসভবনে থাকার সুযোগ পাচ্ছেন। তাই রাজপরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে, এমন আলোচনা আরও নতুন রূপ পেয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, হ্যারি ও মেগানের দুই সন্তানও সঙ্গে থাকবে, যারা হলেন সাত বছর বয়সী প্রিন্স আর্চি ও পাঁচ বছর বয়সী প্রিন্সেস লিলিবেট।

২০২২ সালের পর এই সফর হবে তাদের প্রথম পারিবারিক যুক্তরাজ্য সফর। ওই বছর তারা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্লাটিনাম জুবিলির অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগেই হ্যারি ও মেগানকে রাজপ্রাসাদের এস্টেটের একটি অফিসিয়াল বাসভবনে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা এত দিন ওই প্রস্তাব গ্রহণ করেননি। এবারই প্রথম তারা সেই আমন্ত্রণ মেনে নিয়েছেন। সফরের সময় তারা কিছুদিন রাজপরিবারের সরকারি বাসভবনে অবস্থান করবেন, বাকী সময় তারা একটি ব্যক্তিগত বাসভবনে কাটাবেন।

২০২০ সালে প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তারা যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল রাজপরিবারের বাইরে স্বাধীনভাবে জীবনযাপন করা। এই সিদ্ধান্তের পরে রাজপরিবারের সাথে তাদের সম্পর্কের অবনতি হয়েছে। পরে বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার এবং হ্যারির আত্মজীবনীতে এই দম্পতি অভিযোগ করেন, ব্রিটিশ ট্যাবলয়েড গণমাধ্যমের অতিরিক্ত হস্তক্ষেপ, পরিবারের ভেতরের জটিল সম্পর্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বর্ণবাদের অভিজ্ঞতা তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

রাজপরিবার থেকে সরে দাঁড়ানোর পর, হ্যারি যদিও কয়েকবার যুক্তরাজ্যে গেছেন, তবে পুরো পরিবারকে নিয়ে সফর করেননি। ২০২২ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে তিনি ও মেগান একসাথে উপস্থিত ছিলেন। এরপর ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের অভিষিক্ত অনুষ্ঠানে তিনি একাই উপস্থিত হন। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ১৯ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন হ্যারি। তখন তারা ক্ল্যারেন্স হাউসে একসাথে চা পান করেছিলেন। সে সময় রাজা চার্লস ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। ওই বৈঠকের পর অনেকেই ধারণা করেছিলেন, বাবা-ছেলের দীর্ঘদিনের দূরত্ব কমতে শুরু করেছে। তবে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়ামের সম্পর্কে পরিস্থিতি এখনও আগে মতো স্বাভাবিক হয়নি। সবশেষ জানুয়ারিতে, হ্যারি একটি মামলার শুনানিতে অংশ নিতে লন্ডনে যান। তিনি এবং একাধিক ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল'-এর প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ ছিল, অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ফোনে আড়ি পাতা হয়েছে।

রাজপরিবারের দায়িত্ব ছাড়ার পর যুক্তরাজ্য সরকার করদাতাদের অর্থে হ্যারির জন্য নিরাপত্তা সুবিধা তুলে নিয়েছে। গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে, হ্যারি বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার মতো পরিবেশ তিনি দেখছেন না। আগামী সফরে হ্যারি ও তার পরিবারের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তারা যখন রাজপরিবারের সরকারি বাসভবনে থাকবেন, তখন সেখানে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকবেন।

এই জুলাইয়ের সফরে হ্যারি ২০২৭ সালের ইনভিকটাস গেমসের সাথে সংশ্লিষ্ট একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী বছর ইংল্যান্ডের বার্মিংহামে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। হারির এই উদ্যোগটি দায়িত্ব পালন করতে গিয়ে আহত ও অসুস্থ হয়ে পড়া সামরিক সদস্যদের জন্য এক দশকেরও বেশি আগে চালু করা হয়। এ ছাড়াও, ইংল্যান্ডের মিডল্যান্ডস অঞ্চলে তার সমর্থিত বেশ কিছু সামাজিক উদ্যোগের কর্মসূচিতেও অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। সফর শুরু হবে লন্ডনে ইনভিকটাস গেমসের সাথে সংশ্লিষ্ট অনুষ্ঠানের মাধ্যমে। সে অনুষ্ঠানে মেগানও তাঁর সঙ্গে থাকবেন। তবে ধারণা করা হচ্ছে, তাদের দুই সন্তান কোনো প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেবে না। পরিবারের ব্যক্তিগত সফরসূচি এখনো প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএমপির সাঁড়াশি অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্তসহ আটক ১৬

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


বিএমপির সাঁড়াশি অভিযানে মাদক উদ্ধার, পরোয়ানাভুক্তসহ আটক ১৬

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক উদ্ধার ও গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনা হয়। অভিযানের ফলাফলে—

মাদক উদ্ধার ও গ্রেপ্তার ৫০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা তামিল বিভিন্ন মামলার ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মহানগর পুলিশ অধ্যাদেশে গ্রেপ্তার ৫ জনকে আটক করা হয়।


সব মিলিয়ে অভিযানে মোট ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএমপি আরও জানায়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘বিছাসশিইউ’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম,ভৈরব কিশোরগঞ্জ

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:০৫ এম


বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘বিছাসশিইউ’-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, শিমুলকান্দি ইউনিয়ন (বিছাসশিইউ)-এর ২০২৬–২০২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সদস্য তোফায়েল হোসেন সরকার।

সভায় উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য তারাসংকর রুবেল, সোহেল সরকার, সাবেক সভাপতি রাকিব হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আসাদুজ্জামান রুমান, মামুন আহমেদ, মনিরুজ্জামান মুন্না, অ্যাডভোকেট মোক্তার হোসেন, বাবুল মিয়া, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আল-আমিনসহ সংগঠনের সাধারণ সদস্যরা।

বক্তারা বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হেল্পডেস্ক পরিচালনা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সজিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোজাম্মেল ইমাম অনুপম।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি তারেক বিন ফয়েজ, সহ-সভাপতি সাইফুল ইসলাম বাবু ও শাওন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সিয়াম, সাইফুল ইসলাম ও আনামিকা ইসলাম অনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, অর্থ সম্পাদক ইমন হোসেন রুববেল, সহ-অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, দপ্তর সম্পাদক জোবায়ের মিয়া, সহ-দপ্তর সম্পাদক বরকত উল্লাহ, প্রচার সম্পাদক নাঈমুর রহমান, সহ-প্রচার সম্পাদক নিশাত সরকার, ছাত্রীবিষয়ক সম্পাদক আরমিন আক্তার, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক মিম আক্তার, আইনবিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম রাতুল, সাহিত্য সম্পাদক চাঁদনী আক্তার, সহ-সাহিত্য সম্পাদক আদ্রিতা জাহান পুষ্প, সাংস্কৃতিক সম্পাদক শেখ হাফিজুর রহমান সৌরভ, সহ-সাংস্কৃতিক সম্পাদক রিয়ান মিয়া, ক্রীড়া সম্পাদক মারুফ মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক সিদরাতুল কবির নাঈম, সমাজকল্যাণ সম্পাদক রাজন মিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তরিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য হিসেবে রাকিব মিয়া, আবিদ ইসলাম, ঈসান মিয়া, জিসান মিয়া ও আতিকুল ইসলাম শুভ দায়িত্ব পেয়েছেন।

নবনির্বাচিত কমিটির নেতারা শিক্ষার্থীদের ঐক্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করার পাশাপাশি শিমুলকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এক যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১১:০৯ এম


মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত এক যুবক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী সমসার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে নজির হোসেন আখঞ্জি (৩০) নামের এক যুবক মারা গেছে। শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত্যুবরণ করা নজির হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মৃত আব্দুস সালাম আখঞ্জির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে গ্রামের পার্শ্ববর্তী সমসার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আকস্মিকভাবে নিহত হন নজির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%