০৩:৩৩ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াত-শিবিরের ‘সাইবার আক্রমণ এবং রাজনৈতিক অপপ্রচার’ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ ছড়ানোর এবং সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন।
রাশেদ খাঁন ওই পোস্টে দাবি করেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর এই গোষ্ঠীটি ছদ্মবেশী আবরণ থেকে বেরিয়ে এসেছে। সচেতন মানুষের কাছে তাদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে এবং তাদের আমির থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত প্রায় সবাই একই চরিত্রের অধিকারী।
তিনি আরও বলেন, তারা যুক্তি বা তথ্য দিয়ে জবাব না দিয়ে সম্মিলিত সাইবার অ্যাটাকের মাধ্যমে ভিন্নমতকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। নিজের লড়াইয়ের কথা উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, তিনি একের পর এক জামায়াত-শিবিরের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছেন। তখন তাদের টপ টু বটম নেতাকর্মী তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য থেকেই বোঝা যায় যে তার কর্মকাণ্ডে দলটির মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায়
রাশেদ খাঁন তার পোস্টে অভিযোগ করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াত এমপি গাজী নজরুল ও আরেক এমপি আমির হামজার নানা অনৈতিক কাণ্ড প্রকাশের কারণে জামায়াত নেতাদের মুখোশ মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এ কারণেই তারা এখন পাগলের মতো উন্মাদ হয়ে তার বিরুদ্ধে নেমেছে।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়ে তিনি আরও মন্তব্য করেন, এই দলের কোনো ভালো বন্ধু নেই এবং সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশে না। তারা নিজেদের গোষ্ঠীর লোকজনকে নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন জীবনযাপন করে। বিরোধী দল হওয়ার পর থেকে তারা যে 'জাহেলিয়াতি' শুরু করেছে, তাতে একসময় সাধারণ মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না বলে তিনি মনে করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন