মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
০২:১৪ এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেছেন শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন। শনিবার সকালে তিনি পরিদর্শনে আসেন।
পরিদর্শনের অংশ হিসেবে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মকর্তা-কর্মচারীদের হাজিরা রেজিষ্টার ও বায়োমেট্রিক এটেনডেন্সসহ অফিসিয়াল যাবতীয় বিষয়াবলী পর্যবেক্ষণ করেন। যেখানে মানোন্নয়ন করা জরুরি সেখানে প্রয়োজনীয় দিক নির্দেনা প্রদান করেন তিনি।
পরে হাসপাতালের জরুরি বিভাগ, অন্ত:বিভাগ, বহির্বিভাগ, এনসিডি কর্নার, ইসিজি কর্নার, ডেন্টাল কর্ণার, আইএমসিআই কর্ণার, কৈশোরবান্ধব কর্ণার (এডুলেসন কর্ণার), লেবার ওয়ার্ড, ডায়রিয়া ওয়ার্ডসহ সেবাদানকারী জরুরি কর্নার সমূহ পরিদর্শন করেন তিনি। তিনি অন্ত:বিভাগের পুরুষ ওয়ার্ড ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তিকৃত রোগীদের সাথে কথা বলেন ও তাদের চিকিৎসাসহ সার্বিক খোঁজ খবর নেন।
এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার চলমান কর্মকান্ড তদারকি করেন এবং যেসকল জায়গা আবশ্যক ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি এমন সম্ভাব্য জায়গা সম্পর্কে উপস্থিতিদের অবহিত করেন। তাছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশ যথাসময়ে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিচ্ছন্নতা কর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।
সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ও এর আশপাশ স্বাস্থ্য বান্ধন হিসেবে গড়ে তুলতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন মান্যবর সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও প্রধান সহকারীসহ অনেকে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার সানা বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। সরকারের দাবি, ইরান থেকে আসা একটি বিমানও যেন সেখানে অবতরণ করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হুথি বিদ্রোহীদের প্রতিক্রিয়ায় সৌদি আরবের দিকে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ঘটনার পর পুরো অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করে অবৈধভাবে ইরানি বিমান অবতরণের চেষ্টা করছিল। এর আগে তারা সরকারের নিজস্ব বিমানকে অবতরণে বাধা দিয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে সরকার বিমানবন্দরের রানওয়ে লক্ষ্য করে হামলা চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক লোকজন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এলাকা ত্যাগের নির্দেশ দেয়।
যদিও পরবর্তীতে হুথি দাবি করেছে, তাদের প্রতিনিধিদল ও চিকিৎসাধীন নাগরিকদের বহনকারী ইরানি বিমানটি সফলভাবে হোদেইদাহ বন্দরে অবতরণ করেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে একে আন্তর্জাতিক আইন ও ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।
অন্যদিকে, হুথির সামরিক মুখপাত্র সতর্ক করে বলেছেন, এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে। এর পরপরই হুথি সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দেয়। সৌদি নেতৃত্বাধীন জোটও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কথা জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থাৎ এসিল্যান্ড অফিসে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গত ১১জুলাই শনিবার দিবাগত রাতের কোনো একসময়ে এই চুরির ঘটনাটি ঘটে। চোর কিংবা চোরেরা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শারমিনের অফিস কক্ষ থেকে 'ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প'-এর একটি সরকারি ল্যাপটপ নিয়ে গেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা সরাসরি জড়িত থাকার সন্দেহে ওই অফিসের নাইট গার্ড (নিরাপত্তা প্রহরী) মো. জাকির হোসেন (৩০)কে সোমবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে যথারীতি অফিসে নিরাপত্তার দায়িত্বে ছিলেন মো. জাকির হোসেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, অফিসের দরজা-জানালা বা আসবাবপত্রের কোনো রকম ক্ষয়ক্ষতি কিংবা ভাঙচুর ছাড়াই চোর ভেতরে প্রবেশ করে ল্যাপটপটি নিয়ে যায়। কোনো প্রকার জোরপূর্বক প্রবেশের আলামত না থাকায় ঘটনাটিকে অত্যন্ত রহস্যজনক বলে মনে করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনকালে চরম অবহেলার কারণে এই চুরি হয়েছে, অথবা এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে।
এদিকে চুরির ঘটনার পর থেকেই স্থানীয়ভাবে নানা গুঞ্জন তৈরি হয়েছে। নিরাপত্তা প্রহরী জাকির হোসেন বেসরকারি প্রতিষ্ঠান 'কৃষ্ণা সিকিউরিটি এজেন্সি'-র মাধ্যমে কুলিয়ারচর এসিল্যান্ড কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের অফিস সহকারী মো. রুবেল মিয়ার ভাই হওয়ার কারণে জাকির বেশ প্রভাবশালী। আর এই পারিবারিক খুঁটির জোরেই সে পার পেয়ে যেতে পারে বলেও অনেকে আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসিল্যান্ড অফিসে ল্যাপটপ চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই অফিসের নিরাপত্তা প্রহরী মো. জাকির হোসেনকে থানায় আনা হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং সরকারি ল্যাপটপটি উদ্ধারে পুলিশি তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
এবিষয়ে জানতে বাবলী শবনমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক এবং দীর্ঘপাল্লার দৌড়বিদ মোহাম্মদ রাজন মিয়ার আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণের স্বপ্ন পূরণে সরকার পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক রাজন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তিনি চাইছেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রয়োজনীয় সব ব্যয় তারা বহন করবেন বলে নিশ্চিত করেছেন। এই বিষয়ে সময় নিউজকে নিশ্চিত করেছেন রাজ মিয়া।
পেশায় তিনি শিক্ষক হলেও ক্রীড়াপ্রেমীদের কাছে মোহাম্মদ রাজন মিয়া এক অনুপ্রেরণার নাম। তিনি সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। এছাড়াও, তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায় উদ্বুদ্ধ করে আসছেন খাগড়াছড়ি সরকারি কলেজের এই সহকারী অধ্যাপক।
সম্প্রতি তিনি ১৬১ কিলোমিটার ও ২১৪ কিলোমিটার দীর্ঘপাল্লার দৌড় সম্পন্ন করেছে, যা তাকে আলোচনায় নিয়ে এসেছে। এখন তার স্বপ্ন হলো আন্তর্জাতিক মানের ট্রায়াথলন প্রতিযোগিতা আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণ করা।
আইরনম্যান প্রতিযোগিতায় একজন অ্যাথলেটকে নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার ম্যারাথন দৌড় সম্পন্ন করতে হয়। সেই লক্ষ্য সামনে রেখে ২০২৩ সাল থেকে রাজন মিয়া কোচের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করছে।
তবে ব্যয়বহুল এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের পথে সর্বাধিক বাধা হলো আর্থিক সংকট। সম্প্রতি এই বিষয়ে প্রথম সময় নিউজে একটি প্রতিবেদন প্রচারিত হলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। পরে আরও বিভিন্ন গণমাধ্যমও রাজন মিয়ার সংগ্রামের গল্প তুলে ধরে।
এমন প্রেক্ষাপটে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে এই বিষয়টি দেখার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে রাজন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিশ্চিত করেছেন যে আইরনম্যান লাংকাউই মালয়েশিয়া ২০২৭-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সব খরচ সরকারিভাবে বহন করবে।
এ বিষয়ে রাজন মিয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, তিনি কখনও ভাবেননি যে শত ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী তার প্রতিবেদনটি দেখবেন এবং এ ব্যাপারে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি জানিয়েছেন, প্রতিমন্ত্রী তাকে আন্তরিকভাবে আশ্বস্ত করেছেন যে আইরনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণের সব ব্যয় সরকার বহন করবে। এ ছাড়াও, রাজন মিয়া মন্তব্য করেন, প্রতিমন্ত্রী একজন সাবেক সফল ফুটবলার হওয়ায় একজন ক্রীড়াবিদের সংগ্রাম সহজেই বুঝতে পেরেছেন।
রাজন মিয়া বলেন, সারাদিন ক্লাস নেওয়া, পরীক্ষা এবং খাতা মূল্যায়নের কাজের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে স্পন্সরের জন্য ঘুরে বেড়ানো একজন শিক্ষকের জন্য এটি বিব্রতকর। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এমন ব্যয়বহুল খেলাধুলা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন।
তিনি আরও জানান, দেশের চার কোটি শিক্ষার্থী যেন তাকে দেখে শুধু একজন শিক্ষক নয়, বরং একজন আইরনম্যান, একজন অ্যাথলেট, সুস্থতা ও খেলাধুলার প্রতীক হিসেবে অনুপ্রাণিত হয়। একই সঙ্গে দেশের মানুষ বিশ্বাস করতে পারে, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যে কোনো বয়সে যে কেউ খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে পারে।
সবশেষে রাজন মিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলছেন, তার ওপর অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উঁচুতে তুলে ধরাই এখন তার একমাত্র লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ